রবীন্দ্রসংগীতের মোহনীয় সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা। সবে জ্বলেছে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনের মঞ্চের আলো। পিনপতন নীরবতা ভেঙে কানে লাগল তবলার বোল। শুরু হলো সুরের ভেলায় অবগাহনের পালা। সেদিন এখানে বসেছিল রবীন্দ্রসংগীতশিল্পী লাকী দাশের একক গানের আসর। সাংস্কৃতিক সংগঠন পোট্রেট আয়োজন করে এই অনুষ্ঠান।
‘শুধু তোমার বাণী নয় গো’ গানটি পরিবেশনার মাধ্যমে লাকী দাশ শুরু করেন তাঁর পরিবেশনা। এরপর একে একে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্বের ৩০টি গান পরিবেশন করেন শিল্পী। সাবলীল কণ্ঠে একের পর এক রবীন্দ্রসংগীতের পরিবেশনা সংগীত সন্ধ্যাকে করে তুলেছিল মোহনীয়। লাকী দাশের পরিবেশিত বিভিন্ন গানের মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘হার–মানা হার’, ‘আমার পরান যাহা চায়’, ‘সেদিন দুজনে দুলেছিনু বনে’, ‘তোমার খোলা হাওয়া’, ‘কেন চোখের জলে ভিজিয়ে দিলেম’, ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘আমার মল্লিকাবনে’, ‘ওরা সুখের লাগি চাহে প্রেম’, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’, ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ ও ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে’ শিরোনামের গানগুলো।
সুরের ভেলায় ভাসার পাশাপাশি ছিল কথামালার আয়োজন। গানের ফাঁকে কথামালা নিয়ে মঞ্চে আসেন পোট্রেট পরিচালক রূপম চক্রবর্তী, সাংবাদিক ফারুক ইকবাল, আরএফ হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, সিরাজুল ইসলাম ও সাংবাদিক মিজানুর রহমান মজুমদার। বক্তারা বলেন, ‘বাংলাদেশের সংগীত জগতে রবীন্দ্রনাথের গানগুলো বিশেষ স্থান দখল করে রেখেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে রবীন্দ্রনাথকে দর্শকেরা আরও কাছ থেকে বোঝার সুযোগ পাবেন।’
আয়োজন প্রসঙ্গে রূপম চক্রবর্তী বলেন, ‘২৫ বছরের পথচলায় চেয়েছি সংস্কৃতির সঙ্গে সাধারণ মানুষদের পরিচয় করিয়ে দিতে। এরই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। শিগগির চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে আমরা আরেকটি আয়োজন করতে যাচ্ছি।’