সাধারণ বিষয় দিয়েই শুরু করা যাক।মুঠোফোনের ওয়েলকাম ও রিং টোনে রবীন্দ্রনাথের গান এখন বহুল প্রচলিত। তরুণেরা যেসব দেশের গানের মাধ্যমে দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটান তার মধ্যে রবীন্দ্রনাথের “ও আমার দেশের মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা” একটি বিশেষ স্থান দখল করে আছে। নবীন ও প্রবীণ সবাই ব্যবহার করেন। খুদে বার্তায়ও রবীন্দ্রনাথ অপ্রচলিত নন। এখানেও নানা বয়সীদের আনাগোনা। কিন্তু ফেসবুক, মগ, ফতুয়া কিংবা টি-শার্টের রবীন্দ্রনাথ প্রধানত তরুণদের ভুবন। এসবে রবীন্দ্রনাথের নানা বয়স ও রূপের প্রতিকৃতি আর বাণী যে কতভাবে উপস্থাপিত হচ্ছে! সাহিত্যনির্ভর প্রয়োজন ও বিতর্কের বাইরে কেবল চেহারা, স্টাইল ও আধুনিকতা দিয়ে রবীন্দ্রনাথ কীভাবে তরুণদের মন টেনেছেন তা এই দুই জায়গায় চোখ রাখলে বোঝা যায়। দুই পাশে ঢেউ খেলানো চুল ঝাপিয়ে নেমেছে কাঁধ অবধি...মায়াময় চোখ... গোঁফের আড়ালে মন ভোলানো হাসি...যুবক রবীন্দ্রনাথের এই ছবির প্রচলন বেড়েছে। টি-শার্ট থেকে শুরু করে মগ-পোস্টার সবখানেই।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হূদিয়া প্রমা বলছিলেন, “এমন মায়াবী সুপুরুষকে সব সময় কেন যে কাশফুলের মতো সাদা চুল-দাড়িতে দেখতে হয়, বুঝি না। অথচ তরুণ বয়সের ওই ছবিটা দেখলেই ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’ গাইতে ইচ্ছে করে।”এখন ই-দেয়াল লিখনে রবীন্দ্রনাথের ব্যবহার সবচেয়ে অভিনব। কত যে গানের উদ্ধৃতি আর কবিতার লাইন! এক যুগলের ছবিতে একজন লিখেছেন, ‘কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছ আমি আছি’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী সাদিয়া আফরিন রবীন্দ্রনাথের এক পেইজে লিখেছেন, ‘আমার মৌলিক চাহিদা পাঁচটা নয়, ছয়টা—খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান আর রবীন্দ্রনাথ। তা দেখে তাঁর বন্ধু এক মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের তরুণ প্রকৌশলী জিয়াউল হকের উত্তর, ‘ঘরেতে এল না সে তো মনে তার নিত্য আসা-যাওয়া’।রবীন্দ্রনাথের প্রেমে পড়েননি তো মেয়েটা! পড়তেই পারেন। ঘরের বদলে আকাশ চাইলে রবির প্রেমে পড়া ছাড়া উপায় কী! রাজশাহী মেডিকেলের ইন্টার্ন ডাক্তার সাবরিনা ইয়াসমিন। হাসপাতালে রোগ আর রোগী এবং বাসায় সময় কাটান ভারী ভারী বইকে সঙ্গী করে। দম বন্ধ করা একাডেমিক কারাগারের চার দেয়ালে রবীন্দ্রনাথ নাকি তাঁর কাছে উতল হাওয়া। ই-দেয়ালে তিনি এই অনুভূতির প্রকাশ ঘটান এইভাবে, ‘চিরসখা ছেড়ো না মোরে ছেড়ো না’...যত দিন মেডিকেলের ঘানি টানা শেষ না হয় অন্তত তত দিন!বুয়েট থেকে পাস করা তরুণ স্থপতি নাওয়াজ বাপ্পি খোঁচা দেওয়ার সুযোগ ছাড়েননি। তিনি লিখেছেন, ‘তোতাকাহিনির পুঁথির রাজ্যে আমি দক্ষিণ হাওয়া হতে চাই...রবীন্দ্রনাথকে ছাড়ো না, প্লিজ!’ ছেলেটা কি ঈর্ষান্বিত? বোঝা গেল না। আর হলেই বা কী। পঞ্চশরের বেদনামাধুরী দিয়ে গড়া জগৎ তো আর ভাঙতে আসবেন না রবীন্দ্রনাথ।কিন্তু যাঁর কথা নিয়ে প্রগলভ তরুণ প্রজন্ম, সেই তিনিও কি মনেপ্রাণে এমনটাই চাননি? অবশ্যই চেয়েছেন। না হলে বলবেন কেন, ‘পুরানো জানিয়া চেয়ো না আমারে আধেক আঁখির কোণে অলস অন্য মনে’। সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল আয়োজিত রবীন্দ্র উৎসবে তরুণ নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের নির্দেশনায় নতুন আঙ্গিকে মঞ্চে এল রবীন্দ্রনাথের নৃত্যনাট্য তাসের দেশ। নতুন আঙ্গিকের এই তাসের দেশ-এর প্রতি তরুণেরা অন্য রকম সমর্থন ও আগ্রহ দেখিয়েছেন। কেউ কেউ অবশ্য এসব নিরীক্ষার সমালোচনা করেছেন। কিন্তু কেউ উপেক্ষা করতে পারেননি।জনপ্রিয় অভিনেত্রী অপি করিম এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার প্রেমিক রবীন্দ্রনাথ’। একটি জনপ্রিয় বিনোদন পত্রিকা এ নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল। এমন আরও আরও উদাহরণ দেওয়া সম্ভব। তরুণ কম্পিউটার প্রকৌশলী মেহরিন সাহেদ। গীতবিতানের অনেক গানের কলি তাঁর মুখস্থ। শাহরিয়ার ইমন, নাসরিন খান, রাইয়ান আহমেদ, সাজেদা আফরোজ, এনামূল হক, সেহেলী আবিদ—এই ছয় বন্ধুকে নিয়ে ঝড়ের খেয়া নামে তিনি একটা আড্ডার দল করেছেন। আড্ডা মানেই তো এলোমেলো কথা ও গান। গান শুরু হলে একসময় রবীন্দ্রনাথ এসেই পড়েন। তখন কোনো গানের কথা ভুলে গেলে মেহরিনই জীবন্ত গীতবিতান। কিন্তু থেকে থেকে মেহরিনও কখনো কখনো ভুলে যান গানের কথা। আড্ডায় ঘটে ছন্দপতন। ছন্দহীন ও রকম এক মুহূর্তে একদিন রাইয়ান বললেন, ‘আচ্ছা, গীতবিতানের কি সার্চ ইঞ্জিনসহ এমন একটা সফট কপি হতে পারে না, যেখানে কোনো একটা গানের যেকোনো একটা লাইন লিখে সার্চ দিলেই পুরো গানের কথা পর্দায় ভেসে উঠবে?’ লিজা বললেন, ‘শুধু গীতবিতান কেন, পুরো রবীন্দ্র রচনাবলিরই এমন একটা সফট কপি হতে পারে। কারও হয়তো কোনো একটা কবিতা, গল্প বা প্রবন্ধের লাইন মনে পড়ল...। আজকের দিনে এমন একটা কিছু করা খুব কঠিন কিছু নয়। চাইলে আমরাই তা করতে পারি। আমি নিশ্চিত, কেউ না কেউ দ্রুতই এ কাজ করবে।’রবীন্দ্রনাথের প্রতি তারুণ্যের আগ্রহ বোঝাতে একটি প্রাসঙ্গিক উদাহরণ টানা যাক। চিলির কবি পাবলো নেরুদা। লাতিন আমেরিকার প্রখর সূর্যতাপে তিনি যত প্রেমের কবিতা রচনা করেছেন তা এখন সে দেশের তরুণদের ভাববিনিময়ের অন্যতম সেরা অবলম্বন। রবীন্দ্রনাথের কবিতা তো আছেই, সঙ্গে আছে গানের বিশাল বৈচিত্র্যময় ভুবন। এ ক্ষেত্রে নেরুদা যে পিছিয়ে পড়বেন, বলাই বাহুল্য।অন্তর্জালের মায়া জগতে বন্দী অক্সফোর্ড ফেরত স্বর্ণা কাজীর সকৌতুক মন্তব্য দিয়ে লেখাটা শেষ করা যাক। তিনি লিখেছেন, “যাঁর গানের সংখ্যা হাজার তিনেক, সুরবৈচিত্র্যও অগাধ, আর লিরিক তো জাস্ট অ্যামেজিং, সেই তিনি যখন বলেন, ‘আমি কী গান গাবো যে ভেবে না পাই’, আমার খুব অবাক লাগে।” আমাদেরও খুব অবাক লাগছে এই ভেবে যে দেড় শ বছর পরও রবীন্দ্রনাথ তরুণ প্রজন্মের জীবনলগ্ন হয়ে আছেন কী করে। কেন তাদের কাছে তিনি এখনো এতটা প্রাসঙ্গিক? গানের জাদুতে! হয়তো তাই, না হলে লিখবেন কেন, ‘আসব যাবো চিরদিনের সেই আমি...তখন আমায় নাইবা মনে রাখলে...তারার পানে চেয়ে চেয়ে...।’