রবীন্দ্রজয়ন্তীতে নগরে আজ নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইসির মঞ্চে আজ পরিবেশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা
টিআইসির মঞ্চে আজ পরিবেশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা

আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সালের ৭ মে) তিনি জন্মগ্রহণ করেন। তিনি লোকান্তরিত হয়েছেন অনেক দিন হতে চলল; কিন্তু বাঙালির জীবন ও মানসে তাঁর উপস্থিতি প্রতি মুহূর্তে এতই দেদীপ্যমান যে মনেই হয় না তিনি নেই। তাঁর জন্মদিন বাঙালির কাছে পরিণত হয়েছে আনন্দ উৎসবের দিনে। আজ রোববার কবিগুরুর জন্মজয়ন্তীতে চট্টগ্রাম নগরেও রয়েছে বিভিন্ন সংগঠনের নানা আয়োজন।
টিআইসিতে ‘চিত্রাঙ্গদা’: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের (টিআইসি) আয়োজনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। সন্ধ্যা সাতটায় টিআইসি মিলনায়তনে অনুষ্ঠেয় অনুষ্ঠানে নৃত্যশিল্পী শুভ্রা সেনগুপ্তার নির্দেশনায় এই নৃত্যনাট্য পরিবেশন করবে স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স। অগ্রিম টিকিট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাচ্ছে।
নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ রচিত হয় ভাদ্র ১২৯৯ বঙ্গাব্দে। এই নৃত্যনাট্যের গল্প হলো মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তা সত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হলো তখন রাজা তাঁকে পুত্র রূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্যব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান শুরু।
সম্মিলিত পঁচিশে বৈশাখ উদ্যাপন পরিষদ: সম্মিলিত পঁচিশে বৈশাখ উদ্যাপন পরিষদ প্রতিবছরের মতো এবারও ডিসি হিলের নজরুল স্কয়ারে আজ রোববার নানা কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় নৃত্য, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। এতে অংশ নেবে অভ্যুদয় সাংস্কৃতিক গোষ্ঠী, গীতধ্বনি, সুর সাধনা সংগীতালয়, ইমন কল্যাণ সংগীত বিদ্যাপীঠ, ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, গুরুকুল, নৃত্যনিকেতন, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাস, স্বর নন্দন প্রমিত বাংলা চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন।
ক্বণন: ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন রোববার বিকেল পাঁচটায় টিআইসির গ্যালারি হলে ‘আজ শুধুই রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। আবৃত্তি, গান আর কথামালা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান।
জেলা শিল্পকলা একাডেমি: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ জেলা শিল্পকলা একাডেমিতে রয়েছে নানা আয়োজন। বিকেল পাঁচটা থেকে শুরু হবে অনুষ্ঠান। এতে থাকবে কথামালা, সংগীত, নৃত্য ও আবৃত্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।