‘রসের হতা হই হই হদিন ভাঁড়াইবা’ চট্টগ্রামের বেশির ভাগ শ্রোতাই এই গানটা শুনেছেন। উৎসব, পাড়া-মহল্লার অনুষ্ঠানে এই গানটি শোনার জন্য অনুরোধ করেন দর্শকেরা। এমন জমজমাট গানের রচয়িতা মানস পাল চৌধুরী মঞ্চ মাতাতেও ওস্তাদ। গানপাগল এই মানুষটি লোকসংগীত নিয়েই কাটিয়ে দিতে চান সারা জীবন।মঞ্চে গান করছেন ছোটবেলা থেকে। গান গেয়ে আসর জমাতে জুড়ি নেই তাঁর। দেশে-বিদেশে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে গান করেছেন একাধিকবার। তাঁর লেখা গান কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবও গেয়েছেন।গত মঙ্গলবার আড্ডার ফাঁকে ফাঁকে গানও গেয়ে শোনাচ্ছিলেন মানস পাল। আড্ডায় উঠে আসে তাঁর সংগীতের সঙ্গে জড়িত হওয়ার গল্প, সংগীত-দর্শন এসব।মানস পালের জন্ম চট্টগ্রামের একটি সাংস্কৃতিক পরিবারে। গান করতেন তাঁর বাবাও। কেন লোকসংগীত বেছে নিলেন? এমন প্রশ্নের উত্তরে মানস পাল বলেন, ‘এই সংগীত মা-মাটির কথা বলে। ভালোবাসা ও ভালোলাগার জন্যই গান গাই।’বাঙালির বিভিন্ন উৎসব যেমন পয়লা বৈশাখ, পৌষ, ফাল্গুন ইত্যাদি যেন মানস পাল ছাড়া জমেই না। কখনো কখনো গণসংগীত করতেও দেখা যায় তাঁকে। কিন্তু মঞ্চে গাওয়ার শুরুটা কবে থেকে?উত্তরে তিনি বলেন, ‘আসলে মঞ্চে গাই ষষ্ঠ শ্রেণীতে যখন পড়ি, তখন থেকেই। তবে এসএসসি থেকে পেশাদার শিল্পী হিসেবে গাইছি। সেই হিসেবে প্রায় ৪০ বছর যাবৎ গাইছি। বাড়ি থেকে পালিয়ে গেছি যাত্রার দলের সঙ্গে। সেখানে যাত্রা শুরু হওয়ার আগে গান করেছি। বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলার লোকসংগীত আমি করেছি।’দেশে-বিদেশে গান গাইতে গাইতে অভিজ্ঞতার ঝুলিও বেড়েছে। তেমনই একটা ঘটনা এখনো মনে আছে। ১৯৮২ সালে গিয়েছিলেন কলকাতায় বেড়াতে। তো সেখানে একটা বড় অনুষ্ঠানে তাঁকেও গাইতে অনুরোধ করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, ঊষা উত্থুপসহ আরও অনেকে। তিনি সবাইকে শুভেচ্ছা জানালেও তাঁকে কেউ তেমন লক্ষ করছিলেন না। কিন্তু গান গাইতে ওঠার পর সব পাল্টে গেল। একে একে মোট আটটি গান পরিবেশন করেন তিনি। জমে ওঠে আসর। একপর্যায়ে সবাই উঠে নাচতে শুরু করে। মানস পাল বলেন, ‘যখন আমি স্টেজ থেকে নামি, তখন ঊষা উত্থুপ ভাঙা ভাঙা বাংলায় বলেন, আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? বাহ্ বেশ জমিয়ে দিলেন।’ মানস পাল চৌধুরী আর্যসংগীতের ছাত্র ছিলেন এ ছাড়া বিভিন্ন সময়ে তাঁর গুরু ছিলেন ওস্তাদ অমিতাভ বড়ুয়া, মিহির লালা ও শাক্য মিত্র বড়ুয়া। তাঁর লেখা ও সুর করা গানের সংখ্যা শ খানেক। তাঁর লেখা ও সুরে গান করেছেন দীপক আচার্য, যদু গোপাল, শঙ্কর দে, শুভ্রা চৌধুরী, শিউলি মজুমদার, সুব্রত দাশ, অনুজ কল্যাণী ঘোষসহ আরও অনেকে। ১৯৭৮ সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সৌজন্যে নির্মিত বাংলার কবিয়াল চলচ্চিত্রে রমেশ শীলের গানে কণ্ঠ দেন। এ ছাড়া তিনি বাংলাদেশ বেতার ও টিভির ‘ক’ শ্রেণীর লোকসংগীত শিল্পী এবং চট্টগ্রাম বেতার ও টিভির ‘ক’ শ্রেণীর সুরকার ও সংগীত পরিচালক।অজস্র গান লিখেছেন তিনি। কিন্তু এর পরও তৃষ্ণা মেটেনি তাঁর। এই গানই জোগায় তাঁর বেঁচে থাকার রসদ। তাই যত দিন বাঁচবেন, বাঁচার তাগিদেই লিখতে চান গান। নিরন্তর খুঁজে যেতে চান এ মাটির রসে ভেজা কথা আর সুর।