শ্রীমাই খালের উজানে স্থানীয় লোকজন বাঁধ দেওয়ার কারণে পটিয়ার নিচু এলাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে প্রায় এক হাজার একর রবিশস্য ও বোরো চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে পৌর এলাকা, ভাটিখাইন, ছনহরা ও হাইদগাঁও ইউনিয়ন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পটিয়ার পূর্ব দিকের পাহাড় থেকে নেমে আসা শ্রীমাই খালের পানি দিয়ে শুষ্ক মৌসুমে পৌর এলাকাসহ আশপাশের চার ইউনিয়নের প্রায় এক হাজার একর জমিতে রবিশস্য ও বোরো চাষ হয়ে থাকে। কিন্তু পানির সুষ্ঠু বণ্টন নিয়ে ১৯৯৩ সাল থেকে বিভিন্ন ইউনিয়নের জনগণের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। জানা যায়, ১৯৯৫ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে স্থানীয় তিন ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে একটি সমঝোতা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী শ্রীমাই আশুগোদা এলাকায় বাঁধ দিয়ে এক বছর খরণা, অন্য বছর হাইদগাঁও এলাকায় পানি সরবরাহ করা হবে। এ ছাড়া, ১৫ ইঞ্চি ব্যাসের নল দিয়ে পৌর সদরসহ নিম্নাঞ্চলে সার্বক্ষণিক পানি সরবরাহ নিশ্চিত করা হবে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিরা চুক্তি অগ্রাহ্য করে চলতি মৌসুমের শুরুতেই খালের উপরিভাগে বাঁধ দিয়ে নিম্নাঞ্চলের পানি সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। এলাকাবাসী প্রতিবাদ জানালে ৩১ জানুয়ারি বেড়িবাঁধের ওপর মাত্র ছয় ইঞ্চি ব্যাসের একটি নল বসিয়ে সামান্য পরিমাণ পানি ছাড়া হয়। এ ছাড়া, খরণার পারিগ্রাম চৌধুরী বাড়ির পাশ দিয়ে নয় ইঞ্চি ব্যাসের আরেকটি নল স্থাপন করা হলেও এতে পানির প্রবাহ না থাকায় নিম্নাঞ্চলের কৃষকেরা পানি পাচ্ছেন না। এ ব্যাপারে গত ৩১ জানুয়ারি পটিয়া পৌরসভা ও ভাটিখাইন এলাকার কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ভাটিখাইন এলাকার প্রকল্প ব্যবস্থাপক (পানি সরবরাহ) আবদুস শুক্কুর জানান, বাঁধে ছয় ইঞ্চি ব্যাসের নল দিয়ে সরবরাহ করা পানি দিয়ে আট কিলোমিটার এলাকাজুড়ে পানির চাহিদা পূরণ হচ্ছে না। এতে এলাকায় রবি ফসল ও বোরো চাষ করা সম্ভব হচ্ছে না। হাইদগাঁও এলাকার কৃষক নারায়ণ বিশ্বাস বলেন, ‘বাঁধের কারণে দীর্ঘদিন বেগুন, মরিচ ও আলুখেতে পানি দিতে পারিনি। কয়েক দিন আগে ছোট নল দিয়ে যেটুকু পানি আসছে তা দিয়ে খেতের ফসল টিকিয়ে রাখা সম্ভব হবে না।’ কৃষি কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী প্রথম আলোকে বলেন, ‘সরেজমিনে দেখেছি চুক্তি মোতাবেক নিম্নাঞ্চলে শ্রীমাই খালের পানি সরবরাহ করা হচ্ছে না। এতে নিম্নাঞ্চল শুকিয়ে সংশ্লিষ্ট এলাকার প্রায় এক হাজার একর জমির রবিশস্য ও বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হতে পারে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন বলেন, ‘কয়েক দিনের মধ্যে তিন ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে।’