রসেবসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর অঞ্চলে এমন দৃশ্য চোখে পড়বে। ছবি: লেখক
যশোর অঞ্চলে এমন দৃশ্য চোখে পড়বে। ছবি: লেখক

কিছুদিন আগের কথা। তখন মাঘ মাসের আকাশ ঝকঝকে একেবারে। এমন দিনে বাতাসে শিরশিরে ঠান্ডার আমেজ প্রকট নয়। যদিও নুরুজ্জামান বলেছিলেন এখানে ঠান্ডা অনেক বেশি; কিন্তু তাঁর কথার ছিটেফোঁটা প্রমাণও পাওয়া গেল না কালীগঞ্জে পৌঁছে। এটা ঝিনাইদহের কালীগঞ্জ। একা নই, সঙ্গে আরও ১১ জন। মাঘ মাসের শীতে খেজুরের রস খেতে ১২ জনের দলের ঝিনাইদহে আগমন।

যাত্রা শুরু ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনের নাম চিত্রা। সন্ধ্যা সাতটায় স্টেশন ছাড়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে রাত আটটায় চিত্রা চলতে শুরু করে। চিত্রা আমাদের নিয়ে ঈশ্বরদিতে পৌঁছাল রাত ১২টায়। স্টেশন লাগো​য়া তৃপ্তি রেস্টুরেন্টে বলা ছিল, ১২ জনের রাতের খাবার তারাই ট্রেনে সরবরাহ করল। তৃপ্তির খাবার পূর্ণ তৃপ্তি নিয়ে খেয়ে আমরা কথার ভুবনে হারালাম।

ভোর চারটায় ট্রেন থামল কোট চাঁদপুর স্টেশনে, এটা একটা উপজেলা। এবার আমরা নামব। এখান থেকে আমাদের গন্তব্য আগমুণ্ডিয়ার রায়পুরা গ্রামের হাঙ্গার প্রজেক্টের বাংলো। এটাই আমাদের খেজুরের রাজ্যের আস্তানা। ১২ জন আমরা সকাল সকাল ওঠার পরিকল্পনা করে চটজলদি লেপের তলে আশ্রয় নিলাম। ঘুম ভাঙাটা জরুরি ছিল বিধায় সেদিন ছয়টার মধ্যে বিছনা ছাড়ি। আগমুণ্ডিয়ার মেঠোপথে পা রাখতেই শরীরে কেমন শিহরণ খেলে গেল। চারদিকে পাখিদের কলতান। আহা! কত দিন এমন মেঠোপথে হাঁটা হয় না, ভাসা হয় না এমন সুরের ঝরনায়। আসলে সেই মেঠোপথ আর খেজুরগাছের যে সারি চোখে পড়ল, তাকে ভাষায় বর্ণনা করার চেষ্টা নেহাতই বৃথা। প্রকৃতির তৈরি বিশাল খেজুর সাম্রাজ্য, যা চোখে দেখেও বিশ্বাস করা কঠিন। চোখ ভরে গেল খেজুরগাছের সারি আর রসের হাঁড়ি দেখে। গাছিদের রসের ভাঁড় কাঁধে নিয়ে ছুটে চলার দৃশ্য ছিল মনোমুগ্ধকর। দোয়েল, বুলবুলি, শালিকসহ নানা রকম পাখি রসের চুঙ্গিতে বসে রস খাচ্ছে আর উড়াল দিচ্ছে, মৌমাছিরাও রস খাওয়ার আশায় ভোঁ-ভোঁ করে উড়ে বেড়াচ্ছে। পাখি ও মৌমাছিদের এমন রস পান করার দৃশ্য দেখার আনন্দ ছিল অনাবিল। মুগ্ধতা কাটিয়ে ক্যামেরা বের করি।

গাছে বাঁধা খেজুরের রস সংগ্রহের হঁাড়ি
গাছে বাঁধা খেজুরের রস সংগ্রহের হঁাড়ি

এ যেন সীমার মধ্যে অসীম ধরার প্রয়াস। এর মধ্যেই পেছন থেকে সুরভীর ডাক, তার পেছনে অম্লান সৌরভ। তারপর তো একে একে দলের সবাই চলে এলেন। বাবু ভাই, পথিক, টিটু ভাই, নিপা, রুম্পা, কাজী রত্নাসহ কেউই বাদ পড়লেন না। আমি ক্যামেরা ক্লিক করে করে সামনে এগোই। আর ছোট বা মাঝারি সাইজের খেজুরগাছের রসের হাঁড়ি নামিয়ে রস গলায় ঢেলে খাই। সুরভীর সে কী উচ্ছ্বাস। জীবনের প্রথম রস খাওয়া বলে কথা। আর আমিও বহু দিন পর খেজুরের রস গলায় ঢাললাম। এভাবে রস খাওয়া ছিল আমাদের সবার জন্য দারুণ অর্জন ও নতুন অভিজ্ঞতা। এমন দৃশ্যে গ্রামের মানুষজন খুব মজা পাচ্ছিলেন। তাঁদের একটাই কথা, ‘ভাই খান, আপনেরা আমাদের মেহমান।’ এর মধ্যে কুয়াশা কেটে রোদ ঝলমলে হাসি ছড়িয়ে দিতেই আমরা চলে আসি রস জ্বাল দেওয়া দেখতে। সে এক মহাযজ্ঞ বলা চলে। রস আসছে, বিশাল কড়াইতে ঢালা হচ্ছে, চুলা জ্বলছে, যা চোখে না দেখলে বোঝানোর নয়! বেশ সময় নিয়ে জ্বাল দিয়ে গুড় তৈরি হয়। এখানকার গুড়ের সুনাম সারা দেশে। আমরা নলেন আর পাটালি গুড়ের অর্ডার দিয়ে ফিরে চলি আমাদের আস্তানায়।

সেদিন সন্ধ্যায় আমরা সন্ধ্যারস খেতে চলে যাই ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার মহেশ্বরচাঁদা গ্রামে। এখানকার কৃষক হেলাল উদ্দিন নিরলস পরিশ্রমে নিরাপদ খাদ্য উৎপাদনের কাজ করে যাচ্ছেন। ৭০ বছরের হেলাল উদ্দিন আমাদের সন্ধ্যারস পেড়ে খাওয়ালেন। গাছ কাটলেন, রস সংগ্রহের হাঁড়ি গাছে লাগালেন। তারপর তাঁর বাসায় নিয়ে পাটালি গুড় দিয়ে মুড়ি মেখে দিলেন। সেই রাতে আবার আগমুণ্ডিয়ায় থাকা হলো। ভোরে আগমুণ্ডিয়ার পথে পথে গাছিদের গাছ কাটা, রসের হাঁড়ি নামানো, রসের ভাঁড় বয়ে চলার দৃশ্য অবলকন আর হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তা শাহীন ভাইয়ের আতিথেয়তায় আনুষ্ঠানিক রস পান।

খেজুরের রস থেকে গুড় বানানো হচ্ছে
খেজুরের রস থেকে গুড় বানানো হচ্ছে

খেজুররাজ্যের পথের সন্ধান

খেজুরগাছে রস হয়, সেই রস থেকে গুড় হয়। আসল-নকল যা-ই হোক, শহরে বসে খেজুরের গুড় আপনি পাবেন, কিন্তু আমাদের চিরায়ত খেজুরের রস চোখেই দেখা যায় না বলা চলে। পুরো যশোর অঞ্চল, বিশেষ করে ঝিনাইদহ, খাজুরা, খুলনা, ঢাকার কাছের শরীয়তপুরসহ মুকসুদপুর এলাকায় খেজুরের রসের ধুম পড়েছিল এবার। ঢাকা থেকে ট্রেনে চেপে আমরা চলে যাই কোট চাঁদপুর। তারপর ঝিনাইদহের খেজুররাজ্য চষে ফেরা। পুরো যশোর এলাকাতেই এখন রস কাটার ধুম। ট্রেনে বা বাসে আপনি পছন্দমমতো এলাকায় চলে যেতে পারেন। চাইলে চলে আসতে পারেন ঝিনাইদহের কালীগঞ্জে। এখানকার রায়পুরা, আগমুণ্ডিয়া ও মহেশ্বরচাঁদা গ্রামের সারি সারি খেজুরগাছ সঙ্গে রস ও গুড়ের কর্মকাণ্ড দেখে মুগ্ধ হবেন শতভাগ। একটি কথা মনে রাখবেন, এসব অঞ্চলে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর রেস্ট হাউস ছাড়া আবাসিক হোটেল পাবেন না। হয় আপনাকে শহরের কোনো হোটেলে থাকতে হবে, নয়তো রেস্ট হাউস বা পরিচিত গ্রামবাসীর মাধ্যমে থাকা ও খাবারের ব্যবস্থা করতে হবে।