রবীন্দ্রজয়ন্তীতে বোধনের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সন্ধে সাড়ে সাতটা। আঁধার মঞ্চ। পিনপতন নীরবতা চারদিকে। ঠিক সেই সময়ে মঞ্চের দুপাশ থেকে জ্বলন্ত মোমবাতি নিয়ে মঞ্চে ঢোকে জনাচল্লিশেক শিশু। চারপাশ আলোকিত করে ‘আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা’ গানে আপ্লুত করে তারা উপস্থিত দর্শকদের। মোমবাতির আলোয় একেকটি শিশুর মুখে যেন উদ্ভাসিত হয়ে ওঠে আগামী দিনের উজ্জ্বল আলোময় পথ। এভাবেই শুরু হয় বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বছরব্যাপী রবীন্দ্রনাথ সার্ধশত বর্ষ উদ্যাপন অনুষ্ঠান। ‘নানা রবীন্দ্রনাথের একখানা মালা’ অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবিগুরুর শিশুসাহিত্যের অনবদ্য রচনা দিয়ে। অনুষ্ঠানটি গত ২৯ মে শনিবার নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এবারই প্রথম বোধন আবৃত্তি পরিষদ উদ্যাপন করছে বছরব্যাপী রবীন্দ্রজয়ন্তী। এটি ছিল প্রথম অনুষ্ঠান। বছরের শেষ অনুষ্ঠানটি হবে পঁচিশে বৈশাখ। রবীন্দ্রচর্চা বেগবান রাখতেই বোধন আয়োজন করে এ অনুষ্ঠানের। অনুষ্ঠানে একক আবৃত্তি করে বোধনের শিশু বিভাগের সদস্যরা। ‘আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা গাছের ডালের পরে কচিপাতায় করি লুটোপুটি’—মার সঙ্গে সন্তানের এমন লুকোচুরি খেলা নিয়ে তানহা ইসলামের আবৃত্তি করা রবি ঠাকুরের ‘লুকোচুরি’ কবিতাটি বেশ ভালো হয়েছে। সন্দীপন সেন ‘একা’, ‘জ্যোতিষশাস্ত্র’ বেশ ভালোভাবে উপস্থাপন করে। এ ছাড়াও তানজিনা তাহসিনের ‘আবদুল মাঝির গল্প’, রোহিত চক্রবর্তীর ‘হাট’, স্বাধীন দত্তের ‘সময় জায়া’, সেজান হোসেন ভূঁইয়ার ‘ঘাসে আছে ভিটামিন’, গীতাঞ্জলি ঐশীর ‘রবীন্দ্রনাথ’, হূদিতা চক্রবর্তীর ‘ইঁদুরের ভোজ’ পরিবেশনাগুলো দর্শকদের মুগ্ধ করে। এদের মধ্যে সবচেয়ে সুন্দর পরিবেশনা ছিল হূদিতা চক্রবর্তীর ‘ইঁদুরের ভোজ’ গল্পটি, যা দর্শকেরা বেশ উপভোগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ত্রাণ’ কবিতার মাধ্যমে শিশুরা শেষ করে পরিবেশনা। অনুষ্ঠানের শেষে বোধন আবৃত্তি পরিষদের শিশু বিভাগের সদস্য, যারা এসএসসি পরীক্ষায় ভালো ফল করেছে তাদের স্মারক দেওয়া হয়। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সোহেল আনোয়ার ও হোসনে আরা।