রসনায় বাঙালিয়ানা
জানালাগুলো জমিদারি আমলের; ঝাড়বাতি থেকে শুরু করে বসার জায়গাটাও। প্রথম দর্শনে কুঠিবাড়ির একটা আমেজ পেতে পারেন। জানালা গলে আসা শেষ বিকেলের আলো থেকে চোখ ফিরিয়ে ভেতরে ফেলতেই বুঝবেন, এটি বনেদি আমলের বৈঠকখানা নয়, হাল আমলের বাংলা খাবারের রেস্তোরাঁ—ওহ! ক্যালকাটা। লিফটের কপাট খুলতেই কলকাতা শহরের ছোট একটা মানচিত্র আপনাকে অভ্যর্থনা জানাবে। ভেতরের দেয়ালে জায়গা পেয়েছেন সুচিত্রা সেন, সত্যজিৎ রায়, মাদার তেরেসা, অপর্ণা সেন, উত্তমকুমার, শম্ভু মিত্র প্রমুখ প্রথিতযশা বাঙালি। প্লেটে স্কেচ করে আঁকা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, পুরোনো কলকাতা, কলকাতা হাইকোর্ট ও হাওড়া ব্রিজের ছবি।চারদিকে চাইনিজ ও কন্টিনেন্টাল রেস্তোরাঁর ভিড়ে খাস বাংলা খাবারের আয়োজন নিয়ে এসেছে ওহ! ক্যালকাটা। খাবারের পদ কমই। মোটে ৬৪টি পদ আছে মেন্যুতে। তবে প্রতিটিই অনন্য। কলার মোচার চপ, ভাপা আলু, চিচিঙ্গার কাটলেট, কাঁকড়া-চিংড়ি ভাপা, আদা-লেবু ভাপা মাছ, মুরগি-পালং পাতুরি, ভেকটি (ভেটকি নয়) মাছের ঝোল প্রভৃতি দিয়ে শুরু করবেন খাওয়া। মূল খাবারে আমিষভোজীদের জন্য আছে চিংড়ির মালাইকারি, পাবদা তেল বড়ির ঝোল, দই-মাছ, রুই মাছের দমঝাল, মাছের পালং ঘণ্ট, গলদা চিংড়ি, আম-কাসুন্দি কাঁকড়া, চিটাগং মসালা মুরগি, কাঁচালঙ্কা মুরগি, কষা মাংস, মাটন রেজালা, নবাবি দম বিরিয়ানি প্রভৃতি। নিরামিষাশীদের জন্য আছে কাঁচালঙ্কা তরকারি, কালো জিরা দিয়ে ফুলকপি-সরষে, হিং আলুর দম, মোচার ঘণ্ট, আম দিয়ে ভেন্ডি, ভাজার থালা, ঝিঙে আলুর পোস্ত প্রভৃতি। আরও আছে কাজু কিশমিশ পোলাও, মুরগি মরিচ পোলাও, বাসমতী চালের ভাত, নান, পুদিনা পরোটা, লাচ্ছা পরোটা, গন্ধরাজ সালাদ, রাইতা, চাটনি প্রভৃতি। শেষপাতে পাবেন মালপোয়া, ভাপা সন্দেশ, পায়েস, মিষ্টি দই, রসগোল্লা প্রভৃতি।এখন রেস্তোরাঁয় গেলে উপভোগ করতে পারবেন ইলিশ উৎসব। পাবেন ইলিশের মুখরোচক সব খাবার; যেমন—ভাপা ইলিশ, কুমড়োপাতা আম আচারের ইলিশ, ইলিশের টক, ধনেপাতা ভাপা ইলিশ, আম তেল ইলিশ, ইলিশ পোলাও, লঙ্কা ভাপা ইলিশ প্রভৃতি। মসলা ব্যবহার করা হচ্ছে কলকাতার। তবে অন্যান্য কাঁচামাল এখান থেকেই সংগ্রহ করা হয়।‘কলকাতার বয়স প্রায় ৩০০ বছর। ওখানকার খাদ্যাভ্যাসে ফিরিঙ্গি, ব্রিটিশ, পর্তুগিজ, রুশ প্রভৃতি খাবার ঢুকে স্বাদে বৈচিত্র্য এনেছে। তার স্বাদ পাওয়া যাবে ওহ! ক্যালকাটায়।’ বলছিলেন ওহ! ক্যালকাটার ঢাকা শাখার ব্যবস্থাপক রানা পাতিল। তিনি আরও বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী সেই খাবারগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। বলতে পারেন, সেগুলোই নতুনভাবে উপস্থাপন করছি আমরা। এভাবেই সারা বিশ্বে ভারতীয় খাবার পাশ কাটিয়ে বাংলা খাবারের একটা পরিচিতি এনে দিতে চাই।’ এই মুহূর্তে ভারতের দিল্লি, মুম্বাই, পুনে, চেন্নাই, হায়দরাবাদ ও কলকাতায় তাদের মোট শাখা আছে ১২টি। ঢাকার বনানীর ১১ নম্বরের রেস্তোরাঁটিতে যাওয়ার আগে বুকিং করে গেলে ভালো হয়। ফোন নম্বর ৮৮১২৭৬৩-৬৪। হাজার-পনেরো শ টাকায় দুজন মোটামুটি খেতে পারবেন। চারজন খেলে অঙ্কটা হয়ে যাবে আড়াই হাজার।প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এখানকার লাঞ্চ আওয়ার। এরপর রেস্তোরাঁ বন্ধ থাকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। সাতটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে রাতের খাবার। এ ব্যাপারে রানা পাতিল বলেন, ‘টানা কাজ করলে কর্মীরা ক্লান্ত হয়ে পড়বে। আমাদের মান অনুযায়ী সেবা দিতে ব্যর্থ হবে। এ ছাড়া বিকেলে খাওয়ার মতো সে রকম কিছু আমাদের এখানে নেই। তাই বিকেলটা আমরা বন্ধ রাখি।’ রসুইঘর থেকেঝিঙে-আলুর পোস্তউপকরণ: ঝিঙে ৫০০ গ্রাম, আলু ১০০ গ্রাম, কালোজিরা ২ গ্রাম, সরিষার তেল ২৫ গ্রাম, কাঁচা মরিচের কুচি ৩ গ্রাম, কাঁচা মরিচের বাটা ৮ গ্রাম, পোস্তদানাবাটা ২৫ গ্রাম, লবণ পরিমাণমতো।প্রণালি: ঝিঙের খোসা ছাড়িয়ে নিন। এরপর মাঝারি আকারের করে কাটুন। আলু ছিলে ছোট ছোট কিউব আকারে কেটে নিন।কড়াইয়ে সরিষার তেলে কালোজিরা ও কাঁচামরিচের কুচি দিয়ে গরম করতে হবে। প্রথমে আলুকুচি ও লবণ দিয়ে কিছুক্ষণ জ্বাল দিতে হবে। মিনিট পাঁচেক পর ঝিঙে দিয়ে বেশি জ্বালে কিছু সময় রান্না করতে হবে। এরপর পোস্তদানাবাটা ও লবণ দিয়ে পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।