রবির আলোয় বাজল দ্রোহের বীণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথামালা, গান ও কবিতার মধ্য দিয়ে চট্টগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন বাংলাদেশ ও ভারতের নন্দিত শিল্পীরা। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় ‘রবির আলো, দ্রোহের বীণা’ শীর্ষক এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে বাচিক শিল্পচর্চাকেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’।অনুষ্ঠানের শুরুতে ‘অঞ্জলি লহো মোর’ গানটি গেয়ে শোনান শাওন সরকার। এরপর মো. মুজাহিদুল ইসলাম পাঠ করেন ‘হঠাৎ-দেখা’ কবিতা।বাংলাদেশের রবিশঙ্কর মৈত্রর আবৃত্তি এবং কলকাতার নন্দিত সংগীতশিল্পী মিতুল দত্তের গান মুগ্ধ করে দর্শককে। অনুষ্ঠানে নজরুল ও রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি ও গান গেয়ে শোনান শ্রাবণী দাশগুপ্তা, শামীমা ইয়াসমীন, বৈশাখী নাথ, সুমি দাশ, শান্তা সাহা প্রমুখ। দর্শকের হূদয় ছুঁয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেখেছি রূপ সাগরে মনের মানুষ’, ‘তোমার খোলা হাওয়া’, ‘শুধু তোমার বাণী’ এবং নজরুলের ‘হিন্দু-মুসলমান’, ‘বর্ষাবিদায়’, ‘গানের আড়াল’, ‘অভিশাপ’ প্রভৃতি গান।দুই কবির জীবন ও সৃষ্টিকর্মের ওপর কথামালায় অংশ নেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত এবং অধ্যাপক রীতা দত্ত। এরপর তারুণ্যের উচ্ছ্বাস আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং আবৃত্তি কর্মশালার চতুর্থ আবর্তনে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, রীতা দত্ত, সাংবাদিক এম. নাসিরুল হক এবং আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজানুর রহমান। দৃষ্টি স্কুল অব ডিবেটের প্রশিক্ষণ শুরু দৃষ্টি আয়োজিত বিতর্ক প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর। ফুলকি মিলনায়তনে ‘রোটারি মিডসিটি-দৃষ্টি স্কুল অব ডিবেট’ নামের এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন দৃষ্টি ডিবেট ক্লাবের সভাপতি সাফিয়া গাজি রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর। তিন মাসব্যাপী এই সার্টিফিকেট কোর্স অব ডিবেটে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন দেশের সেরা বিতার্কিক, শিক্ষক, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম জাহাঙ্গীর বলেন, এই ধরনের প্রশিক্ষণ একজন শিক্ষার্থীকে বিতর্ক সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে সাহায্য করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল, সভাপতি কশসাফুল হক, সাধারণ সম্পাদক আদনান মান্নান ও সহ-সভাপতি বনকুসুম বড়ুয়া। উল্লেখ্য, নিয়মিত এই প্রশিক্ষণ কোর্সের ১১তম ব্যাচের কার্যক্রম চলছে এবার। বিজ্ঞপ্তি।