রবীন্দ্র-নজরুলজয়ন্তীতে পাঁচ গুণীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রবীন্দ্র-নজরুলজয়ন্তী ও গুণীজন সম্মাননা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে হাটখোলা গ্যালারি ও ক্যাফে। ১৮ মে সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য চট্টগ্রামের পাঁচ গুণী ব্যক্তি ও একটি দৈনিক পত্রিকাকে সম্মাননা জানানো হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন অধ্যাপক ড. অনুপম সেন, শিল্পী মনসুর উল করিম, কথাসাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া, লেখিকা বেগম মুশতারী শফী ও শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। পাশাপাশি সম্মাননা জানানো হয় চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীকে।
সন্ধ্যা সাতটায় মিলি চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় এ আয়োজন। হাটখোলার সহসভাপতি কবি স ম বখতেয়ারের সভাপতিত্বে এ আয়োজনে অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, কবি ও সাংবাদিক আবুল মোমেন, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরী।
আয়োজনের শুরুতে সংবর্ধিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উদ্দেশ করে সম্মাননা মানপত্র পাঠ করা হয়। মানপত্র পাঠ শেষে একে একে গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দৈনিক আজাদীর পক্ষে ক্রেস্ট নেন পত্রিকার পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক। এরপর স্বাগত বক্তব্য দেন হাটখোলার সমন্বয়ক কবি ইউসুফ মুহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। তিনি বলেন, ‘হাটখোলার মাধ্যমে নগরবাসীর বিনোদন ও সংস্কৃতিচর্চার নতুন একটি স্থানের সৃষ্টি হয়েছে। এই প্রতিষ্ঠানের উদ্যোগে চট্টগ্রামের গুণীজন ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানোর উদ্যোগ প্রশংসনীয়।’
আলোচনা সভার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ও নজরুলের গান ছিল এ আয়োজন। তবে গান শুরুর আগে মঞ্চ মাতিয়ে যান ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্টের সদস্যরা। চারতাল ও একমাত্রার ছন্দে নাচ পরিবেশন করেন তাঁরা।
নাচ শেষে মঞ্চে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন লাকী দাশ। তিনি একে একে পরিবেশন করেন ‘আজি গোধূলি লগনে’, ‘ভালোবেসে সখি’, ‘বাহিরে ভুল’ ও ‘মেঘ ছায়ে’ শিরোনামের চারটি গান। এরপর মালবিকা দাশ মঞ্চে পরিবেশন করেন নজরুলসংগীত। তিনি ‘পরদেশে প্রিয় মম’, ‘রিমঝিম রিমঝিম’, ‘সৃজন ছন্দে আনন্দে’ ও ‘প্রিয় যাই যাই বলো না’ শিরোনামের চারটি গান পরিবেশন করেন। তাঁর পরিবেশনার মাধ্যমে শেষ হয় আসর।