রবীন্দ্রজয়ন্তী উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ মে নানা আয়োজনে নগরের বিভিন্ন স্থানে উদ্যাপিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী। নাচ, গান, কবিতা, গীতিনাট্য ও কথামালার আয়োজনে নগরের সাংস্কৃতিক কর্মীরা স্মরণ করলেন বিশ্বকবিকে।

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) উদ্যোগে উদ্যাপিত হয় রবীন্দ্রজয়ন্তী। ৮ মে টিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সন্ধ্যা ও প্রভাত’ শিরোনামের কবিতাটি আবৃত্তি করেন রাশেদ হাসান। এরপর শুরু হয় কথামালার আয়োজন।

আলোচনা সভায় নাট্যনির্দেশক আহমেদ ইকবাল হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। এ পর্বে রবীন্দ্রসংগীত শিল্পী ও প্রশিক্ষক শীলা মোমেনকে সম্মাননা প্রদান করা হয়। এরপর শুরু হয় বোধন আবৃত্তি পরিষদের বৃন্দ আবৃত্তি পরিবশনা। তাঁরা রবীন্দ্রনাথের ‘দেবতার গ্রাস’ শিরোনামের কাবতার বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। এরপর ছিল শুভ্রা সেনগুপ্তার নির্দেশনায় স্কুল অব অরিয়েন্টাল ডান্সের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য মায়ার খেলা। এ নাটকে মায়াকুমারীরা কুহক শক্তির প্রভাবে মানবহূদয়ে নানাবিধ মায়া সৃজন করে। একদিন নববসন্তের রাতে তারা স্থির করে প্রমোদপুরের যুবক-যুবতীদের হূদয়ে প্রেম রচনা করে তারা মায়ার খেলা খেলবে। এই গীতিনাট্যের মঞ্চায়নের মাধ্যমে শেষ হয় আয়োজন।

ডিসি হিল: নগরের ডিসি হিলের নজরুল স্কয়ারে ‘চির নূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ’ শিরোনামে রবীন্দ্র জন্মজয়ন্তীর আয়োজন করে সম্মিলিত পঁচিশে বৈশাখ উদ্যাপন পরিষদ। অভ্যুদয় সাংস্কৃতিক গোষ্ঠীর সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। তাঁরা একে একে পরিবেশন করেন ‘আমার মাথা নত করে’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ শিরোনামের গানগুলো। এরপর মঞ্চে আসে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ। তাঁরা পরিবেশন করেন ‘সন্ধ্যা হল’ ও ‘তোমার খোলা হাওয়া’ শিরোনামের দুটি গান। নটরাজ নৃত্যাঙ্গনের ‘মোর ভাবনারে’ ও ‘তিমির ময়’ শিরোনামের গানের সঙ্গে নাচের পরিবেশনা দর্শককে মুগ্ধ করে। এরপর এক একে মঞ্চে কবিতা, গান ও নাচ পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, গীতধ্বনি, সারমন শিল্পকলা একাডেমী, প্রমা আবৃত্তি সংগঠন, ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, সঞ্চারী নৃত্যকলা একাডেমী ও গুরুকুল। ভায়োলিনিস্ট চিটাগাংয়ের পরিবেশনায় গিটার ও তবলার সঙ্গে ভায়োলিনের সুর মূর্ছনায় রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

শিল্পকলা একাডেমী চট্টগ্রাম: নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান। এ আয়োজনের শুরুতে ছিল আলোচনা সভা। এতে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এতে প্রধান আলোচক ছিলেন ফেরদৌস আরা আলীম। আলোচনা শেষে ছিল শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও কবিতার আয়োজন। শিল্পকলা ‘জয় তব বিচিত্র আনন্দ’ শিরোনামের শিক্ষার্থীদের সমবেত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে একক সংগীত পরিবেশন করেন মোস্তফা কামাল ও শ্রেয়সী রায়। এ ছাড়া কবিতা পরিবেশন করে সম্মিলিত আবৃত্তি জোট ও নৃত্য পরিবেশন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের সদস্যরা।

প্রমা: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে ৬ মে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আবৃত্তিসন্ধ্যা ‘সীমার মাঝে অসীম তুমি।’ ‘অন্তর মম বিকশিত কর।’ রবীন্দ্রনাথ ঠাকুরের এ কবিতার বৃন্দ আবৃত্তি চলতে থাকে মঞ্চে। বৃন্দ আবৃত্তির সঙ্গে কবিতাটি গানরূপে পরিবেশন করেন শ্রাবন্তী ধর। সেই সঙ্গে মঞ্চে গানের নৃত্যরূপ মঞ্চায়ন করেন রামিসা মালিয়াত। রবীন্দ্রনাথের একটি কবিতার এমন তিনটি ভিন্নধর্মী পরিবেশনা বিমোহিত করে সকলকে। এ পরিবেশনা শেষ হতেই মঞ্চে শুরু হয় কথামালার আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস এবং ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমা’র সভাপতি রাশেদ হাসান।

আলোচনা সভা শেষে ‘পায়ে চলার পথ’ শিরোনামের কবিতা নিয়ে মঞ্চে আসেন শর্মিষ্ঠা বড়ুয়া। কংকন দাশ আবৃত্তি করেন ‘সবলা’ শিরোনামের কবিতাটি। এরপর মোহিত বিশ্বাস ‘সহজ কথা’ ও মেহজাবিন রুনা আবৃত্তি করেন ‘বিদায়’ শিরোনামের কবিতা। শেষে মঞ্চে আসে প্রমা আবৃত্তি সংগঠনের শিশু বিভাগের শিল্পীরা। তাঁরা পরিবেশন করে পূর্ণাঙ্গ প্রযোজনা ‘ভাবি যাহা মনে’। এরপর রাবেয়া সুলতান পরিবেশন করেন ‘নির্ভয়’ শিরোনামের কবিতাটি। মামুরা মমতাজের ‘ছিন্নপত্র থেকে’ শিরোনামের কবিতার পরিবেশনার মাধ্যমে শেষ হয় এ আয়োজনের।