রস খাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ডিসেম্বরে শীতের ছুটিতে বাড়িতে ছিলাম। একদিন আমার এক চাচাতো ভাই ও কয়েক বন্ধুর উৎসাহে মাথায় ভূত চাপল, রাতে খেজুরের রস চুরি করে খাব। ঠিক হলো আমার পাশের বাড়ির চাচার গাছের রসই চুরি করা হবে। কারণ, তাঁর একটি গাছের রস খুব মিষ্টি আর গাছটিও নিচু। পরিকল্পনামতো ভোর রাতের দিকে মাঠে গেলাম এবং গাছ থেকে হাঁড়ি নামিয়ে রস খেয়ে আছাড় দিয়ে হাঁড়িটা ভেঙে সবাই যার যার বাড়িতে চলে এলাম। সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু বিপত্তি বাধাল ঘণ্টা খানেক পর যখন পেটটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। দৌড়ে বাথরুমে যাওয়ার পরই শুরু হলো পাতলা পায়খানা। সে এক চরম অবস্থা, একেবারে বাথরুমের সঙ্গে অটো কানেকশন। কোনোমতে রাতটা পার হলো কিন্তু সকালে অবস্থা অপরিবর্তিত। আমার এ অবস্থা দেখে বাড়ির সবাই চিন্তিত। সকালে কোনোমতে উঠানের রৌদ্রে দাঁড়িয়ে আছি, এমন সময় ওই চাচার ছোট ছেলে দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকল। অবস্থা দেখে মনে হলো সে খুব খুশি। আমি জিজ্ঞেস করলাম, ‘কী হয়েছে?’ সে কোনো জবাব না দিয়ে মায়ের কাছে গিয়ে বলল, ‘জেঠি, আইজক্যা চোরের উচিত শিক্ষা হইব, রস খাইয়্যা কলসি ভাইঙ্গা থুইয়্যা গেছে।’ কথা শুনে মাও খুশি হয়ে বলল, ‘ভালো হইছে। চোর আইজকা ঠেলা বুঝব।’ আমি মাকে বললাম, ‘কী হয়েছে?’ মা বলল, ‘তোর চাচার ওই নতুন গাছের রস কে জানি প্রতিদিন চুরি কইরা খায়। তাই আমি বুদ্ধি দিছিলাম, জামাল গুটা গুঁড়া করে কলসিতে দিতে। গত রাতে তোর চাচা দিয়া রাখছিল।’ আমার আর বুঝতে বাকি রইল না কেন আমার এই অবস্থা। মা ওই ছেলেকে বলল, ‘খোঁজ রাখিস আশপাশের আজ কারও ডায়রিয়া হইছে নি। অইলে বুঝবি সেই চোর।’ কিন্তু মায়ের মনে একটি বারের জন্যও মনে হয়নি তার ছেলেই সেই চোর। যা-ই হোক, দেড় দিন পর আল্লাহর রহমতে সেই অবস্থা থেকে মুক্তি পেলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম আমার সহযোগীদেরও একই অবস্থা। আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সূর্যসেন হল।