রস+আলো ঈদ অনুষ্ঠানসূচি
সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিন দিনব্যাপী ঈদ অনুষ্ঠান পাঁচ দিন, সাত দিন, দশ দিনে এসে ঠেকেছে। একসময় হয়তো এক ঈদুল ফিতর থেকে আরেক ঈদুল ফিতর পর্যন্ত ঈদ অনুষ্ঠান চলবে। আয়োজনের মেয়াদ বাড়ছে ঠিকই; কিন্তু অনুষ্ঠান সব গতানুগতিক ধারার। ঈদের কর্মকাণ্ডের সঙ্গে মিল রেখে টিভি চ্যানেলগুলো নতুন কী কী ঈদ অনুষ্ঠান সম্প্রচার করতে পারে, দেখাচ্ছেন শাহরিয়ার মুক্তারঈদের দিন সকাল ৬.০০: লাইভ অনুষ্ঠান ‘ঈদের দিন ঘুম থেকে যেভাবে উঠবেন’। (ঘুম থেকে ওঠার ব্যাপারে লাইভ পরামর্শ দেবেন গত তিন ঈদে ঘুমের কারণে একটুর জন্য ঈদের নামাজ মিস না করা জনাব ড. হাই। এই অনুষ্ঠান দেখতে যদি সকালে উঠেই পড়েন, তাহলে অনুষ্ঠান দেখার যৌক্তিকতা কী? তাই দয়া করে সবাই ঘুমিয়ে ঘুমিয়ে এই অনুষ্ঠান দেখবেন) সকাল ৮.০০: শারীরিক সচেতনতাবিষয়ক অনুষ্ঠান ‘সংঘর্ষ এড়িয়ে কোলাকুলি করুন, জীবন বাঁচান’। (বিষয়: অসম শারীরিক আকারের দুজনের কোলাকুলির সময় যা লক্ষ রাখবেন)।সকাল ৮.৩০: ছোটদের জন্য অনুষ্ঠান ‘এল খুশির সালামি পাওয়ার দিন’। (বিষয়বস্তু: সালাম করার সঠিক পদ্ধতি এবং জাল টাকা চেনার উপায়)। সকাল ৯.০০: মানব আচরণের খুঁটিনাটি নিয়ে অনুষ্ঠান ‘সালামি আদায়ের আগে-পরে আচরণের অস্বাভাবিক পরিবর্তন’। (অনুষ্ঠানের থিম সং: ‘আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়’)।সকাল ৯.৩০: নারীদের রূপচর্চাবিষয়ক অনুষ্ঠান ‘তিন ঘণ্টায় ঝটপট মেকআপ’। সকাল ১০.০০: বড়দের মান রক্ষাবিষয়ক অনুষ্ঠান ‘সালামিপ্রত্যাশী ত্যাঁদড় পোলাপানদের যেভাবে সামলাবেন’। সকাল ১০.১৫: নারীদের জন্য অনুষ্ঠান ‘জনতার মতামত: আমাকে কেমন দেখাচ্ছে?’। (ঈদের জামা পরে চলে আসুন আমাদের লাইভ স্টুডিওতে। সারা দেশ থেকে লোকজন এসএমএসের মাধ্যমে জানাবেন আপনাকে কেমন লাগছে। যিনি সর্বোচ্চ এসএমএস পাবেন, বিজয়ী হিসেবে তিনি পাবেন ‘অ্যাপল’-এর একটি হাইব্রিড চারাগাছ)।সকাল ১০.৩০: সন্তানদের নিয়ে বেড়াতে বের হওয়া অভিভাবকদের জন্য ট্রাভেল গাইড ‘পথ-প্রান্তরের রোমাঞ্চকর মুহূর্ত’। (আলোচনার বিষয়: ১. সন্তান গাড়িতে কিংবা কোলে ঘুমিয়ে পড়ে আপনাকে ভর্তা বানালে যা করবেন। ২. সন্তান গাড়িতে কিংবা কোলে হিসু করলে করণীয়।৩. সন্তান যখন আত্মীয়দের ‘আমাকে টাকা দাও’ বলে সালামি চেয়ে বসবে, তখনকার পরিস্থিতি সামলানো।বেলা ১১.০০: স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘জম্পেশ খাওয়া-দাওয়ার আগে-পরে যেভাবে হাত ধোবেন’।বেলা ১১.৩০: খাদ্যাভ্যাসবিষয়ক অনুষ্ঠান ‘যেমন খুশি তেমন খান’। (বিষয়: নতুন জামা বাঁচিয়ে এবং লিপস্টিক অক্ষত রেখে খাওয়ার উপায়)। বিকেল ৩.০০: ঈদ স্পেশাল রান্নার অনুষ্ঠান ‘পালংশাকের পায়েস আর কাঁঠালের জুসে অতিথি আপ্যায়ন’। সন্ধ্যা ৭.০০: আলোচিত রাজনীতিকদের নিয়ে গেম শো ‘লেটস প্লে: বালিশ খেলা, চেয়ার খেলা এবং বস্তা দৌড়’। (এ থেকে বোঝা যাবে, যিনি বালিশ খেলায় চ্যাম্পিয়ন হবেন তিনি নিজের দোষ আরেকজনের কাঁধে চাপাতে ওস্তাদ, যিনি চেয়ার খেলায় চ্যাম্পিয়ন হবেন তিনি ক্ষমতার লড়াইয়ে সিদ্ধহস্ত, যিনি বস্তা দৌড়ে চ্যাম্পিয়ন হবেন তিনি মন্ত্রী হওয়ার উপযুক্ত)। রাত ৯.০০: ছোটদের অর্থনীতিবিষয়ক অনুষ্ঠান ‘ছোটদের হালখাতা’। (ছোট্ট বন্ধুরা, সারা দিনের ইনকাম হিসাব করো, হিসাবের সঙ্গে যদি নগদ টাকা না মেলে টেনশন নেওয়ার কিছু নেই। আমরা আছি কী করতে? পুরো টাকা মুক্তহস্তে ‘নিকাশ’ করে পাঠিয়ে দাও আমাদের নম্বরে। টাকা নেই মানে টেনশনও নেই)। রাত ৯.৩০: বড় হয়ে গেছে বলে যারা এখন আর আগের মতো সালামি পায় না তাদের জন্য সান্ত্বনামূলক অনুষ্ঠান ‘হতাশা: আত্মহত্যা সমাধান নয়’। রাত ১২.০০: লাইভ নির্বাক সংগীতানুষ্ঠান।রাত ১.০০: তিন ঘণ্টাব্যাপী ননস্টপ টক শো ‘কথা কম বললে আয়ু বাড়ে’। (প্রসঙ্গ: তাড়াতাড়ি ঘুমানোর উপকারিতা)। (জীবনমুখী এসব অনুষ্ঠান দেখতে চোখ রাখুন টেলিভিশনের পর্দায়, পাশের বাসার মলির জানালায় নয়; ওই জানালা মরণমুখী)