রবীন্দ্রনাথের স্পর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বিশ্বভারতীর পাঠভবনের সাবেক অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর। এখনো শান্তিনিকেতনে একটি অনাথ আশ্রম চালান। তাঁর স্ত্রী শুভ্রা ঠাকুর। এই দম্পতির দুজনই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর। মাস কয়েক আগে বেড়াতে এসেছিলেন ঢাকায়। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য শিলাইদহ কুঠিবাড়িতেও বেড়াতে যান তাঁরা। ঢাকায় থাকার সময় তাঁদের সঙ্গে কথা হয়। তাঁরা শুনিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, শান্তিনিকেতন আর জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির নানা গল্প। শুভ্রা ঠাকুর ঠাকুরবাড়ির একটি খাবারের রেসিপিও বলে দিলেন মুখে মুখে।
আসছে ২৫ বৈশাখ। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে থাকছে এই বিশেষ আয়োজন

ঢাকায় শুভ্রা ঠাকুর ও সুপ্রিয় ঠাকুর। ছবি: সংগৃহীত
ঢাকায় শুভ্রা ঠাকুর ও সুপ্রিয় ঠাকুর। ছবি: সংগৃহীত

শুভ্রা ঠাকুরের একমুখ হাসিতে অভ্যর্থনা।
কোনো রকম ভণিতা না করে বলি, ‘সুপ্রিয়দার সঙ্গে পরে কথা বলব, আগে শুনব শুভ্রাদির কথা। দিদি, আপনার আলুর দমের রেসিপিটা বলুন।’
বহু আগে সানন্দায় বেরিয়েছিল। এক বড় বোনের কল্যাণে সেটার রান্না শিখেছিলাম। গর্ব করে অতিথিদের আমি বলেছি, এই আলুর দমের রেসিপি দিয়েছেন রবীন্দ্রনাথের এক বংশধর। তারপর বহুদিন রান্না করিনি বলে ভুলে গেছি। মনে আছে ওতে ছিল হিং-এর বাগার!
শুভ্রা ঠাকুর বললেন তাঁর বিখ্যাত আলুর দমের রেসিপি। শুভ্রা ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল গত অক্টোবরের শুরুতে।
সুপ্রিয় ঠাকুর ও শুভ্রা ঠাকুর এই প্রথম ঢাকায় এসেছিলেন। ছেলে, ছেলের বউ আর সুপ্রিয় ঠাকুরের বোনও ছিলেন সঙ্গে। রবীন্দ্রনাথের জ্ঞাতি তাঁরা, বৈবাহিকসূত্রে আবদ্ধ। প্রথমজনের বয়স তখন ৭৮, দ্বিতীয় জনের ৭৬। কয়েক দিনের বাংলাদেশ সফরে ঢাকায় দুদিন থেকেই তাঁরা গিয়েছিলেন কক্সবাজার। সেখান থেকে ঢাকার ‘বুড়ি ছুঁয়ে’ গিয়েছিলেন কুষ্টিয়ায়, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখতে। কক্সবাজারে যাওয়ার আগেই ৫ অক্টোবর তাঁদের পেয়েছিলাম রায়েরবাজারের এক রেস্টহাউসে। কক্সবাজারের বাস ধরার তাড়া ছিল, তাই কথা হয় অতি সংক্ষেপে।

পুত্রবধূ, পুত্র (বাঁয়ে) ও বোনের (ডানে) সঙ্গে শিলাইদহ কুঠিবাড়িতে শুভ্রা ঠাকুর ও সুপ্রিয় ঠাকুর
পুত্রবধূ, পুত্র (বাঁয়ে) ও বোনের (ডানে) সঙ্গে শিলাইদহ কুঠিবাড়িতে শুভ্রা ঠাকুর ও সুপ্রিয় ঠাকুর

সুপ্রিয় ঠাকুর চাইছিলেন সন্‌জীদা খাতুনের সঙ্গে কথা বলতে। ফোন করি।
‘কথা বলা যাবে?’
‘বল।’ সন্‌জীদা খাতুনের কণ্ঠ।
‘আপনি শান্তিনিকেতনের সুপ্রিয় ঠাকুরকে চেনেন?’
‘চিনব না কেন? কী হয়েছে ওর?’
‘তিনি আমার পাশে বসে রয়েছেন। দেব ফোনটা?’
ফোনটা ধরিয়ে দেওয়া হলো সুপ্রিয় ঠাকুরকে।
সুপ্রিয় ঠাকুর যখন সন্‌জীদা খাতুনের সঙ্গে কথা বলছিলেন, তখন তাঁর দিকে তাকিয়ে ছিলাম। ‘ভক্তি’, ‘শ্রদ্ধা’ শব্দগুলো যে এমনি এমনি তৈরি হয়নি, তা বোঝা যাচ্ছিল তাঁর কণ্ঠস্বরে। উচ্চারণের মাধ্যমেই যে একজন মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়, সেটা বুঝতেও কষ্ট হচ্ছিল না।
কথা শেষে আবার আমার হাতে ফোন। ওপাশ থেকে সন্‌জীদা খাতুনের প্রশ্ন, ‘ওদের নিয়ে আসতে পারিস?’
তাঁকে বলা হলো, এ যাত্রায় সময় হবে না।
শান্তিনিকেতনের পাঠভবনের সাবেক অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর স্মৃতিচারণা করলেন, ‘শান্তিনিকেতনে যখন সন্‌জীদাদি সংগীত ভবনের ছাত্রী ছিলেন, তখন আমি তাঁর সান্নিধ্যে আসি। সে সময় ভালোই আলাপ ছিল। আমার বাড়িতে ইন্দিরা দেবী থাকতেন। সবাই গান শিখতে আসত সেখানে। সেই সূত্রে সন্‌জীদাদির সান্নিধ্যে আসা। আমরা ছোট ছিলাম, সন্‌জীদাদি আমাদের খুব একটা পাত্তা দিতেন না (হাসি)। কিন্তু আমরা পেয়েছি তাঁকে এবং খুব ভালোবেসেছি।’
‘ঢাকায় এই প্রথম এলেন। কেমন লাগছে?’
‘ঢাকায় এই প্রথম এলাম। এর আগে তিন দিনের জন্য আমি চট্টগ্রামে এসেছিলাম একবার। সেটা একটা কাজে। এবার ঢাকায় এসেছি। খুব ভালো লাগছে। আজ সকালে পার্লামেন্ট হাউস দেখে এসেছি। কাল অনেকগুলো মিউজিয়াম দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাও দেখলাম। সেটা আমাদের খুব ভালো লাগল। মনে হচ্ছে আমি তো নিজের বাড়িতেই আছি। ভাষা ও অন্যান্য দিক দিয়ে আমাদের দেশ আর বাংলাদেশের এত মিল যে আমার কোনো দিকেই কোনো অসুবিধা
হচ্ছে না।’
শুভ্রাদিকে এবার বলি, ‘ইন্দিরা দেবীর প্রসঙ্গ উঠল। আমি যতটুকু জানি, রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী নিজে রান্না করতেন না। কিন্তু তাঁর ছিল একখানা রান্নার খাতা। যেখানে যা ভালো রান্না দেখতেন, টুকে রাখতেন খাতায়।’
‘ইন্দিরা দেবীর রান্নার খাতা আমার কাছে আছে। সরু, লম্বা খাতা। ওনার নিজের হাতে লেখা।’
‘সে খাতা থেকে কি বেছে বেছে রান্না করেন?’
‘না। ওটা আমি নাড়াচাড়া করতেই ভয় পাই। নষ্ট হয়ে যায় যদি! পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে, মনে হয় ভেঙে যাবে। এ জন্য ওটা রাখা আছে আমার কাছে। ওই পর্যন্তই।’
‘আপনারা দুজনেই তো ঠাকুরবাড়ির লোক। কে কোন দিক থেকে, সেটা কি একটু বলবেন?’
সুপ্রিয় ঠাকুর বলেন, ‘আমি হচ্ছি রবীন্দ্রনাথের মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সুরেন্দ্রনাথের প্রপৌত্র। আর উনি হচ্ছেন...’
কথা কেড়ে নেন শুভ্রা ঠাকুর, ‘গগনেন্দ্রনাথ ঠাকুরের নাতনি হচ্ছেন আমার মা। গগনেন্দ্র নাথের পুত্র কনকেন্দ্রনাথ ঠাকুর, তাঁর মেয়ে অনুভা আমার মা। তিনি বিয়ে করেন মুখোপাধ্যায় পরিবারে। আমি আগে ছিলাম শুভ্রা মুখোপাধ্যায়। বিয়ে করে আমি এখন শুভ্রা ঠাকুর হয়েছি। মজার জিনিস হচ্ছে, আমার মা ঠাকুর ছিলেন, বিয়ে করে মুখোপাধ্যায় হয়েছেন। আমি মুখোপাধ্যায় ছিলাম, ঠাকুর হলাম। আমার দিদিমাও আগে মুখোপাধ্যায় ছিলেন, তারপর তিনি ঠাকুর হন। এটা ভাবতে খুব মজা লাগে আমার। আমরা তিন জেনারেশন মুখার্জি-টেগর-মুখার্জি-টেগর।’ (এখানে বলে রাখা ভালো, গগনেন্দ্রনাথ দ্বারকানাথ ঠাকুরের আরেক পুত্র গিরিন্দ্রনাথের বংশধর)।
‘সুপ্রিয়দার বয়স কত হলো?’
‘সাতাত্তর।’
‘ছিয়াত্তর বছর বয়সে শঙ্খ ঘোষ একবার বলেছিলেন, এখন নিজেকে বাচ্চা বাচ্চা লাগে। আপনার কেমন লাগে?’
‘আমার মোটেই নিজেকে বাচ্চা বাচ্চা মনে হয় না। আমার স্মৃতিশক্তি এরই মধ্যে তলানিতে এসে ঠেকেছে। কিচ্ছু মনে রাখতে পারি না। শরীরও নানা দিক থেকে নানাভাবে গোলমাল করে (হাসি)। খুব যে একটা নবীন মনে হয় নিজেকে, তা নয়।’
‘কাজের মধ্যেই তো আছেন?’
‘মোটামুটি কাজের মধ্যেই আছি।’
শুভ্রা ঠাকুর ধরিয়ে দেন, ‘এখন কী করছ, বলো।’
‘একটি অনাথ আশ্রম আছে। শান্তিনিকেতনে, শিশুতীর্থ নামে। তার সঙ্গেই আমি যুক্ত আছি। সেখানেই যাই। শিশুদের মধ্যে থাকি বলে আবার কিছুটা নিজেকে নতুন লাগে।’
‘তার মানে কিছুটা হলেও বাচ্চা বাচ্চা লাগে...’
সম্মতিসূচক মাথা নাড়েন এবার।
‘নভেম্বর মাসে তাঁর আটাত্তর হবে। (অর্থাৎ গত নভেম্বরে তা হয়ে গেছে) তাই বয়সটা আটাত্তরই বলা উচিত। আমার ছিয়াত্তর, কিন্তু আমি একেবারেই মনে করি না আমার বয়স হয়েছে।’ বললেন শুভ্রা ঠাকুর।
‘এ বয়সে কী মনে হয়, বলেন তো। জীবনটাকে কি আবার নতুন করে উপলব্ধি করা যায়?’
‘আমার তো ভীষণই...সংসার নিয়ে আছি। শিশুতীর্থ নিয়ে আছি। সারা দিন কাজ করি। বেশ আছি।’
কথাটাকে একেবারেই বানানো কথা বলে মনে হলো না। এই বয়সেও যে জীবনকে এতটা উপভোগ করা যায়, তা তাঁদের সঙ্গে দেখা না হলে কি এমন করে বুঝতাম?

শুভ্রা ঠাকুরের দেওয়া আলুর দমের রন্ধনপ্রণালি
প্রথমে আলু সেদ্ধ করে নিতে হবে। তারপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তারপর সাদা তেল বা সরিষার তেলে আলুগুলো দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে।
অন্য এক পাত্রে দই, শুকনো লঙ্কাগুঁড়া, একটু আদাবাটা, সামান্য একটু ময়দা। এটা দেওয়ার সময় নুন-মিষ্টিও দিতে হবে। আলু দিয়ে কিছুক্ষণ রান্না করে কড়াই থেকে নামিয়ে রাখতে হবে।
এবার ওই কড়াইতে ঘি দিয়ে হিং ফোড়ন দিতে হবে। হিংয়ের গন্ধটা বেরিয়ে গেলে দইয়ের মধ্যে রান্না করা আলুটা দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে জিরার গুঁড়া ছিটিয়ে দিন।