রবীন্দ্রনাথের টাওয়ার নাই
‘এইটা কী কচ্ছেন। লালনের লেখা না পড়লি রবীন্দ্রনাথের তো টাওয়ারই নাই। আর তো আমি!’‘কী নাই?’এবার তিনি মুখ তুলে তাকালেন। হাত থেকে বইটি নামিয়ে রেখে বললেন, ‘টাওয়ার। বুজতি পারেন নাই? মোবাইল ফোনের টাওয়ার।’ এতক্ষণ তিনি গভীর মনোনিবেশ-সহকারে যে গ্রন্থখানা অধ্যয়ন করছিলেন বাহ্যজ্ঞানশূন্য হয়ে, তার নাম লালনের গানে আধ্যাত্মিকতার স্বরূপ ; লেখক হাসান আহমেদ।আমার অজ্ঞানতার ঘোর তার পরও কাটছিল না। রবীন্দ্রনাথের মোবাইলের টাওয়ার থাকবে কী করে? তিনি কি হালজামানার জীবনযাত্রার অনিবার্য এই উপাদানটির সঙ্গে পরিচিত ছিলেন নাকি! তাঁর তো টাওয়ার না থাকারই কথা।আমি ধন্ধের মধ্যে পড়ে হাঁ করে আছি দেখে বোধ হয় তাঁর অন্তরে দয়ার পরবশ হলো। আমাকে আলোর সন্ধান দেওয়ার জন্য বললেন, ‘কী, এখনো বুঝেন নাই?’আমি লম্বকর্ণ চতুষ্পদের মতো মাথা দুলিয়ে আত্মনির্বুদ্ধিতা প্রকাশ করলাম। তিনি বললেন, ‘এইটা হলো আমগের অঞ্চলের কথার কথা। টাওয়ার দিয়াই তো এখন সবকিছু চলতিছে। টাওয়ার না থাকলি পরে তো সব অচল। এখন বুঝতি পারিছেন?’এবার আমার দিব্যজ্ঞান লাভের মতো অন্তর্দৃষ্টি খুলে গেল। আরে তাই তো! টাওয়ার গেলে তো সবই গেল। হাতের মোবাইলের নেটওয়ার্ক না থাকা অনেকটাই গায়ে বস্ত্র না থাকার মতো ভয়ংকর ব্যাপার। রবীন্দ্রনাথের ভাগ্য ভালো, এই বস্তুটির কবল থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। না হলে হাই-হ্যালো, এসএমএস আদান-প্রদান করতেই চলে যেত দিনের আধবেলা। ২৪ খণ্ডের রচনাবলির স্রষ্টা হতে পারতেন কি না সন্দেহ। গত কয়েক দিন ভক্তিমার্গের আবহের মধ্যে আছি। তার মধ্যে এমন একটি অমূল্য জ্ঞানযোগ প্রাপ্তিতে আমার অন্তর এবার ভক্তিভাবে ভরে গেল। বিনয়ের সঙ্গে জানতে ইচ্ছা প্রকাশ করলাম, ‘আপনার নামটি কী?’ ‘আমার নাম মোখলেছ উদ্দিন,’ উত্তর এল।‘আশপাশেই কি থাকা হয়?’ ‘এই শিলাইদহেই বাড়ি।’অহ, আসল কথাই তো বলা হয়নি। মোখলেছ উদ্দিনের সঙ্গে দেখা শিলাইদহে। রবীন্দ্র কুঠিবাড়ির পাশ্চিম দিকের পায়ে চলার পথের ধারে তিনি টিনের ছাউনি দেওয়া একটি ছোট্ট বইয়ের স্টল দিয়েছেন। ১০ বছর চলছে এবার। আমার একপাশে আলোকচিত্র সাংবাদিক জাহিদুল করিম, অন্য পাশে আমাদের কুষ্টিয়ার জেলা প্রতিনিধি তৌহিদী হাসান। আমি আর জাহিদুল লালন তিরোধান দিবসের আয়োজনের সংবাদ সংগ্রহের নিমিত্তে আমদানি হয়েছি কুষ্টিয়ায়। সেদিন দুপুরে একফাঁকে এসেছি কবিগুরুর কুঠিদর্শনে। মাথার ওপর দুপুরের কটকটে রোদ। কবিগুরুর স্মৃতিদর্শনে এসেছি, তবু রোদের একটুও দয়ামায়া নেই। ‘কলাপাতার পেলেট, তালপাতার চামচ—ভাই, খান, শিলাইদহের বিখ্যাত কুলফি।’ এই আবেদন এড়ানো যেত রোদ এতটা প্রখর না হলে। শিলাইদহের কুলফি বিখ্যাত কেন? রবীন্দ্রনাথ কি এই কুলফি খেতেন এমনতর রোদেলা দিনে? মোবাইল ফোন না থাক, রোদ তো তখনো এখনকার মতোই ছিল। যা হোক, কুলফিটুলফি খেয়ে কয়েক পা এগোতেই চোখে পড়ল, সামনের স্টলের পুস্তক বিক্রেতা কী এক বইয়ের পাতায় মগ্ন হয়ে আছেন রোদগরমের দহন তুচ্ছজ্ঞান করে। কৌতূহলী হয়ে তাকাতেই নামটি চোখে পড়ল। আমি ভেবেছিলাম, তিনি হয়তো রবীন্দ্রনাথেরই কোনো বই পড়ছেন। কিন্তু লালনের আধ্যাত্মিক বিষয়ের বই দেখে খানিকটা শ্লেষের সঙ্গেই বলেছি, ‘কি ভাই, রবীন্দ্রনাথের বাড়িতে বসে লালনের বই পড়েন?’ উত্তরে আমাকে যা বলেছিলেন সেই উক্তিটিই দিয়েছি প্রথম লাইনে।মোখলেছ কেবল একা নন, এই কয়েক দিনে কুষ্টিয়ায় ঘুরেফিরে নানা লোকের কথায় মনে হলো, এখানকার অনেকেই মনে করেন, লালনের গান শুনেই রবীন্দ্রনাথ অত বড় বড় ভাবের কথা লিখতে পেরেছিলেন। এমনকি লালন মঞ্চের অনুষ্ঠানেও কাউকে কাউকে সাঁইজির প্রতি ভক্তিভাবের প্রাবল্য আর আবেগ-উচ্ছ্বাসের জোয়ারে ভেসে গিয়ে এমন কথাও বলতে শুনেছি যে, রবীন্দ্রনাথ লালনের গানের খাতাটি নিয়ে গিয়ে ওই গানগুলোই একটু ঘুরিয়ে ফিরিয়ে তাঁর নিজের ভাষায় গীতাঞ্জলি রচনা করে নোবেল প্রাইজ বাগিয়ে নিয়েছেন। আমি একটু আতঙ্কেই ছিলাম—আবার না নোবেল কমিটির বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়! তবে রক্ষা যে সে রকম কিছু হয়নি।রবীন্দ্রনাথকেও অবশ্য তাঁরা কম ভালোবাসেন না। সে পরিচয় পাওয়া গেল কুঠিবাড়ির সামনেই। সারি সারি দোকানপাট বসিয়ে রবীন্দ্রস্মৃতি দর্শনার্থীদের সেবাদান করে প্রকৃতপক্ষে গুরুদেবেরই সেবাধর্ম পালন করে যাচ্ছেন তাঁরা। আমি অত্যন্ত প্রসন্ন চিত্তে তাঁদের কুলফিসেবা, ডাবসেবা, চা-সেবাসহ নানাবিধ সেবা গ্রহণ করেছি (এখানে সাঁইজির আখড়াকেন্দ্রিক এলাকায় আহারকে সেবাগ্রহণ বলে উল্লেখের প্রচলন রয়েছে, যেমন প্রাতরাশ হলো বাল্যসেবা, মধ্যাহ্নভোজ পূর্ণসেবা ইত্যাদি)। তবে গুরুদেবের প্রতি সবচেয়ে কৃপাপরবশ মনে হলো খোদ কুঠিবাড়ির রক্ষাকর্তাদেরই। তাঁরা কেবল বাড়িটি সংরক্ষণই করছেন না, অধুনা এটিকে যথার্থ গুরুদেবের তুল্য করে তুলেছেন। সচরাচর কবিগুরুর যে চিত্র আমাদের চোখে পড়ে, মনের মুকুরে উদ্ভাসিত হয়, তা তো তাঁর সফেদ দাড়ি-গোঁফ, শুভ্র কেশ। এমনকি পরিধেয় আলখাল্লাটিও শুভ্র ধরনের। অথচ কুঠিবাড়িটির রং কিনা এত দিন ছিল পাটকিলে! দায়িত্ববান কর্তারা তো এমন মারাত্মক অসংগতি থাকতে দিতে পারেন না। তাই অতিসম্প্রতি তাঁরা কবির অবয়বের সঙ্গে মিলিয়ে দিতে তাঁর কুঠিবাটিকেও ‘হোয়াইটওয়াশ’ (চুনকাম) করে দিয়েছেন। কত বড় মহৎ কর্ম ভাবা যায়! টাইগার ক্রিকেটারদের কিউইদের হোয়াইটওয়াশকর্মের চেয়ে এটিই বা কম কিসে! অথচ এমন সৃজনশীল কাজের পুরস্কার নেই, কী দুর্ভাগ্য জাতির জীবনে!এসব দুর্ভাগ্যের কথা ভেবে যখন মন খারাপ করে এগোচ্ছি, তখন আরও এক বিস্ময় অবস্থান করছিল সামনেই। পূর্ব দিকের শিশুগাছের তলায় তৈরি করা মঞ্চটি ‘রবিমঞ্চ’ নামে অলংকৃত হয়ে আছে সুদৃশ্য নকশায়। অতিপরিচিত নকশা। আবার সেই মোবাইল ফোন! শব্দটিও লেখা বিশেষ বাণিজ্যিক ধাঁচে। এবার আমার ধন্ধ ঘোচালেন কুঠিবাড়ির কিউরেটর। তাঁর কাছ থেকে প্রজ্ঞালাভ হলো—প্রতিবছর বিভিন্ন প্রতিষ্ঠান কবির জন্মজয়ন্তীর অনুষ্ঠানের আর্থিক সহযোগী হয়ে থাকে। মঞ্চটি তারাই সাজিয়ে দেয়। পরের বছর অবধি সেই সাজসজ্জা, লেখাজোকা জাজ্বল্যমান থাকে। সরল অর্থে, বার্ষিক বন্দোবস্তের ব্যাপার। রবীন্দ্রনাথের বাড়ি এখন সেই হিসেবে বন্দোবস্ত আছে একটি মোবাইল ফোন কোম্পানির কাছে। কবি মোবাইল ফোন দেখতে পারেননি, কিন্তু বাড়িটা তো অন্তত পেল সেই অত্যাশ্চর্য প্রাপ্তির সুযোগ। দেখে মন ভালো হয়ে গেল, ধন্য ধন্য মনে হলো নিজেকে।