রসুইঘরের পরিচ্ছন্নতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসুইঘরের পরিচ্ছন্নতার ওপর নির্ভর করে পরিবারের প্রতিটি মানুষের সুস্থতা। রসুইঘর মানে রান্নাঘরের যত্নআত্তি কেমন হওয়া উচিত, সে বিষয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া বলেন, রসুইঘরের কাঠামো এমন হতে হবে, যেন সহজে পরিষ্কার করা যায়। তাঁর পরামর্শ হলো,প্রতিদিন রান্না শেষ হওয়ার পর রসুইঘরের চারপাশ পরিষ্কার করে রাখতে হবে, যেন ময়লার স্তর না পড়ে। গ্যাসের চুলা অবিশুদ্ধ গ্যাস ব্যবহারের কারণে তেল চিটচিটে হয়ে যায়। কারণ, গ্যাসের সঙ্গে তেলের কণা মিশ্রিত থাকে। সে জন্য চুলা থেকে তেল বা ধোঁয়া যেন সারা ঘরে না ছড়ায়, সেদিকে খেয়াল রাখতে হবে।পানিতে ফিনাইল মিশিয়ে রসুইঘরের মেঝে পরিষ্কার করতে হবে। রসুইঘরের দেয়ালে ম্যাট টাইলস ব্যবহার না করে গ্লসি টাইলস ব্যবহার করা ভালো। এতে দেয়ালে ময়লা আটকে থাকে না আর পরিষ্কারও করা যায় সহজে। কাউন্টার টপ বা ওয়ার্কিং টপ সমতল জায়গায় রাখতে হবে। কাউন্টার টপ ও রসুইঘরের মাপে ইউ আকারের কিচেন কেবিনেট কিনতে পাওয়া যায়, সেটা কিনে নিতে পারেন। রসুইঘরের সিংক প্রতিদিন পরিষ্কার রাখতে হবে। সিংকে যেন শক্ত কোনো খাবারের টুকরা না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। রান্নার পরপরই প্রতিদিনকার হাঁড়ি-পাতিল ধুয়ে ফেলতে হবে। তেল চিটচিটে হলে কুমুস গরম পারিতে ভিম মিশিয়ে স্পঞ্জ বা ফোম দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। মাছ ভাজার কড়াইও প্রতিদিন এঁটো অবস্থায় না রেখে ধুয়ে ফেলতে হবে। ননস্টিক হাঁড়ি-পাতিল ধোয়ার সময় নরম স্ক্রাব ব্যবহার করতে হবে। জেনে নিন রসুইঘর কীভাবে পরিচ্ছন্ন রেখে পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা যায়, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন স্থপতি এবং ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের ব্যবস্থাপক সাইদা ফজিলাতুন নাজ।রসুইঘরের পরিচ্ছন্নতার ক্ষেত্রে প্রথমেই দুটি বিষয় খেয়াল রাখতে হবে; ভেজা জোন ও শুষ্ক জোন। কাটাকুটি যেখানে করা হয়, সেটি শুকনো জোন আর ধোয়ার কাজ যেখানে করা হয়, সেটি ভেজা জোন। এ দুটি বিষয় মাথায় রাখলে রসুইঘর পরিষ্কার করা সহজ হয়ে থাকে।প্রতিদিন বাজার থেকে যা কিনে আনা হয়, প্রথমেই রসুইঘরে ঢুকে যেগুলো ফ্রিজে রাখার প্রয়োজন, সেগুলো ফ্রিজে রাখতে হবে আর যেগুলো কাটাবাছা করা হবে, সেগুলো আলাদা করে রাখতে হবে।চপিং করার জায়গায় খানিকটা স্থান রাখতে হবে কাটা সবজি রাখার জন্য। কাটাবাছা শেষ হয়ে গেলে প্রতিদিন চপিং বোর্ড পরিষ্কার করে রাখতে হবে।বার্নার ও সিংকের কাছে বাটি, চামচ এগুলো রাখার জন্য ওয়াল হ্যাঙ্গিং ব্যবহার করা যেতে পারে, যেন হাতের নাগালে সব সহজে পাওয়া যায় এবং কাজ শেষ হয়ে গেলে যেন ধুয়েমুছে পরিষ্কার করে জায়গামতো গুছিয়ে রাখা যায়। অনেক সময় আমরা রসুইঘরে টোস্টার, ওভেন, ব্লেন্ডার মেশিন এসব সরঞ্জাম রাখি। এগুলো সুতি কাপড় বা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে। তা না হলে চুলায় রান্না করার কারণে এসব সরঞ্জাম তেল চিটচিটে হয়ে যেতে পারে। প্রতিদিন এসব সরঞ্জাম ব্যবহার করলে দেখা যায়, অনেক সময় খাবারের কণা লেগে থাকে। তাই সপ্তাহে অন্তত এক দিন প্রথমে সাবান-পানি দিয়ে ধুয়ে পরে ডেটল-পানি মিশিয়ে ধুয়ে ফেললে তা পরিষ্কার ও স্বাস্থ্যকর থাকবে।এখন রসুইঘরে চুলা যেখানে বসানো হয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে কাজ করতে হয়। এসব কাউন্টার টপ সাধারণত টাইলস, মোজাইক বা গ্রানাইটের তৈরি হয় বলে ভিন্ন ভিন্ন উপায়ে পরিষ্কার করতে হবে।নিট ফিনিশের তৈরি কাউন্টার টপ হলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরে কাপড় দিয়ে মুছে নিতে হবে। টাইলসের টপ হলে অবশ্যই প্রতিদিন রান্না শেষে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। মাসে একবার গরম পানি আর সাবান-পানি মিশিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। টাইলসের জোড়াগুলোতে অনেক সময় ময়লা জমে থাকে। সে জন্য সোডাজাতীয় জিনিস কিছুক্ষণ জোড়ার জায়গাটায় রেখে সাবান-পানি দিয়ে সপ্তাহে অন্তত একবার ধুয়ে ফেলতে হবে।অনেক সময় দেখা যায় ভাতের মাড় পড়ে গিয়ে গ্যাসের চুলার পাইপের ভেতর জমে যায়। তাতে অ্যালুমিনিয়ামের তৈরি পাতিলের তলায় কালো দাগ পুরু হয়ে পড়ে। সে জন্য বছরে একবার লোক ডেকে এনে চুলার ভেতরের পাইপসহ পরিষ্কার করতে হবে। রসুইঘরে কিচেনহুড বা এক্সহস্ট ফ্যান থাকলে তা তেল চিটচিটে হয়ে গেলে মাসে অন্তত একবার পানি ও সাবান গুঁড়া দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে।রসুইঘরের কেবিনেটের ড্রয়ারগুলো অনেক সময় স্যাঁতসেঁতে হয়ে গেলে তাতে পোকামাকড়, তেলাপোকা বাসা করে। এ জন্য মাসে এক দিন রসুইঘরের নিচের কেবিনেটগুলো পরিষ্কার করতে হবে। কেবিনেটগুলোতে কীটনাশক বা চক দিয়ে দাগ দেওয়ার আগে ভেতরের জিনিসপত্র বের করে ফেলতে হবে। স্প্রে করে এক ঘণ্টা কেবিনেটের দরজা বন্ধ করে রাখতে হবে। কিছুক্ষণ পর খুলে দিলে কীটনাশকের গন্ধ আর থাকবে না। তখন আবার জিনিসপত্র জায়গামতো রাখতে হবে। আর চকের দাগ দিয়ে তা তোলা যাবে না। চকের দাগের মধ্যেই জিনিসপত্র রাখতে হবে। রসুইঘরের সিংকের জায়গাটা জানালার কাছে হলে ভালো হয়। তাতে আলো পাওয়া যেতে পারে।তবে বার্নার কখনো জানালার কাছে রাখা যাবে না। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় না। যার কারণে চুলার আগুন বাতাসে এদিক-ওদিক ছড়িয়ে যায়।