রবির স্মরণে গীতধ্বনির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটা ঠিক সাতটার ঘরে। আঁধার মঞ্চ। সুনসান নীরবতা চারদিকে। উৎসুক দর্শক। বেহালার করুণ সুরে সুরে সরে গেল মঞ্চের বিশাল কালো পর্দা। ধীরে ধীরে মঙ্গলপ্রদীপ হাতে মঞ্চে ঢুকলেন সাদা শাড়ি পরা একদল উজ্জ্বল তরুণী। আলোয় ভরে গেল মঞ্চ। নাচ শেষে মঙ্গলপ্রদীপ হাতে দর্শকের মাঝে মিলিয়ে গেল সাদা পরিরা। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী এবং গীতধ্বনি সংগীত অঙ্গনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গীতধ্বনি সংগীত অঙ্গন আয়োজন করে ‘এই তো আমার আলোকধ্বনি’ শীর্ষক অনুষ্ঠানের। শুরুতেই গীতধ্বনির শিল্পীদের পর পর দুটি সমবেত গান সুরের মায়ায় বন্দী করে দর্শকদের। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করে দর্শকদের বিমোহিত করেন প্রিয়দর্শিনী, পুণম পালিত, জগদীশ বড়ুয়া, চিত্রা বড়ুয়া, নন্দিতা বড়ুয়া, কামরুজ্জামান সোহাগ, রিনী ধর, সুলতানা পারভীন, বিভাস রুদ্র, সঞ্চিতা কর, শাহিনুর ইসলাম, শুভাশীষ চক্রবর্তী, সঞ্চিতা ভট্টাচার্য, বিপাশা ও মহিউদ্দিন। দ্বৈত সংগীত পরিবেশন করেন নন্দিতা বড়ুয়া ও চিত্রা বড়ুয়া। মিন্টু চৌধুরীর আবৃত্তি ভিন্নমাত্রা আনে। প্রমা অবন্তীর একক এবং তাঁর পরিচালনায় দলীয় নৃত্য ছিল আনন্দদায়ক। উপস্থাপনা করেন মিন্টু চৌধুরী ও চিত্রা বড়ুয়া। রবীন্দ্র ঘরানার এ অনুষ্ঠানে তাঁর ‘চোখের আলোয় দেখেছিলাম’, ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’, ‘তুমি কেমন করে গান কর হে গুণী’, ‘মনে রবে কি না রবে’, ‘মেঘ বলেছে যাব যাব’ গানগুলো মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শকদের। কিবোর্ডে ছিলেন সৃজন দাশ, তবলায় পলাশ দেব, বেহালায় শ্যামল দাশ এবং অকটোপ্যাডে নন্দন দাশ। সংগীত পরিচালনা করেন গীতধ্বনির সভাপতি কিরীটী রঞ্জন বড়ুয়া।