রবীন্দ্রসুধার সেকাল-একাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত ভবনের অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন এ প্রজন্মের শিল্পীরা
সংগীত ভবনের অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন এ প্রজন্মের শিল্পীরা

সংগীত ভবনের চার যুগ পূর্তির ধারাবাহিক অনুষ্ঠানমালার পঞ্চম আসর বসেছিল ১০ মে শিল্পকলার মঞ্চে। ‘রবীন্দ্রনাথের গানের সেকাল-একাল’ শিরোনামের এ আয়োজনে দুই কালের শিল্পীদের কণ্ঠে গাওয়া রবীন্দ্রসংগীত মুগ্ধতার আবেশ ছড়িয়ে যায় দর্শকদের মধ্যে।
সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। এরপর মিলি চৌধুরীর সঞ্চালনায় শুরু সংগীত আয়োজন।
প্রথমেই ১৯০৪ সালে দ্বিজেন্দ্রনাথ বাগচির কণ্ঠে ধারণ করা ‘কেন যামিনী না যেতে জাগালে না’ গানটি বেজে উঠে শব্দ নিয়ন্ত্রণ যন্ত্রে। এরপর এ গানটিই মঞ্চে পরিবেশন করেন গোলাম সরওয়ার চৌধুরী। এভাবে মৃত্তিকা দেওয়ানজি পরিবেশন করেন ১৯০৫ সালে মানদাসুন্দরী দাসীর রেকর্ডকৃত ‘মাঝে মাঝে তব দেখা পাই’ গানটি। ‘আমি চিনি গো চিনি তোমারে’ গানটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন ঝিঁঝিট রাগে, একতালে। কিন্তু ১৯০৫ সালে পূর্ণকুমারী দাসী গানটি রেকর্ড করেন সিন্ধু রাগে। শব্দ নিয়ন্ত্রণ যন্ত্রে পূর্ণকুমারী দাসীর গানটির পরিবেশনার পাশাপাশি ঝিঁঝিট রাগে একতালে গানটি পরিবেশন করেন বিভাস সেনগুপ্ত। এরপর ১৯০৬ সালে বেদানা দাসীর কণ্ঠে ভৈরবী রাগে খেমটা তালে ধারণকৃত ‘আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে’ গানটি শব্দ নিয়ন্ত্রণ যন্ত্রে পরিবেশনার পাশাপাশি ভৈরবী রাগে ঝাঁপতালে পরিবেশন করেন কাজী ওয়াজি ইফতেখার। এভাবে প্রতিটি গানের মঞ্চায়নের আগে শব্দ নিয়ন্ত্রণ যন্ত্রে পুরোনো দিনের রবীন্দ্রসংগীতের পরিবেশনা ছিল এ আয়োজনের মূল আকর্ষণ।
অনুষ্ঠানে একে একে সংগীত পরিবেশন করেন সাফায়েত ইয়াসিন, তড়িৎ চক্রবর্তী, সাদেক ইকবাল, পারমিতা দেব, সাকিবা মুসাররাত, নাহিদা আক্তার, রোকসানা আক্তার, সাদিয়া কবির, তওসিফ নূর তামিম, বহ্নিশিখা রক্ষিত, আহমেদ সাওয়াদ ও সিদরাত নিঝুম।
দর্শকদের হূদয় ছুঁয়ে যায় ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’, ‘তুমি কেমন করে গান কর হে গুণী’, ‘তুমি সন্ধ্যার মেঘমালা’, ‘ও যে মানে না মানা’, ‘আমার মাথা নত করে দাও’ ও ‘হে ক্ষণিকের অতিথি’ গানগুলি।
শেষে সিদরাত নিঝুমের কণ্ঠে ‘বিমল আনন্দে জাগো’ গানটির পরিবেশনার মাধ্যমে সাঙ্গ হয় আয়োজন।