রসাল ফলের বিবিধ ব্যবহার
ফল শুধু খাওয়ার জিনিসই নয়, এগুলো দিয়ে আরও অনেক কিছু করা যায়। ফলের বিবিধ ব্যবহার নিয়েই এবারের আয়োজন।

কলা থেকে কলম
কলার মাথায় একটা পেনসিলের শিস অথবা কলমের শিস আটকে দিন। সাদা কাগজে লিখুন লাইনের পর লাইন কবিতা অথবা মাই এইম ইন লাইফ রচনা।
দোকানেতে লক্ষ কলা, কলম কিন্তু একটা রে, এইইইইয়া..
রাখালের লাঠি হিসেবে আখ
রাখালদের গরু পেটানোর লাঠির মোক্ষম বিকল্প হতে পারে আখ।
অন্য সব গরু দুধ দেয়, আর এই গরু দেয় আখের রস!
দেয়াল রাঙাতে জাম
রঙের দাম অনেক বেড়েছে! কোনো সমস্যা নেই, কয়েক কেজি জাম কিনে এনে সবগুলো ভর্তা বানিয়ে রাঙিয়ে ফেলুন আপনার বাড়ির দেয়াল। হাপাম সাহেব, আপনার পুরা বাড়িটাই তো জাম কালারের, কিন্তু নিচ দিয়ে সাদা হইয়া গেল ক্যান!
আর বইলেন না, এলাকার পোলাপাইনগুলা বিরাট বদ, দেয়ালে হিসু কইরা গেছে মনে হয়
পিঠ চুলকাতে লিচু
একটা স্বাস্থ্যবান লিচু অথবা লিচুর খোসা ভালোভাবে লাঠির আগায় বেঁধে ফেলুন। এবার সেটা দিয়েই পিঠ চুলকান। আরাম আর আরাম।
ভাই, বাঁশের আগায় লিচু বাঁধতেছেন ক্যান?
দোতলায় অফিসের বস থাকেন তো, তাঁর পিঠ চুলকে দেওয়ার চেষ্টায় আছি।
আঙুর যখন গলার মালা
দাম দিয়ে ফুলের মালা না কিনে কয়েকটা আঙুর বেঁধে নিন সুতোয়। প্রেমিক-প্রেমিকার আড়ালে এলে খেয়েও ফেলতে পারেন মালাটা।
কী হলো, তোমার গলার মালার পাঁচটা আঙুর কই?
তোমার আসতে অনেক লেট হচ্ছিল, অপেক্ষা করতে করতে খিদার চোটে কয়েকটা খেয়ে ফেলছি।
কাঁঠালের চামড়া হোক মাজুনি
খসখসে কাঁঠালের চামড়া দিয়ে কাপড় পরিষ্কার করতে পারেন অথবা থালাবাসনও মাজা যেতে পারে।
কী রানছ! মাছের মধ্যে কাঁঠালের গন্ধ, মাংসের মধ্যেও কাঁঠালের গন্ধ!
বাবা, তোমার শার্টেও আজকে কাঁঠাল ফ্লেভারের পারফিউমের গন্ধ!