রবির পেশাবিষয়ক ওয়েবসাইট
দিনবদলের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাপনেও এসেছে ব্যাপক পরিবর্তন। শুধু জীবনযাপনেরই পরির্বতন হয়েছে, এ কথা বলা যাবে না। একই সঙ্গে অন্য বিষয়গুলোতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। আগে পড়াশোনা শেষ করে চাকরিপ্রার্থীদের হাতে লেখা জীবনবৃত্তান্ত নিয়ে অফিসে অফিসে ছোটাছুটি করতে হতো। প্রযুক্তির কারণে সেই দিনগুলো এখন বইয়ের পাতায় গল্পে স্থান পেয়েছে। প্রযুক্তির কল্যাণে বর্তমানে চাকরিপ্রার্থীরা ঘরে বসেই নিজের পছন্দমতো চাকরির জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ইন্টারনেটের মাধ্যমে যোগ্যতা অনুযায়ী চাকরির আবেদনের সুযোগ তৈরি করা হয়েছে। মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান কোম্পানি রবি চাকরিপ্রার্থীদের জন্য সেই সুবিধাটি নিয়ে এসেছে। চাকরিপ্রার্থীদের বিভিন্ন সুবিধা নিয়ে চালু হলো তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট www.robi.com.bd/career। গত ১০ অক্টোবর পেশা ও চাকরি নিয়ে এই ওয়েবসাইটের উদ্বোধন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবির এই ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ওয়েবসাইট সম্পর্কে সমাগত ব্যক্তিদের অবহিত করা। কেক কেটে সাইটের উদ্বোধন করেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কোহেনার। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সাইটের লক্ষ্য থাকবে রবিতে চাকরির সুযোগ-সুবিধা সম্পর্কে চাকরিপ্রার্থীদের ধারাবাহিকভাবে প্রয়োজনীয় তথ্য প্রদান করা। চাকরি-সম্পর্কিত যাবতীয় তথ্য-উপাত্ত এবং ক্যারিয়ারবিষয়ক সব পরামর্শ এখানে নিয়মিত প্রদান করা হবে।অনুষ্ঠানে একটি ফোরাম আলোচনার আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চাকরিদাতা সংস্থার প্রধান ও রবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ফোরামের বিষয়বস্তু ছিল ‘বিল্ডিং ব্রিজ উইথ লোকাল ট্যালেন্ট হাবস অ্যান্ড অ্যাট্রাকটিং ট্যালেন্টেড বাংলাদেশি ওয়ার্কিং অ্যাবরোড’। ফোরামের সমন্বয়কারী রবির প্রধান মানবসম্পদ কর্মকতা এস এম ফরহাদ মাহবুবের এক প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিউশনের (আইবিএ) পরিচালক জি এম চৌধুরী বলেন, আইবিএ গ্লোবাল কানেকটিভিটি কর্মসূচির মাধ্যমে বিদেশে অবস্থানরত মেধাবীদের দেশে ফিরিয়ে এনে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে কর্মক্ষেত্র তৈরি করার ব্যাপারে কাজ করবে। তিনি আরও জানান, বিদেশে অবস্থানরত আইবিএ ও সাবেক মেধাবী শিক্ষার্থীরা দেশে ফিরে এসে কাজ করতে ইচ্ছুক। আর সে জন্যই আইবিএ গ্লোবাল কানেকটিভিটি প্রোগ্রাম তাঁদের ফিরেয়ে এনে করপোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনে সাহায্য করবে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবীরা বাইরে চলে যান কেন—এ প্রশ্নের উত্তরে বুয়েটের অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, দেশের ভেতরে আরও বেশি করে চাকরির সুযোগ তৈরি করার মাধ্যমেই সম্ভব তাঁদের ধরে রাখা। সে ক্ষেত্রে দেশের বড় প্রতিষ্ঠানগুলোকে বিশেষ ভূমিকা রাখতে হবে। মেধাবীরা তাঁদের যোগ্যতা অনুযায়ী কাজ পান না বলেই দেশে ফিরে আসতে চান না। দেশের মেধাবীদের জন্য চাকরিযোগ্য কর্মক্ষেত্র তৈরি করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী হওয়া উচিত মেধা প্রতিপালনের ক্ষেত্রে—এই প্রশ্নের উত্তরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর পরিচালক আবদুল হান্নান চৌধুরী বলেন, দেশে মেধাবী ছাত্র তৈরির ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যলয়গুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। করপোরেট প্রতিষ্ঠানগুলোতে অনেক গুরুত্বপূর্ণ পদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের চাহিদা ক্রমেই বাড়ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত অন্য এক প্রশ্নের উত্তরে ব্র্যাক বিজনেস স্কুলের পরিচালক সানাউল মোস্তফা বলেন, ‘বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিয়ত করপোরেট চাহিদা অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করে যাচ্ছে।’প্রথম আলো জবসের হেড অব অপারেশন শৈবাল কে. কানুনগো জানান, প্রথম আলো জবস শুরু থেকেই চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের অ্যান্ড-টু-অ্যান্ড সেবা প্রদানের চেষ্টা করে আসছে। বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও প্রথম আলো জবস সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং চাকরিপ্রার্থীদের সঠিক চাকরি খুঁজে দিতে প্রতিনিয়ত কাজ করছে। অনুষ্ঠানে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।