রমজান এলেই ওদের ‘ছুটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জামালখান এলাকায় একটি হোটেলে মেসিয়ারের কাজ করেন শহীদ (ছদ্মনাম)। গত রোববার সন্ধ্যায় ওই হোটেলে গিয়ে তাঁর খোঁজ করতেই হোটেলের অন্য কর্মচারীরা জানালেন, শহীদ ছুটিতে। রমজান এলেই নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় শহীদের মতো অনেককেই ছুটিতে যেতে হয়। হোটেল শ্রমিক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান মাসে দিনের বেলায় হোটেল বন্ধ থাকায় খরচ কমাতে শ্রমিকদের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। অনেককে একেবারে ছাঁটাই করে দেওয়া হয়। এ ক্ষেত্রে পূর্ণ বেতন দিয়ে ছুটি কিংবা যথাযথ পাওনা দিয়ে ছাঁটাইয়ের বিধান থাকলেও তা সব ক্ষেত্রে মানা হচ্ছে না।বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ-মিষ্টি-বেকারি শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, নগরে ছোট-বড় প্রায় ৬০০ হোটেল-রেস্তোরাঁ আছে। এসব হোটেলে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। প্রতি রমজানেই জোরপূর্বক হোটেলশ্রমিক ছাঁটাই কিংবা বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়। বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ-মিষ্টি-বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহেল বলেন, ‘এ বছর নগরে প্রায় ৯০০ শ্রমিক ছাঁটাই হয়েছেন। নিবন্ধনভুক্ত শ্রমিকদের ছাঁটাই করা হলে তা নিয়ে আমরা মালিকদের সঙ্গে আলোচনা করি। কিন্তু অনেক শ্রমিকের ইউনিয়নের সদস্যপদ এবং নিয়োগপত্র না থাকায় তাঁদের নিয়ে সমস্যা হয়।’ইউনিয়নের উপদেষ্টা মো. মামুন প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালে নির্ধারিত মজুরি অনুসারে একজন গ্লাসবয় দুই হাজার ৭৭৫ টাকা, বাবুর্চি নয় হাজার ৩০০ টাকা, কারিগর চার হাজার ৯৫০ টাকা, মেট ও বয় তিন হাজার ২১০ টাকা মাসিক বেতন পাওয়ার কথা। কিন্তু অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না। রমজানে পুরো মাসের মজুরি দিয়ে ছুটি দেওয়ার বিধান থাকলেও নিয়োগপত্র না থাকায় অধিকাংশ শ্রমিক তা থেকে বঞ্চিত হন।’এ বিষয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন তালুকদার বলেন, ‘বঞ্চিত শ্রমিকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সর্বাত্মক সহযোগিতা করে থাকি।’