রমজান মাসেও পানির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ১২ নম্বর সড়কের ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিতে আসেন এক চাকরিজীবী। বাড়ির মালিক মধ্যপ্রাচ্য প্রবাসী মাহমুদুল হক শুরুতেই বলে দিলেন, ‘ওয়াসার পানি নেই। নিজস্ব গভীর নলকূপের পানি পুরোপুরি পরিষ্কার নয়, ওটা দিয়ে গোসল আর কাপড় ধোয়া যাবে। বাসা নিতে হলে বোতলের পানি পান করতে হবে। এখানকার অন্য ভাড়াটেরাও তা-ই করেন।’ শুনে ওই ভদ্রলোক বাসা না নিয়েই ফিরে যান। নগরের অন্যতম অভিজাত এলাকা হিসেবে পরিচিত চান্দগাঁও এলাকার বেশির ভাগ বাড়ির চিত্রই এ রকম। অথচ এ আবাসিক এলাকার ৫০০ গজের মধ্যেই রয়েছে ওয়াসার পানি শোধনাগার। কিন্তু ওই পানি পান না চান্দগাঁও আবাসিক এলাকার মানুষ। ফলে পানি নিয়ে অর্থের অপচয় ও দুর্ভোগের মধ্যেই দিন কাটছে এলাকার মালিক-ভাড়াটেদের। নগরের আরেকটি অভিজাত আবাসিক এলাকা আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা। আগ্রাবাদ মহিলা কলেজের পাশে মহুয়া নামের বাড়িটির মালিক হোসনে আরা বেগম পানির দুর্দশা প্রসঙ্গে বলেন, ‘বাড়ির নিচে পানি ধরে রাখার জন্য একটি জলাধার (ট্যাংক) আছে। কিন্তু সেটি মাসের বেশির ভাগ সময়ই খালি থাকে। কোনো কোনো দিন দেখা যায়, অল্প পানি জমা হয়েছে। ওই পানি দিয়ে বলতে গেলে কিছুই হয় না। কাজেই আমাদের নিয়মিতই পানি কিনে ভাড়াটেদের সরবরাহ করতে হয়।’ তিনি বলেন, ‘বছরের পর বছর এভাবেই চলছে। এর কোনো পরিবর্তন নেই। রমজানে ভোগান্তি আরও বেড়েছে।’গভীর নলকূপ অকেজো হয়ে পড়ায় গত জুলাই থেকে নগরের জিইসি মোড়, ডেবার পাড়, পশ্চিম খুলশী ও জালালাবাদের তিনটি হাউজিং সোসাইটিতে ওয়াসার পানি সরবরাহ নেই। এলাকাবাসীর চেষ্টা-তদবিরে গত বৃহস্পতিবার থেকে অল্প পরিমাণে পানি পাওয়া যাচ্ছে বলে গরিবুল্লাহ হাউজিং সোসাইটির এক বাসিন্দা জানান। পানির অভাবে এত দিন তাঁদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। একটু অবস্থাসম্পন্ন পরিবারগুলো প্রতিদিন ওয়াসা থেকে ভাউজারে পানি এনে নিত্যদিনের প্রয়োজন মেটাচ্ছে। আর বেশির ভাগ পরিবারে হাহাকার লেগে আছে। ওয়াসা সূত্র বলেছে, এলাকায় স্থাপিত ওয়াসার গভীর নলকূপটি বিকল হয়ে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দা ব্যবসায়ী নুরুল আমিন বলেন, তাঁদের এলাকায় ওয়াসা গভীর নলকূপের মাধ্যমে পানি তোলার পর সরবরাহ করে। কিন্তু গত মাসে হঠাৎ করে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি জানান, এলাকার পানি সমস্যা নিয়ে তাঁরা বহু তদবির করেছেন ওয়াসায়। চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গেছেন দলবেঁধে। দেখা মেলেনি। শেষে বহুবার নানা টেবিলে ঘোরাঘুরি করে ১৮ আগস্ট থেকে কিছু পানি পাওয়া যাচ্ছে বলে তিনি জানান। তবে এলাকাবাসীর অভিযোগ, ওয়াসার কাজ পানি সরবরাহ করা। কিছু কিছু অসাধু কর্মকর্তা পানি বিক্রি করার জন্য পানি সরবরাহ করতে সামান্য ত্রুটিগুলো সারায় না। জানা যায়, রমজানে পানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশ থাকলেও সামর্থ্যের অভাবে তা কার্যকর করতে পারছে না চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। ফলে রমজানের শুরু থেকে বিদ্যুতের সরবরাহ বাড়লেও তা কাজে লাগিয়ে পানির উত্পাদন বাড়াতে পারেনি ওয়াসা। বর্তমানে নগরের অধিকাংশ এলাকায় এ রকম পানির সংকট তীব্র। পাথরঘাটা, বহদ্দারহাট, চাক্তাই-খাতুনগঞ্জ, লালখান বাজার, আগ্রাবাদের মিস্ত্রিপাড়া, ব্যাপারিপাড়া, ধনিয়ালাপাড়া, পানওয়ালাপাড়া, সিজিএস কলোনিসহ বিশাল এলাকায় পানি পাচ্ছেন না এলাকাবাসী। বৃহত্তর হালিশহর থেকে শুরু করে নগরের দক্ষিণাংশে ওয়াসার পানি সরবরাহ নেই বললেই চলে। জানা গেছে, নগরের বিভিন্ন স্থানে ওয়াসার ৮০টি গভীর নলকূপ রয়েছে যেগুলোতে পিডিবির সরাসরি বিদ্যুৎ সংযোগ রয়েছে। কিন্তু পানির উত্পাদন না বাড়ায় রমজানে পানি সরবরাহ ব্যবস্থার উন্নতি হয়নি। অভিজাত এলাকায় যেমন ওয়াসার লাইনের পানি আসে না, তেমনি ঘনবসতিপূর্ণ এলাকায়ও পানির জন্য কাছের কলে দীর্ঘ লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় বস্তির নারীদের। অনেকে সে লাইন থেকেই সেহরি খেতে যান বাসায়। চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘রমজানে পানির সরবরাহ বাড়াতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। নগরের তিনটি কেন্দ্রে রাত-দিন তদারকির ব্যবস্থা করা হয়েছে। যেসব এলাকায় ভাউজারে করে পানি সরবরাহ করা হয়, সেখানে তিনটি অতিরিক্ত ভাউজার সংযোজন করা হয়েছে সরবরাহ বাড়ানোর জন্য। ফলে ভাউজারের সংখ্যা আটটি থেকে ১১টিতে উন্নীত হয়েছে।’ তিনি জানান, গত দেড় বছরে চট্টগ্রাম ওয়াসার পানির উত্পাদন ১৭ কোটি লিটার থেকে বেড়ে ২২ কোটি লিটারে উন্নীত হয়েছে। কিন্তু চাহিদা বাড়ার হার তার চেয়েও বেশি। নগরের আয়তন সমপ্রসারিত হচ্ছে। দ্রুত বাড়ছে বহুতল ভবনের সংখ্যা। এ অবস্থায় বর্তমানে বাস্তবায়নাধীন কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পানি নগরে সরবরাহের আগে পরিস্থিতির খুব একটা উন্নতির সম্ভাবনা নেই। ওয়াসা সূত্রে জানা যায়, নগরবাসীর চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ মেটাতে পারে ওয়াসা। নগরবাসীর পানির মোট চাহিদা সম্পর্কে পুরোপুরি ধারণা না থাকলেও এর পরিমাণ প্রায় ৬০ কোটি লিটার বলে ওয়াসার কর্মকর্তাদের ধারণা। চট্টগ্রাম ওয়াসা নগরে দুইভাবে পানি সরবরাহ করে। মোহরা পানি শোধনাগার প্রকল্পের মাধ্যমে হালদা নদীর পানি শোধন করে নগরে সরবরাহ করা হয়। এখান থেকে সরবরাহ করা হয় দিনে সাড়ে নয় কোটি লিটার। এর বাইরে নগরের বিভিন্ন স্থানে ওয়াসার ৮০টি গভীর নলকূপ আছে। এসব নলকূপের মাধ্যমে বাকি পানি তোলা হয়। বাকি চাহিদা মেটানো হয় ব্যক্তি পর্যায়ে স্থাপিত গভীর নলকূপ থেকে।