রমিছার স্বপ্ন 'এএসআর'

‘এএসআর’ নামে গ্লাস দিয়ে ঘেরা ভ্রাম্যমাণ ছোট্ট দোকানটিতে খাবারের পাত্রগুলো ভালোমতো ঢেকে রাখা। রাজধানীর ধানমন্ডি এলাকায় মেডিনোভা হাসপাতালের পাশে প্রতিদিন নিজের তৈরি করা খাবার নিয়ে এই দোকানে বসেন সৈয়দা রমিছা। ব্যবসা থেকে উপার্জিত টাকা দিয়েই চলে সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ।
খুলনার সরকারি ব্রজলাল কলেজ থেকে এমএ পাস করা রমিছা চার বছর ধরে এই ব্যবসা করছেন। মেয়ে অষ্টম শ্রেণিপড়ুয়া জান্নাতুল ফেরদাউস ধানমন্ডি লেকে চকলেট বিক্রি করে বই-খাতার খরচ চালায়।
২০১০ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর রমিছা কারও সাহায্য পাননি। আগে কয়েকটি বেসরকারি সংস্থায় কাজ করলেও বিভিন্ন পরিস্থিতির কারণে চাকরি ছেড়ে দেন রমিছা। বাধ্য হয়ে এরপর দুই হাতে চায়ের ফ্লাস্ক নিয়ে রাস্তায় নেমে পড়েন। ধীরে ধীরে ভালো সাড়া পেয়ে খাবারের দোকান দেওয়ার বিষয়টি মাথায় আসে। অল্প পুঁজিতে নড়বড়ে একটি গাড়ি নিয়ে শুরু করেন ব্যবসা। এ সময় একজন ক্রেতা তাঁর আগ্রহ দেখে একটি গাড়ি কিনে দেন।
রমিছা বললেন, চলতি বছরের মার্চে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁর খাবারের গাড়িটি ভেঙে দেওয়া হয়। আবারও পথে বসার উপক্রম হলে আবার একজন ক্রেতা সহায়তার হাত বাড়ান। দৈনিক ১০০ টাকায় একটি গাড়ি ভাড়া নেন। বাসা থেকে ৯ ধরনের খাবার রান্না করে এনে প্রতিদিন বিক্রি করে মাসে প্রায় ২০ হাজার টাকা আয় হয়।
রমিছা জানালেন, সকালে বেরিয়ে পড়েন বাজার করার জন্য। চতুর্থ শ্রেণিপড়ুয়া ছেলে ফেরদাউস ওয়াহিদ আর মেয়ে জান্নাতুলকে স্কুলে পাঠিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে যান। সব কাজ গুছিয়ে সন্ধ্যায় এসে শুরু করেন ব্যবসা।
রমিছা বললেন, ‘রাস্তাঘাটে ব্যবসা করতে গিয়ে অনেকবার প্রতিবন্ধকতার মুখে পড়লেও দমে যাইনি। সৎ পথে উপার্জন করাটাই আসল। ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে খোলা খাবার কখনোই বিক্রি করতে রাজি নই।’
নিজের তৈরি খাবার সারা বিশ্বে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন রমিছা। নিজের রেস্তোরাঁ হবে, সন্তানেরাও তাঁর এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে—এমনটিই আশা। তবে ভাড়া করা গাড়ির টাকা পরিশোধ করাটাই কষ্টসাধ্য হয়ে পড়ে।