রবির আলোয় বঞ্চিত শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিশুরা। কিছুক্ষণ পর তাদের হাতে তুলে দেওয়া হলো বর্ণমালার বই। আর যেন তর সইছিল না। রাস্তায় দাঁড়িয়েই নতুন বইয়ের পাতা ওল্টাতে শুরু করে কয়েকজন। বইয়ের রঙিন ছবিগুলোর ওপর হাত বুলাচ্ছিল কেউ কেউ। এক অন্য রকম আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে শিশুদের মুখ। বই পেয়ে সবাই গিয়ে বসল শ্রেণীকক্ষে। ছোট একটি কক্ষে চার সারিতে সুশৃঙ্খলভাবে বসেছে সবাই। ‘অ’তে অজগর, ‘আ’তে আনারস... শুরু হলো সুর করে পড়া। গত মঙ্গলবার সকালে রবির আলো বিদ্যালয়ের অনানুষ্ঠানিক যাত্রা শুরু হয় এভাবেই। আগে কখনো স্কুলে গেছো? ছোট্ট ফাতেমাকে (৬) এই প্রশ্ন করতেই সে বলে, ‘আগে কখনো ইস্কুলে যাই নাই। এখন এখানে পড়ব। এই ইস্কুল খুব ভালো।’ পশ্চিম বাকলিয়ার শামসুল আলম কলোনিতে থাকে ফাতেমা। বাবা মানসিক ভারসাম্যহীন, মা মানুষের বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। ফাতেমার মতো অতিদরিদ্র পরিবার থেকে আসা ২২ জন শিশুকে নিয়ে শুরু হয়েছে এই বিদ্যালয়ের কার্যক্রম।বিদ্যালয় শুরুর আগে উদ্যোক্তারা শিশুদের বাছাইয়ের কাজ করেছেন বস্তিতে ঘুরে ঘুরে। এ জন্য শিশুদের ছবি ও তথ্য সংগ্রহ করা হয়। সংগতি না থাকলেও এসব পরিবারের অভিভাবকেরা শিশুদের বিদ্যালয়ে পাঠাতে ভীষণ আগ্রহী ছিলেন। তাই কারও কাছ থেকেই বাধা আসেনি এ কাজে। জানালেন বিদ্যালয়ের উদ্যোক্তাদের একজন মো. সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম বলেন, ‘এক পরিবার থেকে একটি শিশুকে এই বিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু অনেক পরিবারে একাধিক শিশু বিদ্যালয়ে যায় না। দেখা গেছে, বড় ভাইয়ের তথ্য ও ছবি নিয়ে আমরা ফিরে আসছি, এমন সময় ছোট ভাইটিও কান্না জুড়ে দিয়েছে। বাধ্য হয়ে তাকেও আমরা স্কুলে নিয়েছি।’নগরের পশ্চিম বাকলিয়া নুর মিয়া বাপের বাড়ি সড়কের শেষ প্রান্তে একটি টিনের ঘর। এই বাড়িতে থাকেন হাজী মুহম্মদ মহসিন কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র এস এম আরমান খান। তাঁর বসার ঘরের আসবাব সরিয়ে তৈরি করা হয়েছে শ্রেণীকক্ষ। এখানেই চলছে রবির আলো স্কুল। আপাতত মাটিতে বসেই চলছে পাঠদান। মূলত বাকলিয়া এলাকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণের স্বপ্নের ফসল এই বিদ্যালয়। গত এক বছর ভেতরে ভেতরে চলেছে এর প্রস্তুতি। উদ্যোক্তাদের একজন এস এম আরমান খান বলেন, ‘আমরা তো লেখাপড়া করার সুযোগ পেয়েছি। শিক্ষাজীবন শেষে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হব। কিন্তু এসব শিশু শিক্ষার সুযোগবঞ্চিত থেকে যাবে, এটা মানতে পারছিলাম না। এই শিশুদের মধ্যে এমনও কয়েকজন আছে যাদের পরিবারের কেউ কখনো স্কুলে যায়নি।’ তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের বসার জন্য কয়েকটি বেঞ্চ দরকার। লাগবে বইও। আর সবাইকে একটা করে পোশাক দিতে চাই। যদি কেউ এগিয়ে আসেন তবে শিশুরা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পাবে।’ আরমানদের স্বপ্নের সাথি হয়ে যদি কেউ এগিয়ে আসেন, তবেই স্বপ্নবাজ এই শিশুদের অমলিন স্বপ্ন সফল করার যাত্রা শুরু হতে পারে।বিদ্যালয়ে আসা শিশুদের চোখে এখন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। তাদের কাছে জানতে চাই, ভবিষ্যতে কী হতে চাও? বিচিত্র তাদের ভবিষ্যতের স্বপ্ন। সাগর হতে চায় পুলিশ। ফাতেমা, রুবিনা, শাহীন ও আজিজুল বড় হয়ে শিক্ষক হতে চায়। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে সালমা, রাশিদা, রুমা ও আমেনারা। নুর আলম চেয়ারম্যান হতে চায় আর হায়দার হক হতে চায় মৌলভি।ব্যতিক্রম একজন জাকির হোসেন। সে বলল, ‘কিছুই হতে চাই না।’ হঠাৎ মনে হলো, অমলকান্তির রোদ্দুর হতে চাওয়ার গল্পটা কি জাকিরের জানা?