রসগোল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবুলের মতো মাথামোটা ছাত্র আমাদের ক্লাসে আর একটাও ছিল না। প্রতিবছর পরীক্ষায় ফেল করায় সবাই তাকে ‘ফেলটু হাবুল’ বলে ডাকত। আমাদের হেড স্যার একদিন ক্লাসে সবাইকে প্রশ্ন করলেন, ‘পৃথিবীতে সবচেয়ে মিষ্টি শব্দ কোনটি?’ এ প্রশ্নের উত্তর স্বাভাবিকভাবেই হওয়া উচিত ‘মা’। কিন্তু স্যারের কথা শেষ না হতেই হাবুল বিজ্ঞের মতো জবাব দিল, ‘রসগোল্লা, তাই না স্যার?’ হাবুলের কথা শুনে আমরা অনেকেই মুখ চেপে হাসলাম আর ভাবতে লাগলাম, হাবলুকে স্যার আজ কী শাস্তি দেবেন। কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে হেড স্যার হাবুলের কাছে এলেন। ওর মাথায় হাত বুলিয়ে বললেন, ‘বাহ্! তোর তো অনেক বুদ্ধি হয়েছে। পরীক্ষার খাতায় রসগোল্লার কথা লিখিস, বুঝলি? তাহলে অনেক নম্বর পাবি।’ স্যারের কথার মধ্যে যে বক্রোক্তি ও তিরস্কার লুকিয়ে ছিল, তা বোঝার ক্ষমতা আমাদের থাকলেও হাবুলের আদৌ ছিল না। সে এটাকে প্রশংসা বা উপদেশ হিসেবেই ধরে নিল। এর কিছুদিন পর আমাদের বার্ষিক পরীক্ষা হলো। অবশেষে পরীক্ষার এক মাস পর এল সেই বিশেষ দিন, আমাদের রেজাল্ট বেরোনোর দিন। হেড স্যার ক্লাসে এসে একে একে সবার রেজাল্ট ঘোষণা করতে লাগলেন। সেই সঙ্গে আমরা পরীক্ষার খাতায় কে কেমন লিখেছি, তাও তিনি পড়ে শোনাতে লাগলেন। সবশেষে এল হাবুলের পালা। ‘মুষলধারে বৃষ্টি হচ্ছে’-এর ইংরেজি করতে গিয়ে হাবুল লিখেছে, ‘ঝমঝম করে রেইনিং।’ কিংবা কোনো প্রশ্নের উত্তরে সে লিখেছে, ‘শের শাহ ঘোড়ার ডাকের প্রচলন করেন। কারণ, এর আগে ঘোড়া ডাকতেই পারত না, একদম বোবা ছিল।’ হাবুলের উত্তরের নমুনা দেখে ততক্ষণে সারা ক্লাসে হাসির বন্যা শুরু হয়েছে। একপর্যায়ে স্যার হাবুলের বাংলা দ্বিতীয় পত্রের খাতা পড়ে শোনাতে লাগলেন। ‘তোমার জীবনের স্মরণীয় ঘটনা’ এ রচনায় হাবুল লিখেছে, ‘আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হলো বাবার পকেট থেকে ১০০ টাকা চুরি করে অজয় কাকার হোটেল থেকে এক কেজি রসগোল্লা কিনে খাওয়া। কিন্তু দুঃখের বিষয়, বাবা জানতে পেরে আমাকে এমন প্যাদানি দিয়েছিল যে আমার শরীরের সব রস বেরিয়ে গিয়েছিল।’ আমরা সবাই হাসলেও হেড স্যার কিন্তু মোটেও হাসলেন না। হাবুলকে উদ্দেশ করে গর্জে উঠলেন তিনি, ‘হতচ্ছাড়া, পাজি, বদমাশ! তুই তো এবারও ফেল করেছিস, লেখাপড়ার নাম নেই, পরীক্ষার খাতায় শুধু ছাইপাঁশ লেখা, তাই না? এই দেখ, তোকে সব বিষয়ে কত বড় বড় রসগোল্লা দিয়েছি।’ এ ঘটনার পর থেকে হাবুলকে দেখলেই আমরা বলতাম, ‘কিরে হাবুল, সব রসগোল্লা একাই খেলি, আমাদের একটাও দিলি না?’ ওয়্যারলেস গেট, মহাখালী, ঢাকা।