রমনির সামনে দুর্গম পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে উত্থান-পতনের নাটক ভালোই জমে উঠেছে। বাছাই প্রতিযোগিতায় এ পর্যন্ত সার্বিকভাবে এগিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি। তবে তাঁর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম।গত কয়েক মাসে জাতীয় পর্যায়ে একাধিক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, রাতারাতি স্যান্টোরামের সমর্থনের পাল্লা ভারী হয়ে উঠেছে। সে তুলনায় রমনির সমর্থন আগের জায়গাতেই রয়ে গেছে। লড়াইয়ে ভালোভাবেই আছেন রন পলও। মিট রমনি ‘ফেবারিট’ বিবেচিত হলেও তাঁর চূড়ান্ত মনোনয়নের পথ তাই খুব একটা মসৃণ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকেরা।প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ শুরুতে রক্ষণশীলদের পছন্দসই গরম গরম কথা বলে বেশ আলোড়ন সৃষ্টি করেন। শোনান নতুন নতুন পরিকল্পনা ও কর্মসূচির কথা। অনেকে ধরে নেন, প্রার্থী বাছাইয়ে এবার কিছু একটা করে দেখাবেন তিনি। সাউথ ক্যারোলাইনায় জিতে গিংরিচ এ ধারণাকে সবল করে তোলেন। কিন্তু পরবর্তী বাছাই ভোটে তাঁর সে তোড়জোড় ফল দেয়নি। তাই বলে অবশ্য তিনি হতোদ্যম নন। হাল ছাড়েননি গিংরিচের সমর্থকেরাও। সম্প্রতি তিনি এক সমাবেশে বলেন, প্রেসিডেন্ট হতে পারলে প্রথম দিন থেকেই কাজ শুরু করবেন। গিংরিচ বলেছেন স্বাস্থ্যসেবা খাতে উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কার করার কথা। ইসরায়েলে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার কথাও বলেছেন। গুরুত্বপূর্ণ ভোটব্যাংক মার্কিন ইহুদি লবি অন্তত এতে খুশি হবে। সাবেক স্পিকারের যুক্তি, এতে ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তি আলোচনায় ভূমিকা রাখতে সুবিধা হবে বলে মনে করছেন তিনি। গিংরিচের এসব অঙ্গীকার রিপাবলিকান সমর্থকদের মনে কতটা প্রভাব বিস্তার করবে, তা সময়ই বলে দেবে।নিউ হ্যাম্পশায়ার, আইওয়া, ফ্লোরিডা ও নেভাডায় প্রার্থী বাছাইয়ে জিতে এগিয়ে যান সাবেক গভর্নর রমনি। এর মধ্যে গত মঙ্গলবার কলোরাডো, মিসৌরি ও মিনেসোটায় হ্যাটট্রিক জয় পেয়ে রমনির সমান্তরালে এসে দাঁড়ান সাবেক সিনেটর কট্টরপন্থী রিক স্যান্টোরাম। গত শনিবার মেইন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত ককাসে আবার এগিয়ে যান রমনি। এবারের বাছাইয়ে অবশ্য স্যান্টোরাম ও গিংরিচ রমনির কাছাকাছি ভিড়তে পারেননি। দেশের উত্তর-পূর্ব প্রান্তের তুলনামূলক ক্ষুদ্র অঙ্গরাজ্যটিতে রমনির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে টেক্সাসের কংগ্রেস সদস্য রন পলের। রমনি পেয়েছেন ৩৯ শতাংশ ভোট, রন পল পেয়েছেন ৩৬ শতাংশ। মেইন ককাসের আগের তিনটি অঙ্গরাজ্যের ফলাফল বিশ্লেষণ করে রিপাবলিকান কৌশলবিদ রন বনজাঁ বলেন, এতে বোঝা যায়, কলকাঠি আপনা-আপনি রমনির হাতে পৌঁছে যাবে, এ ব্যাপারে এখনো তৈরি নন রিপাবলিকান সমর্থকেরা। এমন পর্যায়ে পৌঁছাতে তাঁকে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে বলে মন্তব্য করেন এই কৌশলবিদ।সামনে যে দুটি অঙ্গরাজ্যে রমনির জন্য অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে, সেগুলো হচ্ছে মিশিগান ও অ্যারিজোনা। ২৮ ফেব্রুয়ারি বাছাই প্রতিযোগিতা হবে এ দুটি অঙ্গরাজ্যে। রমনি বড় হয়েছেন মিশিগানেই। তাঁর বাবা একসময় ওই অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। কাজেই মিশিগানে সমর্থন পাওয়ার বিষয়টি রমনির জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু জনমত জরিপের ফলাফল তাঁর অনুকূলে নেই। পাবলিক পলিসি পোলিংয়ের এক নতুন জরিপের ফলে দেখা গেছে, রিপাবলিকানদের মধ্যে সমর্থনে অতি কট্টর স্যান্টোরামই এখন এগিয়ে। তাঁর সমর্থন বেড়ে ৩৯ শতাংশে পৌঁছেছে। সেখানে রমনিকে সমর্থন করছেন ২৪ শতাংশ রিপাবলিকান। রন পল ও গিংরিচের সমর্থন যথাক্রমে ১২ ও ১১ শতাংশ। আমেরিকান রিসার্চ গ্রুপের জরিপের ফলাফল অনুযায়ী, স্যান্টোরামের সমর্থন এখন ৩৩ শতাংশ এবং রমনির সমর্থন ২৭ শতাংশ।জাতীয় পর্যায়ের দুটি জরিপের ফলেও স্যান্টোরাম এগিয়ে। পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী, স্যান্টোরামের সমর্থন এখন ৩০ শতাংশ। রমনির ২৮ শতাংশ। গত ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চালানো এই জরিপের ফল গত সোমবার প্রকাশ করা হয়। অথচ এক মাস আগে একই জরিপের ফলে রমনির সমর্থন ছিল ৩১ শতাংশ, স্যান্টোরামের মাত্র ১৪ শতাংশ।অ্যারিজোনার বাছাইয়ে লড়তে গিয়ে রমনিকে ফ্লোরিডার মতো কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তবে ফেব্রুয়ারির ধকল সামলে উঠতে পারলেই যে রমনি পার পেয়ে যাচ্ছেন, তা নয়। ৬ মার্চ তাঁর জন্য অপেক্ষা করছে ‘সুপার টুইসডে’। ওই দিন একই সঙ্গে ১০টি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী বাছাই ভোট হবে। বিশ্লেষকদের মতে, ওই ১০টি অঙ্গরাজ্যের প্রার্থী বাছাইয়ের ফলাফলে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে, কে হতে যাচ্ছেন নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী।সত্যি বলতে কি, সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীদের কেউই এখনো আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বারাক ওবামার যোগ্য প্রতিদ্বন্দ্বী হওয়ার ক্ষেত্রে নিজেকে খুব আলাদাভাবে তুলে ধরতে পারেননি। অন্যভাবে বললে, রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের দৌড় নির্দিষ্ট কোনো মানের মধ্যে না থেকে অস্থিতিশীল রয়েছে। মনোনয়নপ্রত্যাশীরা অবশ্য প্রতিশ্রুতি দিতে এবং আকর্ষণীয় পরিকল্পনা তুলে ধরতে চেষ্টার কসুর করছেন না।ওয়াশিংটনে দলের এক সাম্প্রতিক সম্মেলনে মিট রমনি বলেন, ‘যে দেশকে আমরা ভালোবাসি, তা এখন বিপদগ্রস্ত। আমি মনে করি, আমরা যদি প্রত্যয় ও সততা নিয়ে কাজ করি, তাহলে এমন ইতিহাস গড়তে পারব, যেখানে রচিত হবে ওবামার শাসনের ব্যর্থতা এবং রক্ষণশীলদের নতুন যুগের সূচনা।’অন্যদিকে রিক স্যান্টোরাম বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে দলের প্রার্থীরা উপদেষ্টাদের পরামর্শমতো দলের মূল নীতি বিসর্জন দিয়েছিলেন। সেটাই আমাদের ভরাডুবির কারণ। এ থেকে যে শিক্ষা আমরা পেয়েছি, তা হচ্ছে দলের মূল নীতি ও কৌশল আর বিসর্জন দেওয়া যাবে না।’লক্ষণীয় একটি বিষয় হচ্ছে, শুরুর দিকে নির্বাচনী প্রচার ও সমাবেশে মনোনয়নপ্রত্যাশীরা যে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছিলেন, সে প্রবণতা এখন কমে এসেছে। এখন তাঁরা চেষ্টা করছেন দলের ও জাতীয় স্বার্থে নিজের ভূমিকা আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলতে।রিপাবলিকান দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী অনলবর্ষী বক্তা সারাহ পেলিন তড়িঘড়ি কোনো প্রার্থী বেছে না নিয়ে প্রতিদ্বন্দ্বিতা জিইয়ে রাখার পক্ষে। ওয়াশিংটনে রক্ষণশীলদের এক সমাবেশে তিনি বলেন, ‘অনেক বিশেষজ্ঞ এখনই আমাদের প্রার্থী মনোনীত করতে বলছেন। গুল্লি মারি এ কথায়। তাঁদের এমন ভাব, যেন প্রতিদ্বন্দ্বিতা আমাদের মনোনয়নপ্রত্যাশীদের দুর্বল করে দেবে।’ পেলিন বলেন, প্রতিদ্বন্দ্বিতা বরং রিপাবলিকানদের শক্তি বাড়িয়েই তুলবে। সুস্থ প্রতিদ্বন্দ্বিতাই তাঁদের এবারের নির্বাচনে জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে। কাজেই এই প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হবে।এ মুহূর্তে মিট রমনি নিশ্চয়ই সারা পেলিনের অন্তত এ কথাটা মনে মনে মানেন না।মার্চের বাছাই পর্ব৩ মার্চ : ওয়াশিংটন ককাস৬ মার্চ : সুপার ট্যুইসডে:জর্জিয়া, ম্যাসাচুসেটস, ওহাইও, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, ভারমন্ট ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রাইমারি। এ ছাড়া আলাস্কা, আইডাহো, নর্থ ডাকোটা ও ওয়াইওমিং অঙ্গরাজ্যে ককাস১০ মার্চ : ক্যানসাস ও ইউএস ভার্জিন আইল্যান্ডসে ককাস১১ মার্চ : হাওয়াই ককাস ১৩ মার্চ : অ্যালাবামা ও মিসিসিপিতে প্রাইমারি২০ মার্চ : ইলিনয়ে প্রাইমারি২৪ মার্চ : লুইজিয়ানায় প্রাইমারিপ্রাইমারি ও ককাসসহজ ভাষায়, রাজ্য ভিত্তিতে দলের সমর্থকেরা সাধারণ ভোটের মতো রায় দিয়ে যেভাবে প্রার্থী মনোনয়ন করেন, তা-ই প্রাইমারি। অন্যদিকে আঞ্চলিক দলীয় নেতা-কর্মীরা আলাদা আলাদা বৈঠকের মাধ্যমে যেভাবে প্রার্থী মনোনয়ন দেন, তা ককাস। এর ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী মনোনীত হন জাতীয় সম্মেলনে।