রস+আলো টক শো ট্রেনিং সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টক শোর অতিথি হতে চান?
আধুনিক বিনোদনের এক ব্যতিক্রমী ও অনন্য মাধ্যম হচ্ছে টক শো। তাই টক শোর অতিথিদের এখন বিপুল চাহিদা। অত্যন্ত সম্মান ও লাভজনক এই পেশায় অতিথি হিসেবে যুক্ত হতে পারেন অন্য যেকোনো পেশার পাশাপাশি!
রস+আলো টক শো ট্রেনিং সেন্টারে আসুন আর হয়ে যান টক শো অতিথি!
২০১৫ সাল পর্যন্ত আমাদের কোনো সিট খালি নেই। আগ্রহীরা ২০১৬ সালের জন্য বুকিং দিতে পারেন। অগ্রিম বুকিংয়ে পাচ্ছেন ১০% ছাড়!

ন্যূনতম কোর্স ফি বাবদ আমাদের এখানে ভর্তি হলে আপনি পাবেন—
 অভিজ্ঞ টক শো অতিথিদের দ্বারা পরিচালিত তিন মাসের প্রাথমিক কোর্স। এই তিন মাসেই প্রত্যেক শিক্ষার্থীকে করে তোলা হবে সব বিষয়ে জ্ঞানী।
 প্রতিটি ক্লাস শেষে দেওয়া হবে লেকচার শিট। যেদিন যে বিষয়ে কথা বলতে যাবেন তার আগে লেকচার শিটে একবার চোখ বুলালেই বিপক্ষের অতিথি হবে ধরাশায়ী। উপস্থাপকসহ গোটা দর্শকসমাজ আপনার বিষয়ভিত্তিক জ্ঞান দেখে হবে ঈর্ষান্বিত।
 তিন মাসের সফল ক্লাস শেষে অতিরিক্ত আরও তিনটি ক্লাস নেওয়া হবে অতিথিদের শিষ্টাচার শেখানোর জন্য। অনুষ্ঠান যেহেতু সরাসরি সম্প্রচার হয় তাই অতিথিদের ভাষা যেন অশালীন না হয় বা কত ডেসিবেলে জবাব দিলে টিভির ভলিউম কমাতে হবে না—সেটাও শেখানো হবে যত্নের সঙ্গে।
 শেষ ধাপে থাকবে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত বিশেষ ক্লাস। বিপক্ষের অতিথির বক্তব্যে উত্তেজিত না হওয়ার উপায় শেখাবেন তাঁরা। এমনকি অনুষ্ঠানের বিজ্ঞাপন বিরতিতেও নিজেকে নিয়ন্ত্রণে রাখার কৌশল শেখানো হবে এই ক্লাসে। এ ছাড়া কণ্ঠ ও ঘাড়ের যত্নের জন্য থাকবে বিশেষ থেরাপি।
 টিভিতে যাওয়ার আগে নতুনদের কমপক্ষে ১০টি মডেল টেস্ট দিতে হবে। সেখানে বিপক্ষের অতিথিদের দিয়ে নানাভাবে উত্তেজিত করানোর চেষ্টা চালানো হবে। তার পরও যারা লাইভ ও বিজ্ঞাপন বিরতিসহ পুরো সময় ধৈর্য ধরে অবস্থান করে ট্রেনিং সেন্টার ত্যাগ করতে পারবে, তারাই হবে চূড়ান্তভাবে মনোনীত; পাবে এ+ গ্রেডের সনদ।
 বিভিন্ন টিভি চ্যানেলের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ আছে। চ্যানেলগুলো তাদের টক শোর জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের ভাড়া করবে গ্রেড ও সম্মানী

বিবেচনা করে।
 আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হলে পাবেন ‘নিখিল বাংলা টক শো অতিথি কল্যাণ সমিতি’র গর্বিত সদস্যপদ।
 বছরের সেরা টক শো অতিথিকে দেওয়া হবে একটি সোনার মেডেল, একই সঙ্গে একজনকে আজীবন সম্মাননা পদক।
যোগাযোগ: রস+আলো টক শো ট্রেনিং সেন্টার, ৬৯ গলাবাজি লেন, ঢাকা