‘এ ভার ওজনের নয়, জ্ঞানের...।’ রবীন্দ্র রচনাবলীর সুবিশাল উপহারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদ চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়ার সময় এর ভারে তিন তরুণ বিতার্কিককে নুয়ে পড়তে দেখে ওপরের উক্তিটি করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ৪ থেকে ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ‘বিতর্ক একটি তার্কিক সংগঠন’ আয়োজন করে রবীন্দ্র বিতর্ক উৎসবের। ৬ মে টিএসসি মিলনায়তনে ছিল এ আয়োজনের সমাপনী পর্ব।মাটির বড় সানকিতে ছড়ানো ফুল আর মোমবাতির উজ্জ্বল আলোয় আলোকিত ছিলেন সেদিন রবি। জন্মদিনের যথার্থ উদ্যাপন না বলে উপায় ছিল না যে!৪ মে উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই শুরু হয় রবীন্দ্র বিতর্ক উৎসব। আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বুয়েট, ইডেন কলেজ, টেক্সটাইল, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল।সংসদীয় বিতর্কের শুরুটা হয়েছিল ‘রেখেছ বাঙালি করে মানুষ কর নি’ শিরোনামে। কোয়ার্টার ফাইনালে ‘বাংলা সাহিত্য এখনো রবীন্দ্র বলয়ে আবদ্ধ’, সেমিফাইনালে ‘আধুনিকতাবাদের সবকিছু রবীন্দ্রনাথে অনুমোদন পায়নি’ ও ‘রবীন্দ্র সাহিত্যে নারী নেই, আছে রমণী’—এসব ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে ‘রবীন্দ্রনাথ গণমানুষের নয়’ শিরোনামে তুমুল যুক্তিতর্কে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল বিতর্ক ক্লাব ও বুয়েটের বিতার্কিক দল। সরকারি দল বুয়েটের বিতার্কিকদের হারিয়ে বিরোধী দলের দিদারুল ইসলাম, জিহাদ আল মেহেদী, জুয়েল আহমেদ সংসদে গ্রহণযোগ্য করিয়েছেন রবীন্দ্রনাথকে ‘গণমানুষের কবি’ হিসেবেই।বিতর্কের আয়োজন এখানেই শেষ নয়। রবিকে নিয়ে ছিল বারোয়ারি বিতর্কও। ‘আজি হতে শতবর্ষ পরে...’ শিরোনামের বিতর্কে যিনি চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতি লাভ করেছেন, তাঁর বেশ রসাত্মক ও কৌতুকপূর্ণ বক্তব্য সবাইকে আনন্দ দেয়।এরপর ‘আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই’ এই নিয়ে ছিল প্রদর্শনী বিতর্ক পর্বটি।অনুষ্ঠানের এক ফাঁকে কথা হলো ‘বিতর্ক’-এর সাধারণ সম্পাদক প্লাবন গাঙ্গুলীর সঙ্গে। তিনি বললেন, ‘বিশ্বকবিকে নিয়ে তাঁর জন্মদিনে আমাদের বিতর্কপ্রেমীদের নিয়ে কিছু একটা করার তাড়না বোধ করছিলাম। কারণ রবীন্দ্রনাথ ‘পরান সখা বন্ধু হে আমার’—তাই এ আয়োজন।রবীন্দ্রনাথকে ঘিরে শুধু বিতর্কের আয়োজনেই সীমাবদ্ধ ছিল না জন্মোৎসব। বাংলাদেশ ও ভারত থেকে ২৬ জন লেখকের লেখা সংগ্রহ করে প্রকাশ করা হয় স্মারকগ্রন্থ।রবীন্দ্র বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশীদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) মডারেটর অধ্যাপক মাহবুবা নাসরীন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. অজয় কুমার ও ‘বিতর্ক’-এর সভাপতি মিঠুন চক্রবর্তী