রস+আলোতে লেখা জমা দেওয়ার পর লেখকেরা যা করেন
রস+আলোতে লেখা জমা দেওয়ার পর নানা প্রকৃতির লেখকেরা বিভিন্ন কাণ্ড করেন। যদিও বিষয়টা বিভাগীয় সম্পাদক ছাড়া অন্য কারও জানার কথা নয়। তবু কীভাবে কীভাবে যেন জেনে ফেলেছেন ইকবাল খন্দকারশান্তশিষ্ট প্রকৃতির লেখকেরাশান্তশিষ্ট প্রকৃতির লেখকেরা যদি লেখাটা বিভাগীয় সম্পাদকের হাতে জমা দিতে চান, তাহলে বিভাগীয় সম্পাদকের ডেস্কে গিয়ে দাঁড়ান। তবে কিছু বলে তাঁর ধ্যান ভাঙাতে চান না। অপেক্ষায় থাকেন কখন তিনি ঘুরে তাঁর দিকে তাকাবেন। শেষ পর্যন্ত যখন বি.স. ঘুরে তাকান, তখনই বলেন—একটা লেখা নিয়ে এসেছিলাম। বিভাগীয় সম্পাদক হাত বাড়িয়ে লেখাটা নেন, আর লেখক তাঁকে সালাম দিয়ে চলে আসেন। লেখাটা দেখবেন কিংবা ছাপবেন—এ ধরনের কোনো অনুরোধ করার সাহস তাঁর হয় না। লেখা হাতে জমা না দিয়ে যদি মেইলে পাঠান, তাহলে শুধু চুপচাপ একটা এসএমএস করে দেন—একটা লেখা পাঠিয়েছি।একটু অশান্ত প্রকৃতির লেখকেরালেখা নিয়ে এসে বিভাগীয় সম্পাদকের ডেস্কের পাশে দাঁড়িয়ে তাঁর দিকে ফিরে তাকানোর অপেক্ষা না করে বলে উঠবেন, একটা লেখা নিয়ে এসেছি। এভাবে বলবেন যে, বিভাগীয় সম্পাদক যত গভীর ধ্যানেই থাকুন না কেন, তিনি ফিরে তাকাতে বাধ্য হবেন। লেখাটি তাঁর হাতে দেওয়া হবে। লেখাটি তিনি তাঁর কম্পিউটারের পাশে রাখবেন। তিনি চাইবেন, লেখক এবার চলে যান। কিন্তু লেখক গেলে তো! তাঁর মধ্যে অস্থিরতা কাজ করবে একটা বিষয়ে—লেখাটা যে এখন রেখে দেওয়া হলো, পরে যদি আর না দেখেন! তাই তিনি বলে উঠবেন, লেখাটা এখন একটু পড়েন। যদি কোথাও চেঞ্জ-টেঞ্জ করতে হয়, করে দিয়ে গেলাম।একদম অস্থির প্রকৃতির লেখকেরালেখা হাতে হাতে জমা দেওয়ার পর বিভাগীয় সম্পাদককে অনুরোধ কিংবা হালকা আদেশ করার পরও যখন লেখাটি পড়াতে পারবেন না, তখন স্থান ত্যাগ করবেন ঠিকই, কিন্তু তাঁর মনের খচখচানি কমবে না। তিনি নিচে নেমেই ফোন দেবেন—ভাই, লেখাটা এই সপ্তাহেই দিয়ে দিয়েন। সাম্প্রতিক বিষয় নিয়ে লেখা তো! দেরি হয়ে গেলে লেখাটা অকেজো হয়ে যাবে। মেকআপের দিন পুনরায় ফোন—ভাই, লেখাটা এ সপ্তাহেই যাচ্ছে তো? আসলে সাম্প্রতিক বিষয় তো! মেইলে পাঠানোর পর একবার এসএমএস করবেন যে তিনি লেখাটা পাঠিয়েছেন। তারপর আবার ফোন করবেন লেখাটা পেয়েছেন কি না জানার জন্য। তারপর আবার ফোন করবেন লেখাটা যাচ্ছে কি না জানার জন্য।পণ্ডিত প্রকৃতির লেখকেরাযে উপায়েই লেখা জমা দিন না কেন, জমা দেওয়ার পরপরই তিনি ব্যস্ত হয়ে পড়েন নিজের পণ্ডিতি জাহির করার জন্য। তাঁর বা তাঁদের দেওয়া ডায়ালগের অংশবিশেষ এমন হতে পারে—বেশ কিছুদিন ধরেই লক্ষ করছি, রস+আলোটা ঠিক জমছে না। কেন জমছে না, প্রথমে আমি বুঝে উঠতে না পেরে পরে যখন দীর্ঘ সময় ধরে গবেষণা করলাম, তখন ঠিকই বুঝে গেলাম। আসলে রস+আলোটা না জমার একটাই কারণ, সেটা হচ্ছে ভালো লেখার অভাব। রস+আলোর একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে এই অভাব দূর করা অবশ্যই অবশ্যই আমার দায়িত্বের আওতায় পড়ে। আর সে দায়িত্ব থেকেই আমি এ লেখাটা আপনাকে দিলাম।তেলবাজ প্রকৃতির লেখকেরালেখা জমা নেওয়ার পর বিভাগীয় সম্পাদক অন্য প্রসঙ্গে কথা বলতে চাইলেও এই লেখক কোনোভাবেই প্রসঙ্গ পাল্টাতে দেবেন না—আসলে হয়েছে কী, বাংলাদেশে তো এখন অনেক ফান ম্যাগাজিনই আছে। তাদের লেখা সিলেকশনও দেখি, আপনারটাও দেখি। ওদের পছন্দের সঙ্গে আপনার পছন্দের তুলনা করা মানে আপনাকে ছোট করা। আপনার পছন্দ বটে। এমন কোনো লেখা নেই, যেটা পড়ে পাঁচ মিনিটের কম হাসা যায়। এসব অসাধারণ লেখা পড়তে পড়তেই আমার মধ্যে ফান বিষয়টা জন্ম নেয়। যে লেখাটা এখন জমা দিলাম, আমি এই লেখাটার ভেতরে আমার সব ফান ঢেলে দিয়েছি। আমার বিশ্বাস, আপনি যদি একবার চোখ বুলান তাহলে...।হিংসুটে প্রকৃতির লেখকেরালেখা জমা দেওয়ার পর নানান চেষ্টা করেও পরের সোমবার রস+আলো খুলে যখন দেখবেন তাঁর লেখা নেই, তখনই তাঁর হাত চলে যাবে মোবাইলে। ফোন করবেন বিভাগীয় সম্পাদককে—সংখ্যাটা দেখলাম। খুব মনোযোগ দিয়ে চেষ্টা করলাম পুরোটা পড়ার জন্য। কিন্তু ধৈর্য হলো না। একটা ভালো লেখার অন্যতম দায়িত্ব কিন্তু পাঠকের মধ্যে পড়ার ধৈর্য তৈরি করা। আজকের সংখ্যার কোনো লেখায়ই যেহেতু এই জিনিসটা আমি পাইনি, অতএব বুঝতেই পারছেন আজ কী সব লেখা দিয়ে পাতা ভরেছেন। আসলে ভাই, আপনাদের কাছে ভালো লেখার কোনো দাম নেই। যদি থাকত তাহলে আমার লেখাটা বাদ দিয়ে এসব আজেবাজে লেখা দিয়ে সংখ্যা ভরতেন না।অভিমানী প্রকৃতির লেখকেরালেখা জমা দেওয়ার পর সপ্তাহ দুয়েকের মধ্যে যখন লেখাটা ছাপা হলো না, তখনই ফোন দেবেন বিভাগীয় সম্পাদককে—ভাই, আপনি তো আমাদের লেখাটেখা ছাপবেন না। ছাপবেন কেন, আমরা তো আর বড় লেখক না! যদি অন্যদের মতো ভালো লিখতে পারতাম তাহলে হয়তো ছাপতেন। সমস্যা নেই ভাই, আপনি যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন। তবে এটাও কিন্তু ঠিক, এখন আর আগের অবস্থা নেই। এক সম্পাদক না ছাপালেই যে লেখা পড়ে থাকবে, এখন আর এই ভয় নেই। এখন লেখালেখির অনেক জায়গা হয়েছে। দেখি, আমার এই লেখাটা অন্য কোনো সম্পাদক ছাপেন কি না।