রসনার শিল্প
কোথায় কোথায় মিলতে পারে শিল্পের খোঁজ? আপনি নিশ্চয়ই বলবেন চিত্রশালা কিংবা জাদুঘরের কথা। এমনকি খোলা ময়দান অথবা স্রেফ রাস্তাঘাটের কথাও মাথায় আসতে পারে কারও কারও। কিন্তু খাবার টেবিলে শিল্প? শিল্পরসিকদের এবার একটুখানি নড়েচড়ে বসার পালা। হ্যাঁ, খাবারে শিল্পের ছোঁয়াটাই রাখতে চায় মারমেইড ক্যাফে। ব্যতিক্রমী এই শিল্প আসরের একটা উপলক্ষও আছে। ঢাকার বারিধারায় মারমেইড গ্যালারি ক্যাফে তাদের বর্ষপূর্তি উপলক্ষে নিয়ে এসেছে একদম ভিন্ন স্বাদের কিছু খাবারদাবার। যার জবরদস্ত একটা নামও দিয়েছে তাঁরা, ‘মাউথওয়াটারিং আর্টস’। সোজা বাংলায় ‘জিভে জল আনার শিল্প’। তবে শুধু জিভে জল জোগানো অথবা উদর পূর্তি নয়, মারমেইড গ্যালারি ক্যাফেতে আয়োজন ছিল আরও নানাবিধ। ১৩-১৫ অক্টোবর তাদের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে মারমেইডে হাজির ছিলেন ডিজে কিয়ারা। লেমোনেড অথবা ফলের রসে চুমুক দিতে দিতে গান শোনার ফুর্তিই তো আলাদা। বর্ষপূর্তি উৎসবের তিন দিনে ছিল বিশেষ বুফে। ১৬০০ টাকায় মারমেইডের বাবুর্চিদের প্রায় সব রকমের রান্না চেখে দেখবার সুযোগ। সঙ্গে উপরি হিসেবে অতিথিরা পেয়েছেন ফলের ঝুড়ি। একদম বিনে পয়সায়। ঢাউস সাইজের লব স্টারের দেখা ঢাকায় খুব কম জায়গাতেই মেলে। কক্সবাজারের সেই সব বিশাল তরতাজা লবস্টার ‘অতিথি’ হয়ে এসেছিল মারমেইড ক্যাফেতে। কেউ কেউ যাওয়ার বেলায় কিনেও নিয়ে গেছেন তাদের।