‘বাঙালির ইতিহাসে আমরা আর কাউকে জানি না, যিনি সংস্কৃতির এতগুলো শাখায় এমন প্রতাপের সঙ্গে বিচরণ করেছেন। আবার যে শাখায়ই তিনি বিচরণ করুন না কেন, ভাব ও রূপের দিক দিয়ে ক্রমাগত বদল ঘটিয়ে গেছেন।’ আবদুল করিম সাহিত্যবিশারদ স্মারক বক্তৃতায় রবীন্দ্রনাথের সমগ্র জীবনভাবনা নিয়ে রচিত ‘নানা রবীন্দ্রনাথের মালা’ প্রবন্ধ পাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান এমন মন্তব্য করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা সাহিত্য সমিতির উদ্যোগে আবদুল করিম সাহিত্যবিশারদ স্মারক বক্তৃতা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২১ জুলাই বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয়। চবি বাংলা বিভাগের প্রধান লায়লা জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চবি-এর উপউপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন। রবীন্দ্রসাহিত্যের বিষয়ভাবনা সম্পর্কে অধ্যাপক আনিসুজ্জামান তাঁর প্রবন্ধে বলেন, ‘রবীন্দ্রসাহিত্যের মূল বিষয় মানুষ—মানুষের সঙ্গে মানুষের, সমাজের, প্রকৃতির, বিশ্বজগতের সম্পর্কটাই সেখানে মুখ্য। মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক গৌণ। আবার গানে ঈশ্বরের উপস্থিতি মুখ্য।’ তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের চিত্রের জগৎ এসব থেকে একেবারেই আলাদা। বাংলাভাষী জগতের বাইরে তাঁর সাহিত্যিক পরিচয়ের ওপরে স্থান হতে পারে তাঁর চিত্রকর-পরিচয়ের।’আনিসুজ্জামানের এ প্রবন্ধ রবীন্দ্রনাথের দর্শন বুঝতে তরুণ প্রজন্মকে সাহায্য করবে বলে মন্তব্য করেন বক্তারা। তাঁরা বলেন, ‘রবীন্দ্রনাথের ৮০ বছরের জীবনভাবনার দীর্ঘ এ পটভূমিকে অধ্যাপক আনিসুজ্জামান খুব সংক্ষিপ্ত ও সুন্দরভাবে এ প্রবন্ধে তুলে ধরেছেন।’ উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ‘বাংলা সাহিত্যচর্চা ও গবেষণাক্ষেত্রে যাঁরা মৌলিক গ্রন্থ রচনা করেছেন, তাঁদের সুবিধার জন্য বাংলা সাহিত্য সমিতি বিভিন্ন সুযোগ তৈরি করে দিচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন চবির সাবেক উপাচার্য আবদুল মান্নান, ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ সিকান্দার খান, ড. মাহবুবুল হক, ড. গোলাম মুস্তাফা, ড. ভূঁইয়া ইকবাল, ড. সৌরেন বিশ্বাস, ড. ইরশাদ কামাল, ড. শামসুল হক, ড. মো. আলী প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মহীবুল আজিজ।