রসমুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বে শ কয়েক বছর আগের ঘটনা। আমরা তিন বন্ধু—আমি, রবিন ও বাবলু। সামনেই আমাদের এসএসসি পরীক্ষা ছিল। তাই আমরা রাত জেগে পড়াশোনা করতাম। তখন ছিল পৌষ মাসের মাঝামাঝি সময়। যা-ই হোক, সেদিনও রাতে আমরা তিনজন পড়াশোনা করছি। এমন সময় আমি রবিনকে বললাম, ‘চলো, আজকে আমরা খেজুরের রসের পায়েস রান্না করে খাব।’ সঙ্গে সঙ্গেই ওরা রাজি হয়ে গেল। কিন্তু সমস্যা হলো, এত রাতে রস পাব কোথায় আর আনব বা কেমন করে। তখন আমি বললাম, ‘আজকে আমার ছোট কাকার (অনিল কাকা) খেজুরগাছ কেটেছে, চল ওই গাছগুলো থেকে রস পেড়ে নিয়ে আসি।’ সঙ্গে সঙ্গেই ওরা ‘না’ বলল। কারণ, ওই খেজুরগাছগুলো ছিল আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এবং ফাঁকা জায়গায়। কিন্তু খেজুরের রসের পায়েস খাওয়ার লোভও সামলাতে পারছি না। অবশেষে বাড়ি থেকে একটি জগ ও কলসি নিয়ে আমরা বীরদর্পে রওনা হলাম খেজুরের রস আনার অভিযানে। কিন্তু একি! বাইরে এসেই দেখি ঘন কুয়াশা ও তীব্র শীত এবং সেই সঙ্গে শীতল হাওয়া বইছে। গায়ের রোম যেন শজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠছে। আর এত ঘন কুয়াশা যে আট-দশ হাত সামনের সবকিছুই ঝাপসা দেখা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। আট-দশ মিনিট হাঁটার পর আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম। খেজুরগাছের নিচে দাঁড়িয়ে নিজেদের মধ্যে পরামর্শ করছি কে গাছে উঠবে। তখন বাবলু বলল, ‘আমি গাছে উঠছি, তুই আমার পেছন পেছন ওঠ।’ বাবলু গাছে উঠে গেছে এবং আমি তাকে সাহায্য করার জন্য গাছের কিছু ওপরে উঠেছি। আর রবিন গাছের নিচে দাঁড়িয়ে আছে। বাবলু খেজুরগাছ থেকে রসের ভাঁড় (মাটির পাত্র) খুলে আমার হাতে দিল। এবং আমি রসের ভাঁড় নিয়ে গাছ থেকে কিছুদূর নিচে নেমে রবিনকে রসের ভাঁড় ধরতে বলি। রবিন তখন দুই হাত উঁচু করে গাছের গোড়ায় এগিয়ে এল। আমি তার হাতের দিকে রসের ভাঁড় ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে রবিনের হাত ফসকে রসের ভাঁড় ওর মাথার ওপর পড়ে ভেঙে গেল এবং রসে তার পুরো শরীর ভিজে গেল। তখন বাবলু ও আমি হাসতে হাসতে গাছ থেকে কোনোমতে নিচে নেমে আসি। বেচারা রবিন তখন রেগে গিয়ে বলতে লাগল, ‘তোরা হাসছিস কেন? রস খালি আমার মাথায় না, কিছুটা মুখেও ঢুকেছে। তোরা তো এক ফোঁটাও পাসনি।’ ডুমুরিয়া, খুলনা।