রবির জীবনের ধ্রুবতারা
গানের মধ্য দিয়ে প্রেমকে তিনি জীবন-মরণের সীমানা ছাড়িয়ে অমৃতলোকে প্রসারিত করেছেন। প্রেমের অফুরান সম্ভার ও ঐশ্বর্যে তাঁর গানের যে অতুলন সমৃদ্ধি এর উৎসে রয়েছেন এক অনন্যসাধারণ নারী—যাঁর অকালমৃত্যু কবির প্রেমের গানকে করেছে কালজয়ী-মৃত্যুঞ্জয়ী। সংগীত-প্রেরণার উৎসে যিনি ছিলেন কবিগুরুর সেই নতুন বৌঠান কাদম্বরী দেবীকে নিয়ে অনুষ্ঠিত হলো অন্য রকম এক সংগীতানুষ্ঠান ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা।’ রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মজয়ন্তী উপলক্ষে ১৩ মে সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। আয়োজক ছিল জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখা। অনুষ্ঠানে জীবনস্মৃতি থেকে পাঠ, নাচ ও গানে উঠে এসেছে কবি ও তাঁর বৌঠানের স্নেহ-ভালোবাসার এক অপূর্ব গাথা। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল গীতিআলেখ্য ও পরের পর্বে একক সংগীত। কবির জীবনে নতুন বৌঠানের প্রবেশ অর্থাৎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাদম্বরী দেবীর বিয়ে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ঘটনা কবির জীবনস্মৃতি থেকে পাঠ করে শোনান অনুপম সেন, কান্তা নন্দী ও দুলাল দাশগুপ্ত। কথার ফাঁকে চলে গান ও নাচ। প্রথমে ‘তোমাকেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’ গেয়ে সুরের ভুবনে স্বাগত জানান দেবদ্যুতি। এরপর বনানী ‘আমার প্রাণের পরে চলে গেল কে’, প্রদীপ দাশ ‘আমার নয়ন’, সুমা রায় ‘বনে এমন ফুল ফুটেছে’, শ্রেয়সী ‘যে ফুল ঝরে’ ও তন্বী ‘ওহে জীবন বল্লভ’ গানগুলো গেয়ে দর্শকদের মনে সুরের মুগ্ধতা ছড়ান । দলীয় পরিবেশনা ‘আয় তবে সহচরী’ ও ‘ঝম ঝম ঘন ঘন রে বরষে’ গানের সঙ্গে নাচ করেন প্রমা অবন্তীর দল। আবার জীবনস্মৃতি থেকে পাঠ। ‘বাংলা ১২৯১ সালের ৮ বৈশাখ কাদম্বরী দেবীর মৃত্যু হয়। এ মৃত্যু কবিকে এতটাই স্পর্শ করেছে যে তিনি সারাজীবন তাঁকে ভুলতে পারেননি। তিনি বেশির ভাগ রচনা কাদম্বরী দেবীকে উৎসর্গ করেছেন। পরবর্তীকালে যখনই তিনি মানসিকভাবে ভারাক্রান্ত ছিলেন তখনই তিনি নতুন বৌঠানের কাছে শান্তি প্রার্থনা করেছেন।’শ্যামলীর ‘চলিয়াছি গৃহপানে খেলাধুলা অবসান’ ও সুমার ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে’ গানের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্বে একক সংগীত পরিবেশন করেন মিহির নন্দী, অনিরুদ্ধ সেনগুপ্ত, প্রদীপ দাশ, সুমা রায় ও আজিজুর রহমান। অনিরুদ্ধ ‘তোমায় গান শোনাব’, প্রদীপ ‘মনে কি দ্বিধা’ ও মিহির নন্দী ‘তুমি যত ভার’ পরিবেশন করেন। সুমা ‘দিবস রজনী’, ‘তুমি কেমন করে’ ও ‘সার্থক জন্ম আমার’ গেয়ে শোনান। তুহিন ‘আনন্দধারা’ ও ‘কৃষ্ণকলি’ গেয়ে সবার মনে আনন্দের ফল্গুধারা বইয়ে দেন। সংগঠনের সাধারণ সম্পাদক ত্রিদিব চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথের সাহিত্যে কাদম্বরী দেবীর ভূমিকা অনেক। তিনি আড়ালে থেকে রবীন্দ্রনাথকে প্রেরণা দিয়েছেন। এটি অনেকেই জানেন না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন দিক নিয়ে তথ্যসমৃদ্ধ অনুষ্ঠান করব।’