রসগোল্লা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে ডিসেম্বর মাসের ঘটনা। অজপাড়াগাঁয়ের একটি স্কুলে ফলাফল দেওয়া হচ্ছে। এলাকার কিছু লোকও উপস্থিত ছিলেন সেখানে। পরদিন জেলাভিত্তিক একটি সাধারণ পত্রিকায় শিরোনামে ছাপা হলো—‘ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষকদের রসগোল্লা বিতরণ’। সকালে চায়ের দোকানে এলাকার কিছু লোক শুধু শিরোনামটি দেখেই স্কুলের হেডমাস্টারকে শুভেচ্ছা জানানোর জন্য ছুটলেন। তাঁদের ধারণা, এই স্কুলের ফলাফল এবার নিশ্চয়ই এত ভালো হয়েছে যে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের মিষ্টি-রসগোল্লা বিতরণ করেছেন। হেডমাস্টারকে তাঁরা শুভেচ্ছা জানাতেই হেডমাস্টার তো অবাক। তিনি এবার তাঁদের পত্রিকার সংবাদটি বিস্তারিত পড়তে বললেন। প্রকৃত বিষয়টি খবরটি পড়ার পর সবাই বুঝতে পারলেন। সেবারের পরীক্ষায় সপ্তম শ্রেণীর দুই-একজন ছাড়া বাকি সবাই ফেল করেছে। শুধু ফেলই নয়, তারা পরীক্ষার খাতায় কোনো নম্বরই পায়নি। তাই শিক্ষকেরা তাদের খাতায় দুটো করে শূন্য বসিয়ে দিয়েছেন। ফলাফলের দিন উপস্থিত এক সাংবাদিক শিক্ষকদের এই শূন্য নম্বর দেওয়াকে ব্যঙ্গ করে ‘রসগোল্লা বিতরণ’ বলে ছাপিয়ে দিয়েছেন। সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।