রমনির বিতর্ক প্রস্তুতি
বারাক ওবামা যখন নর্থ ক্যারোলাইনায় দলের জাতীয় সম্মেলনে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছিলেন, তখন তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি ব্যস্ত ছিলেন নতুন এক লড়াইয়ের প্রস্তুতিতে।অক্টোবরে ওবামার সঙ্গে তিন-তিনটি বিতর্কে অংশ নিতে হবে রমনিকে। যুক্তরাষ্ট্রে ভোটারদের সমর্থন আদায়ে অনেক সময় নাটকীয় ভূমিকা পালন করে টিভিতে সম্প্রচারিত এসব বিতর্ক। এর মধ্যে শুরু হয়ে গেছে বিতর্কের মহড়া। সম্প্রতি এক মহড়ায় ওহাইওর রিপাবলিকান সিনেটর রব পোর্টম্যানকে ওবামার স্থানে দাঁড় করিয়ে বিতর্কে অংশ নেন রমনি। এ প্রস্তুতি অবশ্য গত জুন থেকেই নিতে শুরু করেন তিনি। বাকপটু ওবামার তুলনায় রমনি মিতভাষী। এ ক্ষেত্রে ওবামার অভিজ্ঞতার পাল্লাও ভারী। কাজেই বিতর্কে ওবামার সঙ্গে টক্কর দেওয়ার বিষয়টিকে বড় করেই দেখছেন রমনি।তবে বিশ্লেষকেরা বলছেন, বিতর্কে কেবল জনপ্রিয় বুলি কপচে কোনো নেতার পার পাওয়ার সুযোগ নেই। উভয় নেতাকেই এমন সুনির্দিষ্ট ও বাস্তব পরিকল্পনা আর প্রতিশ্রুতি তুলে ধরতে হবে, যা ভোটারদের মনঃপূত হবে। এই পরীক্ষায় তুলনামূলকভাবে রমনিকেই বেশি কাঠখড় পোড়াতে হবে। কারণ, তাঁকে বোঝাতে হবে, যে নেতা হিসেবে অন্তত নীতির ক্ষেত্রে ওবামার চেয়ে তিনি ভালো হবেন।নীতির প্রশ্নে পররাষ্ট্রনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। সেখানে এখন পর্যন্ত ওবামার নীতির সঙ্গে রমনির নীতির বেশ মিলই দেখা যাচ্ছে। ভিন্নতা যে একেবারে নেই, তা নয়। নির্বাচনী প্রচারণায় রমনি বলে যাচ্ছেন, তিনি বাজেটে ভারসাম্য আনবেন এবং সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলবেন। কিন্তু কীভাবে তা করবেন, তা পরিষ্কার করে বলেননি। এ নিয়ে সবার মনে প্রশ্ন রয়েছে।গত বছরে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে যুদ্ধ চলাকালে মার্কিন কংগ্রেসে সরকারের বিরুদ্ধে আইনপ্রণেতাদের অবস্থান বেশ কঠোর হয়ে ওঠে। নিজেদের সম্পদ দিয়ে ‘অন্যের দায়’ মেটানোর বিরুদ্ধে তাঁরা ছিলেন সোচ্চার। আফগানিস্তান ও ইরাকযুদ্ধের রক্তক্ষয় ও আর্থিক ব্যয়ের জের টেনে বিরক্ত সাধারণ মার্কিনিরাও। এ কারণে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় পররাষ্ট্রনীতি বড় হয়ে উঠেছে। আর এখানে কেবল বড় বড় নীতি আওড়ালেই হবে না, তা বাস্তবায়নে বাস্তবসম্মত উপায়ও বাতলাতে হবে। একই সঙ্গে রয়েছে অর্থ জোগানোর বিষয়।নতুন মার্কিন প্রেসিডেন্ট যিনিই হন না কেন, তাঁকে কেবল জাতীয় নিরাপত্তার কথা ভাবলে চলবে না, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একগাদা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে: ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, সিরিয়া-সংকট ও আরব-বসন্ত উতরানো দেশগুলোর নাজুক ক্ষমতা হস্তান্তর, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, পাকিস্তান ও আফগানিস্তানে সহিংসতা, অস্থিতিশীল ইউরো জোন ও বৈশ্বিক অর্থনীতি।গত বছর রমনি অঙ্গীকার করেন, ক্ষমতায় গেলে ১০০ দিনের মধ্যে আটটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। প্রেসিডেন্ট হলে এত চ্যালেঞ্জের মধ্যে অঙ্গীকার পূরণে রমনি কতটা সফল হবেন, তা সময়ই বলবে। শরিফুল ইসলাম ভূঁইয়া