রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বর্ষা ঋতুর উল্লেখ করাটা মোটেই কাজের কথা নয়। বাংলা ভাষাকে তিনি তাঁর একান্ত বাধ্য অনুগত পরিচালিকার মতো করে তুলেছিলেন। ভাষাকে তিনি তখন ছাঁচে গড়ে তুলেছিলেন যে শব্দ আর বাগ্ধারা মিলেমিশে তাঁর নিজস্বতাকেই প্রকাশ করে তুলত। তিনি আমাদের আরও শিক্ষা দিয়ে গেছেন একই সঙ্গে প্রকৃতির অন্তর্নিহিত গৌরব আর সৌন্দর্য আবিষ্কারের।বর্ষা সর্বদাই ছিল তাঁর প্রিয় ঋতুর অন্যতম। আর সেই সঙ্গে তাঁর অনর্গল সৃজনশীল স্রোতধারা। বর্ষার প্রতি কবির এই পক্ষপাতিত্বের কথা কে না জানেন। বর্ষা শুধু কবির সপ্রাণ অস্তিত্বকেই নয়, মাতা বসুন্ধরাকেও উর্বর করে তোলার নির্যাস। গ্রীষ্মের তীব্র নিদারুণ দহনবেলা আর তার অসহনীয় উত্তপ্ত দিনের শেষে পরিপূর্ণ বর্ষার মরসুম স্বস্তিদায়ক সাদর সম্ভাষণের মতোই মনে হয়। লিখতে লিখতে মনের ভেতর নিজের আনাড়ি গলায় অজস্র বর্ষার গান গুনগুনিয়ে উঠতে দেখে আমার আবার একজন প্রিয় রবীন্দ্রসংগীতের শিল্পীকে তাঁর সবচেয়ে প্রিয় বর্ষার রবীন্দ্রসংগীত কোনটি—শুধোতে, কিছুটা সময় নিয়ে একটি বিশেষ গানের কথা বলেই কিছুটা পরে আবার বিরতি দিয়ে টেলিফোন করে বললেন, ‘হ্যাঁ, একটু আগে যে গানটির কথা বলেছিলাম, সেটি নিঃসন্দেহে আমার প্রিয় গান।’ গানটি তেমন প্রচলিত নয়। তবে কণিকা বন্দ্যোপাধ্যায় ও রাজেশ্বরী দত্তের কণ্ঠে শুনেছিলাম বলে একটা সময় ওই গানটি আমাকে আচ্ছন্ন করে রেখেছিল ঠিকই। কিন্তু দ্বিতীয় ভাবনায় দেখলাম, আসলে প্রিয়, তা-ও আবার কবিগুরুর বর্ষার গানের সীমারেখার মধ্যে টেনে দেওয়া হয়, তা হলে বলব, সবটাই নির্ভর করে ঠিক সে মুহূর্তের শিল্পীর মন-মেজাজের ওপর। সেই সঙ্গে পারিপার্শ্বিক উপস্থিত দর্শক-শ্রোতৃবৃন্দ একটা বড় ব্যাপার হয়ে ওঠে বৈকি।আবার আমার মতো আদ্যন্ত রোমান্টিকদের বাদ দিলে ঢাকা শহরের বুদ্ধিমান, বিত্তশালী কয়েকজনকে বাদ দিলে ঢাকা শহরে বর্ষা মরসুম মানেই নরকে এক ঋতু। জলাবদ্ধতা। এ যে কী ভয়াবহ পরিস্থিতি, এর ভুক্তভোগী ছাড়া অন্য কাউকে বোঝানো বেশ দায়। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে বললেই চলে। অথচ এর থেকে মুক্ত হওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে প্রতিবছর। এর দায়িত্বে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কথাবার্তায় যতটা জৌলুশ, আসল কাজের বেলায় যদি তার সামান্যতম সদিচ্ছা বা বাস্তবসম্মত কাজ দেখা যেত, তাহলেও না হয় কথা ছিল।শহরের বৃহত্তর উপকণ্ঠগুলোর কথা না হয় ছেড়েই দেওয়া গেল, খোদ ঢাকা শহরের মাঝখানের কথাই যদি ধরা যায়, তাহলে শহরের প্রধান বাণিজ্যিক এলাকা মতিঝিল, দিলকুশা, বায়তুল মোকাররম—এমনকি ঠিক শহরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত সেক্রেটারিয়েটের অবস্থা যে কতটা খারাপ হতে পারে, তাতে কর্মরত বেশির ভাগই গ্রামীণ সমাজ থেকে উঠে আসা মানুষের—তা তারা অফিসারই হোন চাই আর করনিকই হোন না কেন—এখনো পলো হাতে মাছ ধরতে লেগে যান। সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এক কথার মানুষ। ঢাকা শহরে পানি জমছে ঠিকই, কিন্তু আমাদের সমবেত যুদ্ধকালীন তৎপরতায় তা নেমে যেতে বেশি সময় নিচ্ছে না। এসব কুতর্কে শামিল না হয়ে বরং প্রত্যক্ষদর্শী এবং প্রকৃত ভুক্তভোগীদের হাতে ছেড়ে দেওয়াই ভালো। এর সঙ্গে আরও আছে পানীয় জলের সংকট। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে দুর্গন্ধ; সেই সঙ্গে পানিবাহী নানা রকম সর্বনাশা রোগব্যাধির প্রকোপ সহজেই অনুমেয়।এই গেল এ কালের বর্ষার সংক্ষিপ্ত বিবরণ। এরপর বর্ণিত হচ্ছে বর্ষার চিরন্তন ধারাবর্ষণের কাহিনি। জলকণাবাহী মেঘ—যার মদবর্ষী মাতঙ্গ, পতাকাবাহী বিদ্যুৎ আবির্ভাব ঘোষণার বাদল, কামার্ত যুগলের অতি প্রিয় উজ্জ্বল কান্তি বর্ষার কালিদাসী প্রশস্তি। এবার আসা যাক ঋতুসংহার রম্য কথায়।প্রচণ্ড খরতাপের পর আসে বর্ষা। রাজা যত তার আবির্ভাব—মেঘ যেন তার হস্তীযূথ, বিদ্যুৎ হলো পতাকা, বজ্রধ্বনি তার মাদলের বোল। আকাশের মেঘের সাজসজ্জা অপরূপ বললেও কম বলা হয়। কোথাও গভীর নীলবর্ণ। যেন পদ্মের পাপড়ি। কোথাও বা কাজলের বর্ণ। মেঘের গর্জন আনন্দের অগ্রদূত। কথায় বলে, যত গর্জে তত বর্ষে না। এই প্রবাদবাক্যটিকে ভুল প্রমাণ করার জন্যই হয়তো গর্জনের পরই শুরু হয় প্রবল বর্ষণ। এরপর পৃথিবীর বুক সবুজ-শ্যামল হয়ে ওঠে শস্যের প্রাচুর্যে।বর্ষা তখন নীল বসনা সুন্দরী বা কৃষ্ণ বসনা। যে যেভাবে দেখেন। বর্ষাকে ঘিরে সবাই দারুণ আনন্দে মেতে ওঠে। ময়ূরের কেকা ধ্বনি, আর তার পেখম মেলা উজ্জ্বল-উচ্ছল নৃত্য যেন সেই আনন্দেরই প্রকাশ।সর্বোপরি সেই আনন্দ-খুশির তরঙ্গ জেগে ওঠে নদীর বৃত্তে, জলাশয়ে। সে তার আপন বেগে ছুটে চলে সমদ্রপানে।আর ওদিকে বিন্ধ্যপর্বতের দিকে তাকিয়ে দেখো, বিন্ধ্যপর্বত চলেছে ঘনরাত্রির দিকে।ওখানকার তরুতে তরুতে কোমল অঙ্কুরোদ্গম মাত্র দেখা দিয়েছে। শ্যামল-সুবজ পল্লবে পল্লবে ছেয়ে গেছে গোটা বনাঞ্চল।চঞ্চল হরিণের চকিত দৃষ্টি সরল ও সুন্দর। নদীর তীরে আর বনের ধারে যেন আনন্দোৎসব শুরু হয়ে গেছে।আকাশে মেঘের গুরু গুরু গর্জন।নীল নির্জন পথে অভিসারিকার ‘দুরু দুরু হিয়া।’গোপনে অভিসারিকার দল চলেছে সংকেত-গন্তব্যে। কিন্তু ঘন অন্ধকারে তাদের পথ দেখাবে কে?ওই যে আকাশে বিদ্যুতের আলো। ওই কোমল নীলাভ আলোতেই ওরা এগিয়ে চলেছে। কিন্তু শুধু কি অভিসারিকাদের সঠিক পথের সন্ধান দেবে বিদ্যুতের আলো? মিলনশয্যায় জড়াজড়ি করে শুয়ে আছে তারা। হয়তো কোথাও অকারণে সামান্য অভিমান করে বসে আছে প্রণয়ীদের একজন। অথচ প্রণয়িনী গভীর অভিমানে শুয়ে আছে পাশ ফিরে। এমন সময় হঠাৎ আকাশে মেঘের গর্জন আর তারই সঙ্গে কড়কড় শব্দে মেঘ-গর্জন। মুহূর্তমাত্র পাশ ফিরে প্রিয়তমের গললগ্না হলেন অভিমানিনী। বর্ষা বিরহের ঋতু। প্রবাসী প্রণয়ীর জন্য তাই বিরহী রমণীর দুর্দশার অন্ত নেই।পরক্ষণেই অন্য দৃশ্য।অবিরাম বর্ষণে ভ্রমরের দল তাদের পদ্মের আশ্রয় হারিয়েছে। নববিকশিত পদ্মমধুর সন্ধানে এদের মধুগুঞ্জনে এখানে-ওখানে উড়ে বেড়াচ্ছিল। অদূর ময়ূরকুঞ্জ এদের পুচ্ছ ছড়িয়ে বসে রয়েছে। ওই বুঝি ফুল—এই ভেবে ভ্রমরকুল ছুটে যাচ্ছে ময়ূরপুচ্ছের তাড়নায়।এদিকে মদমত্ত হস্তী মেঘের গর্জনকে ভেবেছে বুঝি বা অন্য কারোর গর্জন। উদ্ধত হয়ে উঠতে আর কতক্ষণ লাগবে তার। শ্বেতগণ্ডে তার মদধারা। গন্ধে আকৃষ্ট হয়ে ভ্রমরের দল এসেছে শ্বেতগণ্ডে। মনে হচ্ছে যেন শ্বেতকমলের ওপর কালো ভ্রমরের ঝাঁক। তুমুল বারিধারা সাদা ফেনপুঞ্জে পর্বতের গায়ে কী অপরূপ শোভার বাহার। শিখর ঘিরে আছে সাদা মেঘপুঞ্জ, চারপাশে নির্ঝরের নির্মল ধারা। আর এখানে-ওখানে নৃত্যরত ময়ূরের দল।মেঘের স্পর্শে বাতাস এখন সুশীতল—কদম্ব, শাল, অর্জুন আর কেতকীবনের পুষ্পগন্ধে সুরভিত, আমোদিত বিশ্বচরাচর।বর্ষায় জেগেছে মিলনের কামনা-বাসনা। তাই প্রেমিকা খুঁজে বেড়ায় তার প্রাণবল্লবকে। ও দিকে জলভারে অবনত মেঘ মালা।—কোথায় কোন অদূরে কাঞ্চিদাম আর মণিময় কুন্তলে সজ্জিত প্রিয়তমা তার। প্রবাসী বিরহীর চিত্ত চঞ্চল হয়ে ওঠে। বর্ষায় প্রকৃতি এবং নারী দুয়েরই সমান আকর্ষণ।বর্ষার ফুলে সুন্দরী রমণীর দল সেজেছে অপরূপ সাজে—আর নব বিকশিত কদম্ব, যূথিকা, মালতী, বকুল, কেতকী আর কুরচি ফুল এলো খোঁপায়, মাথায়, গলায় ও কানে পরে তাঁরা ইচ্ছামতো সেজেছেন। তাঁদের মন আজ হরণ করে নিয়েছে বর্ষার ঘন গাঢ় মেঘদল—কোথাও নীলপদ্মের পাপড়ির মতো ঘন নীলবর্ণ, কখনো জলভারানত, কখনো বায়ুবেগে কম্পিত, কোথাও বা ইন্দ্রধনুর বিবিধ বর্ণে ভূষিত।বনভূমির সমস্ত তাপ মুছে গেছে নববর্ষার ধারাজলে। গাছগাছালির শাখা প্রশাখাগুলো কাঁপছে হাওয়ার দোলায়, মনে হয় সমগ্র বনভূমি যেন একসঙ্গে নৃত্যগীতে মেতেছে। এই বর্ষা বহুগুণে রমণীয়। সে যে বিলাসিনী রমণীদের চিত্তহরণকারী, তরু, শাখা, লতাপাতার প্রাণস্বরূপ বন্ধু। প্রাণীদেরও প্রাণস্বরূপ। মেঘাচ্ছন্ন এই ঋতু ধনী-দরিদ্র সকলেরই কল্যাণকামী। কথায় কথায় আমরা বলে থাকি, ‘উপমা কালিদাসস্য’। অত্যন্ত সার্থক কালিদাসীয় উপমার নিদর্শন। কালীদাসীয় উপমার অর্থাৎ ‘কালিদাসসুলভ’ বৈশিষ্ট্যগুলো এই যেমন বর্ষাকাল সম্পর্কে তাঁর এই উদ্ধৃতাংশটুকু লক্ষ করলেই টের পাওয়া যাবে—‘বর্ষার জলে ভরা শরতের নদী যেন ভরা যৌবনের বারি। মদালসা রমণীর মতো নদীর গতিও আজ মন্থর। নদীর জলে পুঁটি মাছগুলো লাফাইয়া উঠিতেছে—মনে হইতেছে, যেন কামিনীর কটিদেশের কাঞ্চিমালা প্রতিক্ষণে প্রদর্শিত হইতেছে। জলে সারিবদ্ধ হংসশ্রেণী। মনে হইতেছে, কামিনীর কণ্ঠে দোদুল্যমান মুক্তার মালা। বর্ষার অবসানে নদীর দুই তীরভূমি ক্রমশ জাগিয়া উঠিতেছে। নদীর জল যেন নায়িকার নীল বসন, বিশাল তটভূমি যেন তাহার নিতম্ব।’প্রকৃতির কবি কালিদাস তাঁর কাব্যে বর্ণিত নায়িকা বা অন্যান্য রমণীকে বিচিত্র পুষ্পের অলংকারে সাজিয়েছেন। সে যুগের রমণীরাও ছিল কুসুমপ্রিয়া।বিরহী প্রবাসীদের অন্তরেও বিচ্ছেদের জ্বালা। বর্ষার মেঘের গভীর গর্জন আর বিদ্যুতের বিকাশে নায়িকার মন উদ্বিগ্ন আর চঞ্চল—নায়ক আগে অপরাধ করলেও সব অপরাধ ভুলে গিয়ে তাঁকে গাঢ় গভীর আলিঙ্গন। বেলাল চৌধুরী: কবি ও লেখক