রবীন্দ্র-পাঠাগার
সেবার ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকার শিরোনাম হয়েছিলেন খোসে। ঘটনাটা শিরোনাম হওয়ার মতোই। স্পেনের এই অধ্যাপক তাঁর সংগ্রহের ৩০ হাজার বই দিয়েছিলেন বিশ্বভারতীকে। ৩৭ বছর ধরে উত্তর স্পেনের গ্যালিসিয়ায় নিজের বাড়িতে তিনি গড়ে তুলেছেন রবীন্দ্র ও রবীন্দ্রবিষয়ক রচনার অসাধারণ এক সংগ্রহালয়। এই সংগ্রহশালায় আছে পৃথিবীর প্রায় সব ভাষায় অনূদিত রবীন্দ্র-রচনার একাধিক সংস্করণ এবং নানা ভাষায় প্রকাশিত রবীন্দ্রবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ। এখানে বাংলা, স্প্যানিশ, পর্তুগিজ, ইতালীয়, জার্মান, তুর্কি, রুশ, হিন্দি, ইংরেজি, অলন্দেস, জাপানি, চীনা, ফরাসি, আরবি, পাঞ্জাবি, উড়িয়া, তামিল, উর্দু, সহ বিভিন্ন ভাষায় অনূদিত রবীন্দ্রনাথের বই আছে। সংগ্রহের বইয়ের সংখ্যা প্রায় ৬০ হাজার। বই কেনার বিপুল ব্যয় বহন করছেন খোসে নিজেই। বই রাখার জন্য নতুন বাড়ি বানিয়েছেন আলাদা করে। খোসে পাসা বলছিলেন, ‘৩৭ বছর ধরে পরম মমতা ও আনন্দে এ সংগ্রহটি আমি গড়ে তুলেছি। একই সঙ্গে এই মহান, অসামান্য ও বিশ্বখ্যাত চিন্তকের ভাবধারার সঙ্গে নিবিড় পরিচিতির সুযোগ পেয়েছি। সে ভাবধারার সঠিক মর্মোপলব্ধি বিশ্ববাসী এখনো করতে পারেনি। রবীন্দ্র-ভাবনার অনেকখানি নিয়ে আমি যে শ্রদ্ধা পোষণ করি, সে কারণে আমি নিজেকে সর্বান্তকরণে রবীন্দ্রপন্থী বলে মনে করি। রবীন্দ্রনাথ আমার কাছে ইতিহাসের সর্বোত্তম ও মহত্তম শিক্ষাগুরু।’ বলছিলেন খোসে।