রশি কাহিনি

ছিঁচকে চোর বা ডাকাত কেউই লোভ সামলাতে পারছে না জাহাজ বাঁধার মোটা রশির প্রতি। রশির লোভে ছোট নৌকায় চড়ে তারা পাড়ি দিচ্ছে বন্দরের জলসীমা। এরপর বিদেশি জাহাজে উঠে রাতের আঁধারে চুরি করছে দামি রশি। জাহাজে চুরির এসব তথ্য চলে যাচ্ছে জলদস্যুতা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে। এতে বহির্বিশ্বে ক্ষুণ্ন হচ্ছে বন্দরের ভাবমূর্তি।
এ ধরনের ছিঁচকে চুরি-ডাকাতির কারণে চট্টগ্রাম বন্দরের জলসীমায় অবস্থানের সময় জাহাজের নাবিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইন্টারন্যাশন্যাল মেরিটাইম ব্যুরো বা আইএমবি’। গত ১৫ জানুয়ারি সংস্থার জলদস্যুতাবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ পরামর্শ দেওয়া হয়।
প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর দিয়ে সমুদ্রপথে আমদানি-রপ্তানির ৯৩ শতাংশ পণ্য পরিবহন হয়। এ কারণে এ বন্দরের গুরুত্ব সবচেয়ে বেশি।
বন্দরের বোর্ড সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম শাহজাহান মনে করেন, মূলত জাহাজের রশি চুরির লোভে এসব ঘটনা ঘটছে। আবার অনেক সময় স্থানীয় লোকজনের কাছ থেকে জাহাজের পরিত্যক্ত মালামালের বিনিময়ে খাদ্যসামগ্রী সংগ্রহ করেন নাবিকেরা। পরে এসব ঘটনাকে চুরি-ডাকাতি হিসেবে তুলে ধরা হয়।
চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্থানীয় বাজারে জাহাজ বাঁধার মোটা রশির চাহিদা বেশি। ছোট আকারের লাইটার জাহাজে ব্যবহারের জন্য এসব রশি বেশি ব্যবহূত হয়। আবার স্থানীয় কিছু কারখানায় এসব রশি চিকন করে মাছ ধরার ট্র্রলারের মালিকদের কাছে বিক্রি করা হয়। প্রতিটি ২০০ মিটার দীর্ঘ রশির দাম পড়ে মানভেদে ৪০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত। বেশি দাম হওয়ায় জাহাজের রশির প্রতি লোভ তৈরি হয়েছে চোর-ডাকাতদের।
কোস্টগার্ডের দেওয়া তথ্য থেকে জানা যায়, ২০১৩ সালে চোর-ডাকাতদের কাছ থেকে এক কোটি ৫১ লাখ টাকা মূল্যের নয় হাজার ১১৭ মিটার জাহাজ বাঁধার রশি উদ্ধার করেছে সংস্থাটি। এ সময় এর সঙ্গে জড়িত কয়েকজনকেও আটক করা হয়েছে।

আইএমবির বার্ষিক প্রতিবেদনে বলা হয়, কোস্টগার্ডের সক্রিয় তদারকির কারণে বিগত কয়েক বছরে বাংলাদেশে এ ধরনের ঘটনার সংখ্যা কমেছে। সংস্থার হিসেবে গত বছর এ সংখ্যা ছিল ১২টি। সব ঘটনায় জাহাজের মূল্যবান রশি ছিনিয়ে নেওয়াই ছিল চোর-ডাকাতদের প্রধান লক্ষ্য। চুরি-ডাকাতির সংখ্যা কমে আসায় উচ্চ ঝুঁকিপ্রবণ এলাকা থেকে চট্টগ্রাম বন্দর বেরিয়ে এসেছে। তবে চুরির ঘটনা শূন্যের কোঠায় না আসায় এখনো নাবিকদের সতর্ক থাকার বার্তা বহাল রাখা হয়েছে।
জাহাজে চুরি-ডাকাতির ঘটনা ও ঘটনার অপচেষ্টার সংখ্যাও বন্দর কর্তৃপক্ষ নথিবদ্ধ করে রাখে। বন্দরের হিসাবে গত বছর জাহাজে চুরি-ডাকাতির ঘটনা ও ঘটনার চেষ্টার সংখ্যা ৩৯টি। তবে এসব ঘটনার মধ্যে কেবল ১২টি ঘটনার প্রতিবেদন পাঠানো হয়েছে আন্তর্জাতিক সংস্থার কাছে।
জানতে চাইলে কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম গত সোমবার প্রথম আলোকে বলেন, কোস্টগার্ডের সার্বক্ষণিক তদারকির কারণে এখন ছিঁচকে চুরির ঘটনা অনেক কমে এসেছে। এ সংখ্যা আরও কমিয়ে আনার লক্ষ্যে অভিযান জোরদার করা হচ্ছে।
গত বছর যে ১২টি জাহাজে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে সেগুলো হলো এমভি ডায়ানা বোল্টেন, কাইরান আমেরিকা, জেসমিন এক্সপ্রেস, নর্ড অপটিমাইজার, ক্রেন, গোল্ডেন অ্যাডভেঞ্চার, গোল্ডেন অ্যাভিনিউ, টর্ম লরি, সেন্ট মাইকেলিস, হেনরিয়েটা শুল, নাদির, হ্যানসা ক্যাস্টেলা।