গতকাল ৭ জানুয়ারি ছিল রস+আলোর জন্মদিন। এ উপলক্ষে রস+আলোর ভাই-বোনেরা (প্রথম আলোর অন্যান্য ক্রোড়পত্র) শুভেচ্ছা জানিয়েছে। বার্তাগুলো সংগ্রহ করেছেন এইচ এম ফজলে রাব্বী

ছুটিরদিনে
কত হলো এবার বয়স? আট নাকি নয়? এখন আর হেলাফেলা করার সময় নেই। বড় হচ্ছিস, দায়িত্ব আরও বাড়ছে। ফিউচার নিয়ে টেনশন থাকলে আমার কাছে চলে আসবি। রাশিফল বলে দেব। আর এই উঠতি বয়সে অনেক ধরনের মানসিক সমস্যা থাকবেই। তাতেও চিন্তা নাই, আমার ‘মনের জানালা’ তো আছেই।

স্বপ্ননিয়ে
শুভ জন্মদিন, ভাইয়া! আর কত মানুষকে হাসিয়ে দিন কাটাবে? বয়সে ছোট হলেও এই চান্সে কিছু মোটিভেশনাল স্পিচ দিয়ে ফেলি। জীবনে সফল হতে হলে আমার পরামর্শ শুনতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের মতো কঠোর পরিশ্রম করতে হবে। হাসি-তামাশাই জীবনে সব নয়। কঠোর পরিশ্রম করে জীবনে আলোকিত হও।

নকশা
জন্মদিনে অনেক অনেক শুভকামনা। তোর জন্মদিনে আমি নিজ হাতে একটা কেক বানিয়েছি। বিকেলে নিয়ে আসব। এখন মেকআপ নিচ্ছি। একসঙ্গে সেলফি তুলব। গত সংখ্যায় ‘ভালো সেলফি তোলার ১০ উপায়’ নামে একটা ফিচার ছেপেছিলাম, পড়ে নিস। খবরদার, সেলফি তোলার সময় তোর বিটকেলে হাসিটা হাসবি না কিন্তু!

অধুনা
শুভ জন্মদিন, ভাইয়া! শুনলাম, বাবা তোকে এবার কোনো গিফট দেয়নি। মন খারাপ কোরো না, মা-বাবা অনেক সময় এ রকম করেন। সামনের সংখ্যায় এটা নিয়ে একটা ফিচার ছেপে দেব। আর আজেবাজে খাবার খাওয়া বাদ দাও। মনের কথাগুলো ‘মনের বাক্সে’ রেখে দিয়ো, সময় করে পড়ে দেখব।

আনন্দ
প্রতি সোমবার তোমার অপেক্ষায় থাকি। সারা সপ্তাহ তারকাদের নিয়ে ব্যস্ত থাকতে থাকতে হাসতেই তো ভুলে যাই! ব্যস্ততার কারণে দেখাও হয় না আজকাল। দেখা হলে ট্রিট দিয়ো। আর কোনো তারকার সঙ্গে দেখা করতে চাইলে জানিয়ো, ব্যবস্থা করে দেব।

গোল্লাছুট
শুভ জন্মদিন! খালি বড়দের জন্য কৌতুক বললে হবে? ছোটদের কথাও একটু ভাবিস। আমরা অবশ্য এই পরিবারের একই টাইপের পাবলিক; তুই রসাতলে যাচ্ছিস, আমি যাচ্ছি গোল্লায়। যা হোক, একজন নতুন কার্টুনিস্ট খুঁজছি, নতুন কমিকস স্ট্রিপের জন্য। আছে নাকি কেউ, খোঁজ দিস তো।

শিল্পসাহিত্য
মানুষ হাসানো তো বেশ আয়ত্ত করেছিস। তবে জানিস তো, জীবনে হাসিই শেষ কথা নয়! মানুষের অন্তর্গত জগতটা আবিষ্কার করতে চাইলে মানুষের দুঃখ-কষ্টগুলোও উপলব্ধি করতে হবে। জীবন সম্পর্কে খুব চমৎকার একটা কথা বলেছিলেন মার্কিন কবি রবার্ট ফ্রস্ট, ‘জীবন সম্পর্কে যা শিখেছি তা আমি তিনটি শব্দে ব্যাখ্যা করতে পারি—জীবন চলতে থাকে’। কী গভীর তাৎপর্যময় কথা, চিন্তা কর! এসব বুঝতে হলে নিয়মিত আমার গল্প-কবিতাগুলো পড়িস। জীবন এবং সাহিত্যের আসল রস আস্বাদন করতে শিখবি।