রস+আলো ২৪ ডটকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
 ‘রস‍+আলোর খবরে তোলপাড় সারা বিশ্ব! (ভিডিওসহ)’ এই ফিচারটি ছাপা হওয়ার পর এমন একটা খবর অনলাইন পত্রিকাগুলোতে চলে এলে মোটেও চমকাব না আমরা! আজকাল এমনই যে হচ্ছে প্রতিদিন! তাই রস‍+আলো আর বসে থাকতে পারল না! প্রকাশ করে ফেলল আরেকটি অনলাইন পত্রিকা!

শেষ আপডেট ১ মিনিট আগে ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫, ২৩ ভাদ্র ১৪২২

.
.

ঘর ভাঙল ঐশ্বরিয়ার! (ভিডিওসহ)
বিনোদন প্রতিবেদক
বলিউডের নীল নয়না ঐশ্বরিয়া রাইয়ের ঘর ভেঙেছে বলে খবর পাওয়া গেছে! তবে এতে যুবক সমাজের খুশি হওয়ার মতো কিছু ঘটেনি। আসলে কিছুদিন ধরেই অ্যাশ ও অভিষেকের নতুন ঘর নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। বসার ঘরের ইন্টেরিয়র ডিজাইন তাঁদের কারোরই পছন্দ হচ্ছিল না। ডিজাইন নিয়ে দুশ্চিন্তা দূর করতেই রাজমিস্ত্রি ডেকে ঘর ভেঙে নতুন ডিজাইন করার নির্দেশ দেওয়া হয়। এক সাক্ষাৎকারে অ্যাশ ঘটনার সত্যতা স্বীকার করলেও মুখ খুলতে রাজি হননি তাঁর পতি অভিষেক।

.
.

রক্তচোষাদের উৎপাত
ঘর-বাড়িতে আগুন দিল সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে ধ্বংস করল রক্তচোষাদের আস্তানা। পুড়িয়ে দিল তাদের ঘরবাড়ি। সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থানে মশার উৎপাত বেড়ে যাওয়ায় এলাকাবাসী নালা-নর্দমায় মশার আবাসস্থলে আগুন জ্বালিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন জ্বলছিল।

বিশ্ববিদ্যালয়ে দুই রাজনৈতিক গ্রুপের দফায় দফায় সংঘর্ষ! (ভিডিওসহ)

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সম্প্রতি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে দুটি রাজনৈতিক দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে! সরেজমিনে দেখা যায়, উঠতি চিত্র পরিচালক বাতেন বক্করের নতুন ছবি বীভৎস রাজনীতির জন্য ক্যাম্পাসে একটি সংঘর্ষের শুটিং হচ্ছিল! সেই দৃশ্য ধারণ করতে ছাত্রদের দিয়ে এ রকম সংঘর্ষ দেখানো হয়। সিনেমার নায়ক আপেল মওলা বলেন, ‘বীভৎস রাজনীতি একটি সম্পূর্ণ নতুন ধারার ছবি। চেষ্টা করেছি ব্যতিক্রম কিছু করে দেখাতে। আশা করি দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন।’ তিনি সবাইকে হলে গিয়ে সিনেমা দেখারও আমন্ত্রণ জানান।

.
.

শিশুদের হাতে আগ্নেয়াস্ত্র, বিয়েবাড়িতে বোমা হামলা!
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ‘লাদেন বোমা’ নামক এক বোমার আমদানি বেড়েছে। প্রায়ই বিকট শব্দে ফেটে উঠছে দেশের নানা প্রান্তে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এসব বোমা দেখা যাচ্ছে কোমলমতি শিশুদের হাতে! এই প্রতিবেদক খবর নিয়ে দেখেছেন, দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রঙের প্লাস্টিকের মোড়কে এ বোমা পাওয়া যাচ্ছে। দেখতে রকেট আকৃতির, এর দৈর্ঘ্য তিন–চার ইঞ্চি। সঙ্গে বিক্রি করা হচ্ছে বারুদের পাতা। দুই টাকায় পাওয়া যাচ্ছে ৩০টি। শিশুরা নিজেদের মধ্যে মজা করার জন্য বিপুল উৎসাহে এসব ফোটাচ্ছে। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানেও শিশুদের দেখা গেছে এই বোমা ফুটিয়ে মজা করতে।

বন্ধ করে দেওয়া হচ্ছে দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস!

বিশেষ প্রতিনিধি

আসছে ১৭ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পালাক্রমে বন্ধ করে দেওয়া হচ্ছে! খবর নিয়ে জানা গেছে, আগামী ঈদুল আজহা উপলক্ষে এ সিদ্ধান্ত নিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ।

.
.

রোনালদোর অবিশ্বাস্য গোল! (ভিডিওসহ)
ক্রীড়া প্রতিবেদক
গোল আর ক্রিস্টিয়ানো রোনালদো যেন সমার্থক দুটি শব্দ। সমর্থকদের কাছেও তিনি গোলমেশিন নামেই পরিচিত। তবে এবার অবিশ্বাস্য রকমের একটি গোল করে দেখালেন পর্তুগিজ এই উইঙ্গার। সম্প্রতি তাঁর প্রেমিকা (নাম প্রকাশে অনিচ্ছুক) রোনালদোকে একটি তিন কোনা প্লাস্টিকের পিরামিড উপহার দেন। কেবল দিয়েই ক্ষান্ত হননি তিনি, সেটাকে গোল করে দেখানোর আবদারও করেন সি আর সেভেনের কাছে। আবার সেটা নিয়ে ধরে বসেন বাজি! রোনালদোও দমবার পাত্র নন। দুই হাতের শক্তি প্রয়োগ করে চাপ দিয়ে তিন কোনা প্লাস্টিকের পিরামিডটিকে গোল বানাতে সক্ষম হন তিনি। বাজিতে জিতে গেলেও রোনালদোর ভীষণ মন খারাপ ছিল। মন খারাপের কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘বাজিতে জিতেছি ঠিকই, কিন্তু আমার প্রেমিকা বাজিতে হেরেছে, ওর জন্যই আমার মন খারাপ!’

.
.

আবারও সুয়ারেজের কামড়! (ভিডিওসহ)
ক্রীড়া ডেস্ক
কামড়ের জন্য তিন মাস নিষিদ্ধ থাকা উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ আবারও আলোচনায় এলেন কামড় দিয়ে! তবে এবারে তিনি প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড়ে দেননি, কামড় দিয়েছেন একটি ফলে! সম্প্রতি বার্সেলোনার এক সমর্থক মেসি, সুয়ারেজ, নেইমারদের খেলা দেখতে গিয়েছিলেন। যাওয়ার সময় উপহার হিসেবে সুয়ারেজদের জন্য নিয়ে যান নিজের বাগানের ফল। ভক্তকে খুশি করতে ফলে কামড় দেন সুয়ারেজ। এই কামড়ের ছবি ফেসবুকে আপলোড করায় পরপরই তাঁর কামড়-কাণ্ড নতুন করে আলোচনায় আসে। রস+আলোর ক্রীড়া সম্পাদক ঢাকা থেকে বার্সা কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি।

.
.

সফল ডেটিংয়ের দশটি টিপস
প্রেম কে করেনি! সেই লাইলি-মজনু, রোমিও-জুলিয়েট থেকে শুরু করে আজকালকার মোখলেস-বিউটি! প্রেম মানে না কোনো বাধা। তাই বাসার বড়রা যতই নিষেধ করুক, প্রেমিক-প্রেমিকামাত্রই ডেটিংয়ে বেরোবেন।
আর তাঁদের জন্যই দেওয়া হলো দশটি টিপস।
*ডেটিংয়ের আগের রাতে একে অপরকে ফোন করুন।
*ফোনে কথা বলে ঠিক করুন কোথায় যেতে চান।
*ফেসবুকে রেস্তোরাঁগুলোর খোঁজখবর করুন। সাধ্যের মধ্যে রেস্তোরাঁ পেলে দুজনে আলাপ-আলোচনা করে ভেন্যু ঠিক করুন।
*বেশি রাত জাগবেন না। খুব সকালে উঠুন। ত্বক, চুল ও
শরীরের যত্ন নিন।
*পোশাক আগেই ঠিক করে রাখা ভালো। যথেষ্ট পরিমাণ
বডি স্প্রে মেখে নিতে হবে।

*টাকাপয়সার ব্যাপারটাও আগে থেকে নিশ্চিত করতে হবে।

বাবার পকেট, মায়ের আলমারি, বড় ভাই/বোনের ব্যাগ থেকে টাকা

সরানোর আগে খুব সাবধান।

*বড়রা কে কোথায় থাকবেন, সে বিষয়ে আগে থেকেই খোঁজ নিন।

*বাসা থেকে বের হওয়ার সময় প্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে মানিব্যাগ খেয়াল করে পকেটে/ব্যাগে ঢোকান।

*যানজট কেমন, সেটার ওপর নির্ভর করে আপনার বাহন ঠিক করুন। হেঁটে যাওয়া ঠিক হবে না; এতে চেহারায় ক্লান্তি ভর করবে।

*যানজট ঠেলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে অপরকে ফোন করুন।

তার আগে ফুল কিনতে ভুলবেন না।