প্রবর্তক সংঘের উদ্যোগে শিশুসদন মৈত্রেয়ী ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মজয়ন্তী ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় গত ১১ এপ্রিল। প্রথম পর্বে আলোচনা সভার সভাপতিত্ব করেন অধ্যাপক রণজিৎ দে। প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন। আলোচক ছিলেন অধ্যাপক রীতা দত্ত। স্বাগত বক্তব্য দেন প্রবর্তক সংঘ বাংলাদেশ চট্টগ্রামের সম্পাদক তিনকড়ি চক্রবর্তী।প্রধান অতিথি তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজ ভাবনা, শিক্ষা ভাবনা এবং প্রবর্তক সংঘের অতীত ঐতিহ্য তুলে ধরেন। আলোচনা অনুষ্ঠানের পর পুরস্কার বিতরণ এবং ছাত্রীদের পরিবেশনায় রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান এবং সঙ্গে নৃত্য পরিবেশিত হয়। একক নৃত্য পরিবেশন করেন প্রবর্তক সংঘের আবাসিক শিক্ষিকা পিয়া মজুমদার। অতিথি শিল্পী ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী আইরিন সাহা এবং অনিরুদ্ধ সেনগুপ্ত। আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তিকার অঞ্চল চৌধুরী। অতিথি শিল্পীবৃন্দ তাঁদের পরিবেশনায় সবাইকে মুগ্ধ করেন। সংগীত পরিচালনা করেন সংগীত প্রশিক্ষক রবীন দে এবং নৃত্য পরিচালনা করেন নৃত্য প্রশিক্ষক সীমা চৌধুরী। অনুষ্ঠান ঘোষণায় ছিলেন প্রবর্তক সংঘের আবাসিক শিক্ষিকা প্রিয়াংকা চৌধুরী। সার্বিক দায়িত্বে ছিলেন হল তত্ত্বাবধায়ক করবী দাশগুপ্তা এবং প্রশাসক মিহির বরণ দত্ত।