রবীন্দ্রনাথের চেনা মানুষেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ ডিসেম্বর বিকেল থেকেই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের মিল্কিওয়েতে এদিক সেদিক হাঁটছিলেন রবীন্দ্রপ্রেমীরা। একটু কফি, গল্পসল্পের ফাঁকে মঞ্চের দিকে ইতিউতি তাকানো, রবীন্দ্র-উৎসবের অনুষ্ঠান কি শুরু হলো? থেমে থেমে চলছিল রবীন্দ্রসংগীত। রবির নেশা কাটে কি সহজে? হঠাৎ চারদিক চুপচাপ। মৌন আলোর রশ্মি খেলে যাচ্ছে মঞ্চের এপার-ওপার। সেই আলোয় আবির্ভূত হলেন প্রেমিক যুগল, লাবণ্য ও অমিত। কোড়া রঙা লাল পাড়ের দেশি শাড়ি, ফুলহাতা ব্লাউজ আর এলো বেণিতে লাবণ্য এলেন যেন এই শীতে শিলং পাহাড়ের পথে বেড়াতে। পথে দেখা হয়ে গেল কালো স্যুট পরা অমিতের সঙ্গে। চোখে চোখ, হাতে হাত। তাঁদের হেঁটে যাওয়া পথ বেয়ে এলেন কাদম্বরী দেবী। নীলাভ সবুজ জামদানি পরে অভিজাত ভঙ্গীতে টেনে নিলেন আঁচল। রক্তকরবী ছাওয়া পথে আসতেই হলো নন্দিনীকে। বেজে উঠল পায়ের নূপুর, কমলা হলুদ জামদানিতে দুলে উঠল গাঁদা ফুলের গয়না। মঞ্চে এসেছিলেন রবীন্দ্রনাথের মনে আলো ছড়ানো পঞ্চদশী রানু। কালো নেটের শাড়ি, হাতে হাতপাখা, চলনে আত্মবিশ্বাস। পরপরই আধুনিকা রাণুর বৈপরীত্য, এলেন ধনঞ্জয় বৈরাগী। গেরুয়া ধুতি ও ফতুয়া, টাইডাই শাল, একই গেরুয়া বসনা বৈষ্ণবী তাঁর সাথি। এলেন ভিক্টোরিয়া ওকাম্পোও। রবীন্দ্রনাথ কি আর দূরে থাকতে পারেন? সেই আলখেল্লা, মাথায় কালো টুপি। তার পরেই আবির্ভাব মোহিনী ও নীলার। সাদা অরগ্যান্ডি কাতান আর কালো শালে মোহিনীর মোহনীয় ব্যক্তিত্ব, আর নীলার বাসন্তী লাল সিল্কে ছড়ানো প্রেমের আভায় দর্শকের মনের ল্যাবরেটরিতে রসায়ন জমল ভালোই। ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীও কম যান না। ইন্দিরা মূর্ত হয়ে উঠলেন জলপাই সিল্কের শাড়িতে। রবীন্দ্র-রাজত্বে রাজা থাকবেন না, তা কি হয়? রাজা এলেন, আবছা সাদা রাবীন্দ্রিক সাজে রাখাল রাজা হয়ে।রবীন্দ্রনাথের আশপাশের মানুষ ও সাহিত্য চরিত্রদের থেকে অনুপ্রেরণা নিয়েই ফ্যাশন শো। সুরের ধারার আয়োজনেরই একটি অংশ এটি। এর পোশাক পরিকল্পনায় ছিলেন এমদাদ হক। তিনি বলেন, রবীন্দ্রনাথ মানেই ফ্যাশনের চিরনতুন ধারা। তাঁর প্রতিটি সাহিত্য চরিত্রও কালজয়ী ফ্যাশন আইকন। রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্য চরিত্র, দুটিকেই আমরা তুলে ধরেছি সম্পূর্ণ দেশি পোশাকে। পারসোনা ও ফ্যাশন পাঠশালার পৃষ্ঠপোষকতায় আয়োজন হয় এই উপস্থাপনার।