রবির আলোয় কবিগুরুকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই কথাটি মনে রেখো’ জীর্ণ পাতা ঝরার বেলায় গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষে গানটি গীত হচ্ছে বাংলার আকাশে-বাতাসে, রবি কবিকে স্মরণ করা হচ্ছে বর্ণিল আয়োজনে। শিল্পী প্রবীর দাশ যখন ডিসি হিলের শিরীষ-শিমুলতলায় গানটি গাইছিলেন, তখন রবির কিরণ বিদায় নিয়েছে, আকাশে হাসছে আধখানি চাঁদ। রবির স্মরণে যেন চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। সম্মিলিত পঁচিশে বৈশাখ উদ্যাপন পরিষদের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন ছিল সুর-ছন্দের আনন্দে ভরা।চন্দ্রশেখর দত্ত গাইলেন গীতাঞ্জলির প্রথম গীতিকবিতা ‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে...।’ এরপর শ্রেয়সী রায়, শান্তা গুহের গান আর বিভিন্ন সংগঠনের নাচ ও আবৃত্তি অনুষ্ঠানকে রবির আলোয় আলোকিত করে।‘হে নূতন, দেখা দিক আর-বার’, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ’সহ বেশ কিছু রবীন্দ্রসংগীত গেয়ে সন্ধ্যাটাকে সুরময় করে তোলেন রক্তকরবীর শিল্পীরা। শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেকে কর জয়’ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভূঁইয়া ইকবাল ও লেখিকা ফেরদৌস আরা আলীম। প্রধান অতিথি বলেন, ‘শান্তি, প্রেম, বিরহ, ভয়, মৃত্যু—এমন কোনো অবস্থান নেই যেখানে রবীন্দ্রনাথ নেই। রবিরশ্মি যেখানে আছে সেখানে অন্ধকার ঘুচে যায়, নিজের প্রয়োজনেই রবীন্দ্রনাথ পড়ি।’ ফয়েজ আহাম্মেদ বলেন, ‘রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি মনমরা মানুষকেও উজ্জীবিত করতে পারেন। তাই জীবনের প্রয়োজনেই বারবার ফিরে যাই রবীন্দ্রনাথে।’ আলোচনা শেষে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত গান, নাচ, আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মঞ্চে আসেন আবৃত্তিকার রাশেদ হাসান। তিনি ‘আফ্রিকা’ কবিতাটি পড়ে শোনান। এরপর প্রদীপ নিয়ে ‘একি আনন্দ পূর্ণ...’ গানের সঙ্গে নেচে দর্শক মাতিয়ে যায় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। রবীন্দ্রসংগীত শিল্পী আইরিন সাহা শোনান ‘না চাহিলে যারে পাওয়া যায়’, ‘ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখ।’ ফারুক তাহের আবৃত্তি করেন ‘অনন্ত প্রেম’ কবিতাটি। অনুষ্ঠান দেখতে আসা দক্ষিণ খুলশির মনসুরা মালেক বলেন, ‘রবীন্দ্রনাথের কবিতা, গান আমাকে সবসময় টানে। যখন শুনি তখনই কেমন যেন হয়ে যাই, নিজের সব অনুভূতি যেন প্রাণ ফিরে পায়। তাই ১৫০তম জন্মবার্ষিকীর উৎসবে ছুটে এসেছি।’এ ছাড়াও শিল্পকলার আর্ট গ্যালারিতে ৫ মে থেকে তিন দিনের ছায়ানট ঢাকা, বাংলা বর্ষবিদায় ও বরণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে রবীন্দ্র চিত্রকলা প্রদর্শনী হয়।