রবীন্দ্রনাথ নিজেকে ‘পথিক’ হিসেবে কল্পনা করতেন। পথের আকর্ষণ থেকে তিনি অনেক গান রচনা করেছেন। এ গানগুলোকে তিন ভাগ করা যায়। ২৬-২৭ বছর বয়সে রচিত গানে উছলে পড়ে আবেগ। ৫৩-৫৭ বছর বয়সের গানগুলোতে ছিল চিন্তার ছাপ। শেষবয়সে অর্থাৎ ৭৭-৭৮ বছর বয়সের গানে তিনি শুনেছেন শ্যামসম মরণের প্রতিধ্বনি। রবীন্দ্রনাথের পথ নিয়ে নানা ভাবনা গানে গানে দর্শকদের সামনে উপস্থাপন করল অভ্যুদয় সংগীত অঙ্গন। কবির জন্মজয়ন্তী উপলক্ষে ২২ মে সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) মিলনায়তনে ‘এই উদাসী হাওয়ার পথে পথে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। রবীন্দ্রনাথের বিভিন্ন বই ও চিঠিপত্র থেকে পাঠ করেন বিশ্বজিত পাল। পাঠের ফাঁকে ফাঁকে চলে গান। শ্রেয়সী রায় ও আরিফুল রহমানের ‘ওগো পথের সাথী’ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইমেল্ডা গোমেজ ‘তুমি কোথা যাও’, সামিহা রওশন ‘গানের সুরের আসনতলে’, কুমকুম কায়স্থগীর ‘আমার এই পথ’, অর্পিতা দাশগুপ্ত ‘জানি জানি তুমি এসেছ’, শিমুল শর্মা ‘এই উদাসী হাওয়ার’, শর্মিষ্ঠা চৌধুরী ‘শ্রান্ত কেন ওহে পান্থ’, শীলা চৌধুরী ‘পথে যেতে ডেকেছিলে’, হৈমন্তী ব্যানার্জী ‘তুমি কোন ভাঙনের পথে’ এবং আরিফুল রহমান ‘পথ ফিরে কে যায়’ গেয়ে দর্শকদের সুরের মায়ায় বন্দী করেন। শ্রেয়সী রায় মুগ্ধতা ছড়ান ‘বেলা গেল তোমার পথ চেয়ে’ ও ‘আসা যাওয়ার পথের ধারে’ গান দুটি পরিবেশন করে। দলীয় পরিবেশনায় ছিল ‘পথিকেরে বুঝি এনেছ এবার’, ‘তুমি পথের পথিক’, ‘তুমি কোন পথে যে এলে’, ‘যেতে যেতে চাই না যেতে’, ‘আমার ভাঙা পথের’, ‘যেতে যেতে একলা পথে’, ‘আমার পথে পথে’ এবং ‘আমি পথভোলা এক পথিক’ গানগুলি।‘গ্রামছাড়া এই রাঙামাটির পথ’ দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন শ্রেয়সী রায়।