রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব

গত ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছিল ‘রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব’। চবির মুক্তমঞ্চ প্রাঙ্গণে বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি কলা অনুষদের ডিন এবং চবি ডিন কমিটির আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ সাদী এবং ফলিত রসায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চবি বন্ধুসভার সভাপতি সুমন গাঙ্গুলী।
শুরুতেই সড়ক দুর্ঘটনায় অকালপ্রয়াত চবি ছাত্র সুমিতের জন্য শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া শ্রদ্ধা প্রকাশ করা হয় সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রতি। ‘আনন্দলোকে মঙ্গলালোকে...’ রবীন্দ্রসংগীত কোরাস পরিবেশন করেন চবি বন্ধুসভার বন্ধুরা। একে একে পরিবেশিত হয় নজরুলগীতি ও রবীন্দ্রসংগীত—‘আমি যা’র নূপুরের ছন্দ বেণুকার সুর’, ‘আল্গা কর গো খোঁপার বাঁধন্’, ‘তোমার খোলা হাওয়া, মোর ঘুম ঘোরে এেল মনোহর’ গানগুলো পরিবেশন করেন লিপিকা, অর্ণব, গায়েত্রী ও রিনি। ‘প্রিয় যাই যাই বলো না’ এবং ‘আমার মন মানে না-দিন রজনী’ গানে একক নৃত্য পরিবেশন করেন বন্ধু পাপড়ি ও সাঈদ।
দেশাত্মবোধক গানে যন্ত্রসংগীত পরিবেশন করেন বন্ধু অর্ণব। ‘বল বীর, চির-উন্নত মম শির’ ও ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতা দুটি আবৃত্তি করেন বন্ধু অর্ণব ও সোবহানি। এ ছাড়া গান পরিবেশন করেন বন্ধু রাজীব। ‘দুর্গম গিরি কান্তার মরু...’ গানটির কোরাস পরিবেশন দিয়ে শেষ হয় সাংস্কৃতিক পর্ব। এই আয়োজনের আহ্বায়ক ছিলেন চবি বন্ধুসভার তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুমনা সুলতানা লিজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী আহমেদ মিতু ও বন্ধু কায়কোবাদ।