
মঞ্চে মুখোমুখি বিতর্কের দুই পক্ষ। চলছে তুমুল বিতর্ক। ‘সময় এখন রবীন্দ্রনাথ-নজরুলের নয়, বিল গেটসের’ বিষয়টি নিয়ে যুক্তি-পাল্টাযুক্তিতে মুখর মিলনায়তন। সাহিত্য-সংস্কৃতিকে ছাপিয়ে অর্থ-বাণিজ্যই কি এখন রাজত্ব করছে পুরো বিশ্বে? এই প্রশ্নের উত্তর মিলেছিল গত ২৪ সেপ্টেম্বর নগরের ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ মিলনায়তনে। সেদিন এখানে বসেছিল আন্তইস্পাহানি স্কুল বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আসর।
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ (আইপিএসসি) ডিবেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত নগরের পাঁচটি বিদ্যালয়ের বিতর্ক দল।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া চূড়ান্ত পর্বের যুক্তির লড়াইয়ে জয় হয় রবীন্দ্র-নজরুলেরই। বিষয়ের বিপক্ষে থাকা ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের বিতর্ক দল তাদের যুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। রানারআপ হয় বিষয়ের পক্ষে অবস্থান নেওয়া মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চবিদ্যালয়ের বিতর্ক দল। চূড়ান্ত পর্বের বিতর্কে তুখোড় যুক্তি উপস্থাপন করে শ্রেষ্ঠ বিতার্কিক হয় ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের নাজিফা মুস্তাফিজ। চূড়ান্ত পর্বের বিতর্ক শেষে শুরু হয় প্রতিযোগিতার সমাপনী পর্বের অনুষ্ঠান।
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ ব্রিগেডিয়ার (অব.) মো. মোসলেহ উদ্দিন ভূঞার সভাপতিত্বে এতে বক্তব্য দেন আইপিএসসি ডিবেট ক্লাবের সভাপতি মঈন উদ্দিন আহমদ। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি শিল্পগোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানি, আইপিএসসি গভর্নিং বডির সদস্য গোলাম মোস্তাফা, মো. নজরুল ইসলাম, স্বাগতা শর্মা, ইয়াসমিন খন্দকার, মির্জা আহমেদ ইস্পাহানি প্রমুখ।
অনুষ্ঠানে মির্জা সালমান ইস্পাহানি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহপাঠ্যক্রমিক কার্যক্রমের ক্ষেত্রে প্রতিযোগিতার সূচনা হলো। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে।
অতিথিরা অনুষ্ঠান শেষে বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আইপিএসসি ডিবেট ক্লাবের সহসভাপতি রেশমা আনোয়ার ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী। এর আগে প্রতিযোগিতায় অংশ নেওয়া পাঁচটি বিদ্যালয়ের বিতার্কিকদের নিয়ে গত ২২ সেপ্টেম্বর বিতর্কবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ২৩ সেপ্টেম্বর দিনব্যাপী ৫টি রাউন্ডে ১০টি বিতর্ক সেশন অনুষ্ঠিত হয়।