রবীন্দ্রনাথকে ভারতীয় সাধু-সন্ত হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটস। অথচ রবীন্দ্রনাথ ছিলেন একজন বিশ্বমানব। আধুনিক পাশ্চাত্য দর্শন পরিপুষ্ট করেছিল তাঁর মেধা ও মননকে। রবীন্দ্রনাথ ও তাঁর কবিতার মূল ভাব না বুঝেই গীতাঞ্জলির ইংরেজি সংস্করণে ছুরি-কাচি চালিয়েছিলেন ইয়েটস। ১৯১২ সালে প্রকাশিত এই বিখ্যাত কাব্যগ্রন্থের সম্পাদক ছিলেন তিনি।গত শনিবার চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে রবীন্দ্রনাথ ও তাঁর নোবেলজয়ী বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি সম্পর্কে এক বক্তব্যে এ কথা বলেন যুক্তরাজ্যের খ্যাতনামা রবীন্দ্রগবেষক ও অনুবাদক উইলিয়াম রাদিচে। সম্প্রতি পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশনী থেকে বেরিয়েছে রাদিচের করা গীতাঞ্জলির নতুন অনুবাদ। কেন নতুন করে গীতাঞ্জলির অনুবাদ—তার যথার্থতা ব্যাখ্যা করতে গিয়েই এসব তথ্য তুলে ধরলেন চট্টগ্রামের পাঠক ও রবীন্দ্রপ্রেমীদের সামনে।রাদিচে জানান, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ এর আগেও দুবার হয়েছে। তাই এবার আবার নতুন করে অনুবাদ করাটা তাঁর জন্য দুঃসাধ্যই ছিল। এ জন্য তিনি গত বছর বেশ কয়েক মাস কাটান শান্তিনিকেতনে। এ সময় প্রশান্ত পালের লেখা রবীন্দ্রনাথের জীবনী পড়ে জানতে পারেন, গীতাঞ্জলির ইংরেজি সংস্করণের পাণ্ডুলিপি রবীন্দ্রনাথ তাঁর ভাস্কর বন্ধু রোথেনসস্টাইনকে দিয়েছিলেন। সে পাণ্ডুলিপির একটা ডিজিটাল কপি রক্ষিত ছিল শান্তিনিকেতনের কলাভবনে। গীতাঞ্জলির পাণ্ডুলিপি ওল্টাতেই বিস্মিত হয়েছেন রাদিচে। তাঁর মতে, রবীন্দ্রনাথের অনুবাদ মূল কবিতার অনেক কাছাকাছি ছিল। সম্পাদনা করতে গিয়ে ইয়েটস কবিতার মূল ভাব থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন। যেটা রবীন্দ্রনাথের মনঃপূত ছিল না। রবীন্দ্রনাথ কবিতার অনুক্রম যেভাবে ঠিক করে দিয়েছিলেন, তা-ও বদলে দিয়েছিলেন তিনি। এভাবে গীতাঞ্জলির ভাষাকে বাইবেলের ভাষার কাছাকাছি করে তোলার চেষ্টা করা হয়েছিল।বাংলা গীতাঞ্জলি একটি পৃথক কাব্যগ্রন্থ হলেও ইংরেজি গীতাঞ্জলি ছিল একটি সংকলন। এই সংকলনের মাধ্যমে রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টিশীলতার পরিপূর্ণ উন্মোচন ঘটাতে চেয়েছেন। রাদিচে জানান, পাণ্ডুলিপি দেখে মনে হয়েছে পুরো বইটিকে রাগসংগীতের মতো ধীরে ধীরে পাঠকের সামনে খুলে ধরতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। রাগসংগীতে যেমন লয় ও তালের ভিন্নতা থাকে, বৈচিত্র্য থাকে সুরের ওঠা-নামায় তেমনি গীতাঞ্জলিকেও বৈচিত্র্যময় করে তুলতে চেয়েছিলেন তিনি। তবে ইয়েটস এর সম্পাদনার কারণে গীতাঞ্জলি সে চেহারা পায়নি। এর বড় প্রমাণ ইয়েটস সম্পাদিত গীতাঞ্জলি শেষ হয়েছিল মৃত্যুবিষয়ক কবিতা দিয়ে। যা রবীন্দ্রনাথ ভাবেননি। এ ছাড়া কোথাও রবীন্দ্রনাথের মূল ছন্দকে রক্ষা করার চেষ্টা করেননি তিনি। অহেতুক যতি চিহ্ন দিয়ে ঘটিয়েছেন অর্থ বিপর্যয়।পরিহাসের বিষয় হলো একসময় রবীন্দ্রনাথের প্রশংসায় পঞ্চমুখ ইয়েটস পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের কড়া সমালোচকে পরিণত হন। বিশেষ করে রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পর ইয়েটস বলেছিলেন, ভারতীয় এই কবি ইংরেজি ভাষাটাই জানেন না। রাদিচে ইয়েটসের এই উক্তি উড়িয়ে দিয়ে বলেন, ‘তিনি বিদেশি হিসেবে যতদূর ইংরেজি ভাষা জানা উচিত তার চেয়ে বেশিই জানতেন। বরং অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথের ইরেজি অনুবাদ ইয়েটস এর চেয়ে অনেক বেশি ভালো ছিল।’দেড় ঘণ্টাব্যাপী এই আলোচনার পর ভারতের শান্তি নিকেতনের একদল বাউল শিল্পী সংগীত পরিবেশন করেন।