রমরমা জহুর হকার্স মার্কেট
‘অভিজাত মার্কেটে জিনেসর একটা প্যান্টের দাম সাড়ে তিন হাজার টাকা। আর হকার্স মার্কেটে একই প্যান্টের দাম মাত্র দেড় হাজার টাকা। তাহলে আমি এখানে কেন আসব না?’ ঈদের কেনাকাটা এখান থেকে কেন জানতে চাইলে এভাবেই পাল্টা প্রশ্ন ছুড়ে দেন পুলিশ সার্জেন্ট হাবিবুর রহমান। ঈদ উপলক্ষে রমরমা বেচাকেনা চলছে নগরের ঐতিহ্যবাহী জহুর হকার্স মার্কেটে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের ভিড়ই বেশি এ মার্কেটে। এক সময় টাল কোম্পানির বাজার নামে পরিচিত এ মার্কেট সময়ের বিবর্তনে এখন মধ্যবিত্ত শ্রেণীরও অন্যতম আকর্ষণ। বিক্রেতারা জানান, সকাল থেকে ইফতারের আগ মুহূর্ত এবং আধা ঘণ্টা ইফতারের বিরতির পর থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি। ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকেনাও বাড়বে।পূর্বে কোর্ট হিল থেকে শুরু হয়ে পশ্চিমে কো-অপারেটিভ বুক সোসাইটি মার্কেট পর্যন্ত বিস্তৃত জহুর হকার্স মার্কেট। এ মার্কেটের সঙ্গে যোগ হয়েছে আরও দুটি মার্কেট মিউনিসিপ্যাল মার্কেট ও শাহ জালালাবাদ মার্কেট। তিনটি মার্কেটের অবস্থান এত কাছাকাছি যে এগুলোকে আলাদা করে চেনা মুশকিল। নগরসহ নগরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন ব্যস্ত ছিলেন কেনাকাটায়।বান্দরবান থেকে পাইকারি দরে পোশাক কিনতে এসেছিলেন মেওয়াপ্রু মারমা। বান্দরবানের একটি মার্কেটে তাঁর পোশাক এবং অন্যান্য সামগ্রীর দোকান রয়েছে। তিনি জানান, ‘সেখানকার ক্রেতাদের চাহিদার অনেক কিছু শহর থেকে কিনে নিতে হয়। এর মধ্যে মোটামুটি কম দামে পোশাক সামগ্রী পাওয়া যায় বলে জহুর হকার্স মার্কেটে আসি।’তবে অন্যান্য বারের মতো বেচাকেনা এখনো রমরমা হয়ে ওঠেনি বলে জানালেন মেসার্স ভাইয়া স্টোরের বিক্রেতা মোহাম্মদ বাচ্চু। কারণ হিসেবে তিনি বলেন, ‘দিন দিন দ্রব্যমূল্য বাড়লেও মানুষের ক্রয়ক্ষমতা সে তুলনায় বাড়েনি। তা ছাড়া, নগরায়ণের ফলে মফস্বল শহরগুলোতে ছোট-বড় অনেক মার্কেট স্থাপিত হয়েছে। ফলে অনেকে কষ্ট করে ঈদের বাজার করতে এখানে আসেন না।’ ভাইয়া স্টোরে নবজাতক থেকে শুরু করে সব বয়সের লোকের প্যান্ট পাওয়া যাবে। দামও হাতের নাগালের মধ্যেই। এক বছর বয়সের বাচ্চাদের প্যান্টের দাম ১০০ থেকে ১৫০ টাকা। এ মার্কেটে এক হাজারের ওপরে পোশাকের দোকান রয়েছে। বেশির ভাগ দোকানে বেচাকেনা চলে দরকষাকষির ভিত্তিতে। তবে ১০টির মতো একদরের দোকানও হয়েছে। এরকম একটি দোকান খাজা ক্লথ স্টোর। এই দোকানের বিক্রেতা আবদুল হক প্রথম আলোকে বলেন, ‘এখানে এলিগ্যান্স, সেঞ্চুরি, ওয়ানম্যানসহ বিভিন্ন ব্র্যান্ডের শার্ট পাওয়া যায়। মানও ভালো। এগুলোর দাম ৩০০ থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত। অন্যান্য দোকান থেকে এগিয়ে থাকার জন্যই একদরে বেচাকেনার ব্যবস্থা করেছি।’ শিশুদের পোশাক বিক্রয় প্রতিষ্ঠান কিডস ফ্যাশনের নাজিম উদ্দিন বলেন, ‘ঈদ উপলক্ষে বাচ্চাদের পোশাক ভালোই বিক্রি হচ্ছে। বেশির ভাগ পোশাক ঢাকা থেকে আনা। মেয়ে শিশুদের কাছে দিল্লি সিক্স নামের পোশাকটির চাহিদা বেশি। এ ছাড়া ফ্রক, স্কার্ট, টপস, থ্রি-পিস তো আছেই। এগুলোর দাম সর্বনিম্ন ২০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত। ছেলে শিশুদের পোশাকের মধ্যে শার্ট, প্যান্ট, ফতুয়া, গেঞ্জি বেশি বিক্রি হচ্ছে। এগুলোর দাম ৩০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত।