পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। প্রধান কোচের পদটি যেকোনো সময় খালি হয়ে যাবে। এই শূন্যস্থান পূরণ করবেন কে? হয়তো অনেকের নামই কানে এসেছে আপনার। কিন্তু ক্রিকেটের ধারেকাছেও যাননি এমন অনেকের মাঝেও আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার অমিত সম্ভাবনা। রস+আলোর পক্ষ থেকে তেমনই কিছু ব্যতিক্রমী সম্ভাব্য কোচ এবং কোচিং স্টাফদের ব্যাপারে সুপারিশ করলেন আসফিদুল হক, আঁকলেন শিখা

বোলিং কোচ
নিখুঁত লাইন-লেন্থ বজায় রেখে বল করার জন্য চাই একজন সময়োপযোগী বোলিং কোচ। বর্তমান বোলিং কোচ কোর্টনি ওয়ালশ নিঃসন্দেহে অসাধারণ। কিন্তু অনেকের ধারণা, বোলারদের ভেতরে যে বারুদ আছে, তাতে তিনি আগুন লাগিয়ে দিতে পারছেন না। চোখের পলকে আগুন লাগাতে পারেন এমন কোচ খোঁজার জন্য আমাদের মনোযোগ দিতে হবে এ দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা পিকেটারদের ওপর। একমাত্র তাদের পক্ষেই সম্ভব বিভিন্ন প্রতিকূল পরিবেশ জয় করে, নিখুঁত লাইন-লেন্থ বজায় রেখে বিভিন্ন যানবাহনে পেট্রলবোমা মেরে আগুন লাগিয়ে দেওয়া। এই দক্ষতা যদি আমাদের বোলারদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে প্রতিটা বলেই তঁারা ব্যাটসম্যানের স্টাম্প আগুন দিয়ে উড়িয়ে দিচ্ছেন।

ব্যাটিং কোচ
ক্রিকেটে এখন প্রথাগত ব্যাটিংয়ের দিন শেষ, টি-টোয়েন্টির কল্যাণে টেস্টেও দেখা যায় ধুন্ধুমার ব্যাটিং। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য চাই এমন একজন কোচ, যিনি প্রথাগত ব্যাটিংয়ের ব্যাকরণ ভুলিয়ে দিয়ে কেবল ধুন্ধুমার ব্যাটিং শেখাবেন। ব্যাটিং কোচ হিসেবে তাঁরাই অগ্রাধিকার পাবেন, যাঁদের ইচ্ছেমতো পেটানোর দক্ষতা আছে। এ জন্য বেশি খোঁজার দরকার নেই। গত কয়েক বছরের পত্রিকা ঘাঁটলেই আমরা এমন অনেক ‘হাই-প্রোফাইল’ ব্যক্তিদের খুঁজে পাব। পাশাপাশি দেশের কিছু ‘ছাত্রেরও’ কিন্তু টি-টোয়েন্টি মেজাজে পেটানোর ক্ষমতা আছে। সুতরাং তাদেরও গোনার মাঝে রাখতে হবে। তবে আসল চ্যালেঞ্জ হচ্ছে এত প্রতিভাবানের ভেতর থেকে আসল রত্নকে খুঁজে বের করতে পারা। তবু দলীয় বিবেচনায় যেকোনো একজনের অধীনে কয়েক দিন ব্যাটিং প্র্যাকটিস করলেই আর কিছু লাগবে না। ব্যাটসম্যানেরা এমন দক্ষ হবেন যে প্রতিটা বল যাবে স্টেডিয়ামের বাইরে, এমনকি মাঝেমধ্যে মহাশূন্যেও!

ফিল্ডিং কোচ
ফিল্ডিংয়ে দক্ষতার জন্য চাই তিনটি গুণ। ১. অপরিসীম ধৈর্য আর মনোযোগ, ২. উড়ন্ত যেকোনো কিছু মাটিতে পড়ার আগেই ধরে ফেলা এবং ৩. যেকোনো কিছু সঠিকভাবে টার্গেট অনুযায়ী ছুড়ে দেওয়া। একই সঙ্গে এই তিন গুণ ধারণ করেন, এমন থ্রি-ইন-ওয়ান মানুষ পাওয়া কিন্তু মোটেও কঠিন কিছু নয়। যেকোনো গার্লস স্কুল-কলেজের সামনে দাঁড়িয়ে থাকা এবং বিভিন্ন পাড়া-মহল্লার বিখ্যাত রোমিওদের মাঝে এই তিনটি গুণের অসাধারণ সমন্বয় আছে। এই রোমিওরা ঘণ্টার পর ঘণ্টা মেয়েদের বাসা অথবা স্কুল-কলেজের সামনে অসীম ধৈর্য নিয়ে অপেক্ষা করেন। পাশাপাশি কোনো বারান্দা থেকে ছুড়ে দেওয়া চিঠি বা উপহার নিখুঁত দক্ষতার সঙ্গে লুফে নিতে এবং একইভাবে নির্দিষ্ট বারান্দায় যেকোনো কিছু ছুড়ে দিতেও ওস্তাদ। সুতরাং এঁদের মধ্য থেকে কাউকে কোচ হিসেবে নিয়োগ দিলে আমাদের ক্রিকেটারদের হাত থেকে ফসকাবে না কোনো ক্যাচ, চোখের পলকে হবে রানআউট।

স্লেজিং কোচ
স্লেজিং যে একটি শিল্প, সেটি দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ানরা। তাদের সাফল্যের পেছনে স্লেজিংয়ের অবদান অনেক। বাংলাদেশেরও কিন্তু এই খাতে রয়েছে বিশাল সম্ভাবনা। এ জন্য শুধু দরকার ‘গঞ্জ’যুক্ত একটি এলাকা থেকে একজন দক্ষ স্লেজিং মাস্টার নিয়োগ দেওয়া। দিলেই কেল্লাফতে। মাঠে গিয়ে ক্রিকেটাররা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের এমন স্লেজিং করবেন যে সেসব শুনে এমনিতেই আউট হয়ে যাবে। স্লেজিংয়ে আমাদের সাফল্য দেখে অস্ট্রেলিয়াও স্লেজিং কোচ খোঁজার জন্য ছুটে আসছে বাংলাদেশে, এমন দৃশ্যও কিন্তু অসম্ভব কিছু নয়।

রানিং কোচ
রানিং কোচ মানে কিন্তু চলমান কোচ নয়। রানিং কোচ মানে রানের জন্য আলাদা কোচ। ক্রিকেটে বাঘা বাঘা ফিল্ডারের চোখের সামনে দিয়ে রান চুরি করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের ক্রিকেটাররা এ কাজে এখনো ঢের পিছিয়ে। তাই রানিং কোচের জন্য ভালো দেখে আমাদের দেশের যেকোনো শীর্ষ ঋণখেলাপিকে নিয়োগ দেওয়া যেতে পারে। তিনি ক্রিকেটারদের শেখাবেন কী করে সবার চোখের সামনে দিয়ে, উইকেট অক্ষত রেখে, বুক ফুলিয়ে রান চুরি করা যায়। বেশির ভাগ সময়ই দেখা যাবে, এই চুরি করা রানেই জিতে যাচ্ছে আমাদের দল।