রবীন্দ্রসরোবরে এক বেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্জন বিকেলের খোঁজে ঢাকার ধানমন্ডি লেকের এ পাশটায় এসে আক্কেলগুড়ুম! কোথায় নির্জনতা? ঝাঁক ঝাঁক তরুণ-তরুণী ছোট ছোট দলে বিভক্ত হয়ে আড্ডায় মেতেছে এই রবীন্দ্রসরোবরে। এখানে ‘একাকী বিকেল’ নামের অনুভূতি খোঁজা সত্যিই আহম্মকি। ডান পাশের কড়ইতলা থেকে ভেসে আসছে গিটারের টুংটাং। পায়ে পায়ে সেদিকেই এগোই। কাছে গিয়ে জানতে পারি তাঁদের নাম—হূদয়, বৃষ্টি, মিম ও শুভ। সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্লাস শেষ, তাই মেতেছেন বৈকালিক আড্ডায়। গিটারের টুংটাং আওয়াজ ততক্ষণে রূপ নিয়েছে ঝংকারে। হূদয়ের আঙুল ঝড়ের গতিতে খেলা করছে গিটারের তারে। ইঙ্গিত বুঝে শুভ এবার কণ্ঠে তোলেন গান, ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি...।’ গান শেষে ঝরে পড়ে জোরালো করতালি। সঙ্গে অনুরোধ, ‘থামিস না, থামিস না...ওই গানটাও গেয়ে ফেল না, শুভ...।’ এবার সবার দৃষ্টি পড়ে গিয়ে অনুরোধকারীর ওপর। ‘আরে তমাল! তুই কখন এসে যোগ দিয়েছিস আমাদের সঙ্গে?’ তমাল মৃদু হেসে বলেন, ‘এই তো, গান শুরু হওয়ার পরপরই।’‘তা দাঁড়িয়ে কেন স্যার? দয়া করে আসন গ্রহণ করে আমাদের ধন্য করুন!’ দুষ্টুমি শুভর কণ্ঠে। তাঁর সঙ্গে যোগ দিলেন বৃষ্টি, ‘মহোদয় সমীপে আকুল আবেদন, আপনার দরাজ কণ্ঠে একটি কবিতা আবৃত্তি করে আমাদের বাধিত করবেন।’‘না, না, আজ আমার মুড অফ।’ আপত্তি তমালের কণ্ঠে। ‘সেভেন সেমিস্টারের রেজাল্ট দিয়েছে। আশানুরূপ হয়নি। আরও ভালো করা উচিত ছিল আমার।’‘তাতে কি ইয়ার! সামনের পরীক্ষায় ভালো করার চেষ্টা কর। নে নে, এবার কবিতা শুরু কর।’ মিমের মুহুর্মুহু তাগাদায় তমাল এবার কণ্ঠে তুলে নেন নির্মলেন্দু গুণের কবিতা, ‘দুঃখ করো না বাঁচো...।’সময় গড়িয়েছে বেশ খানিকটা। রবীন্দ্রসরোবর হয়ে উঠেছে আরও জমজমাট। এই আড্ডা ছেড়ে কান পাতি আরেক আড্ডায়। এই আসরে আছেন রাকিব, মলি, সোহাগ, আশা, রেইন, তুষার, রানা, অনির্বাণ, সজীব ও পিংকি। বিশাল বাহিনি! চলছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা। একজন বলছেন, ‘মুশফিককে দীর্ঘদিনের জন্য অধিনায়ক রাখা উচিত।’ সঙ্গে সঙ্গে আরেকজনের প্রতিবাদ, ‘বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে যোগ্য সাকিব আল হাসান। সাকিবই দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। ‘আরে থাম থাম’ বলে এই উত্তপ্ত বাগ্যুদ্ধে পানি ঢাললেন আরেক বন্ধু, ‘কাল যে ক্লাস টেস্ট আছে, সেটা কি ভুলে গেলি সবাই? চল চল, রুমে গিয়ে পড়তে বসি।’ এতক্ষণে টনক নড়ে সবার। তাই তো! কাল যে পরীক্ষা। যে যার মতো তল্পিতল্পা গুটিয়ে আজকের মতো রওনা দেন বাসার উদ্দেশে। প্রতিদিনই রবীন্দ্রসরোবর মুখর হয়ে ওঠে এই সব তরুণ শিক্ষার্থীর আড্ডায় আর গানে। স্ট্যামফোর্ড, ইউল্যাব, ইউআইইউ, ইউডা, এশিয়া প্যাসিফিকসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আড্ডার জন্য বেছে নেন এই রবীন্দ্রসরোবরকেই।